এই ৪ বিষয় ভুলে যাওয়া হতে পারে ডিমেনশিয়া বা আলঝেইমারের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রতিরোধমূলক চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞ স্যান্ড্রা ডার্লিংয়ের মতে, চার ধরনের পরিবর্তন বিশেষভাবে খেয়াল করা দরকার। এসব হতে পারে ডিমেনশিয়া বা আলঝেইমারের সতর্কবার্তা।
চাবি কোথায় রেখেছেন, মনে পড়ছে না। পরিচিত কারও নাম হঠাৎ মাথা থেকে উধাও। কিংবা ঘরে ঢুকে কেন এসেছিলেন, সেটিই মনে করতে পারছেন না—এমন ঘটনা জীবনে কমবেশি সবারই ঘটে এবং এসব অস্বাভাবিকও নয়। বয়স বাড়ার সঙ্গে স্মৃতিশক্তি কিছুটা দুর্বল হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা যখন ঘন ঘন হতে থাকে এবং দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে, তখন সেটিকে শুধু ‘বয়সের স্বাভাবিক ব্যাপার’ বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রতিরোধমূলক চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞ স্যান্ড্রা ডার্লিংয়ের মতে, চার ধরনের পরিবর্তন বিশেষভাবে খেয়াল করা দরকার। এসব হতে পারে ডিমেনশিয়া বা আলঝেইমারের সতর্কবার্তা।
১. বারবার অ্যাপয়েন্টমেন্ট ভুলে যাওয়া
মাঝেমধ্যে কোনো তারিখ বা কাজ মনে না থাকা স্বাভাবিক। কিন্তু নিয়মিত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, গুরুত্বপূর্ণ সাক্ষাৎ কিংবা নির্ধারিত কাজ ভুলে যেতে থাকলে তা নজরে রাখা জরুরি। বিশেষ করে এমন ঘটনা যদি আগের তুলনায় ক্রমশ বাড়তে থাকে।
২. পরিচিত মানুষের নাম মনে না পড়া
কখনো কারও নাম মনে করতে একটু সময় লাগতেই পারে। কিন্তু পরিচিত মানুষদের নাম বারবার ভুলে যাওয়া বা তাঁদের পরিচয় মনে করতে না পারা যদি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়, সেটি স্মৃতির পরিবর্তনের একটি সতর্কসংকেত হতে পারে।
৩. পরিচিত জায়গায়ও পথ হারানো
নিজের পরিচিত রাস্তা, পাড়া কিংবা নিয়মিত যাতায়াতের জায়গায় হঠাৎ কোথায় যেতে হবে বুঝতে না পারা সাধারণ ভুলে যাওয়ার চেয়ে বেশি উদ্বেগের বিষয়। বিশেষজ্ঞদের মতে, পরিচিত পরিবেশে পথ হারানো জ্ঞানীয় সক্ষমতার পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে।
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের ব্যাপারটা এ ক্ষেত্রে ব্যতিক্রম ধরতেই হবে। তিনি প্রায়ই নিজের বাসার ঠিকানা ভুলে যেতেন। আর বলতেন, আমার ড্রাইভারের তো মনে আছে। আমার মনে রাখার কী দরকার! যত্তসব অপ্রয়োজনীয় তথ্য।
৪. একই কথা বারবার বলা
পরিবারের সদস্য বা কাছের মানুষ যদি লক্ষ করেন, আপনি একই প্রশ্ন করছেন, একই ঘটনা বারবার বলছেন কিংবা সদ্য হওয়া কথোপকথন মনে রাখতে পারছেন না, সেটিও গুরুত্ব দিয়ে দেখা উচিত। অথবা রাতে যদি মনে করতে না পারেন, সকালে কী খেয়েছেন বা আগের দিন কী কী ঘটেছে, সেটিও একটি সতর্কবার্তা। বিশেষ করে বিষয়টি যদি ক্রমেই বাড়তে থাকে।
শেষ কথা
তবে এমন লক্ষণ দেখলেই যে আলঝেইমার বা ডিমেনশিয়া হয়েছে, তা নয়। ঘুমের সমস্যা, বিষণ্নতা, থাইরয়েডের সমস্যা, ভিটামিনের ঘাটতি কিংবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও স্মৃতির সমস্যা দেখা দিতে পারে। তাই বারবার এমন সমস্যা হলে নিজে নিজে ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দ্রুত কারণটি শনাক্ত করা গেলে কিছু ক্ষেত্রে সমস্যার সমাধান করা বা উন্নতি ঘটানো সম্ভব।
সূত্র: দ্য হেলদি