পাজামা পার্টি ফিরিয়ে আনতে পারে আপনার কৈশোরের আনন্দ
‘পাজামা পার্টি’ আয়োজনে অতিথিরা সাধারণত পায়জামার মতো আরামদায়ক পোশাক পরে একসঙ্গে সময় কাটান। বিশেষ করে রাতে বন্ধুদের বাড়িতে থাকা, গল্প, সিনেমা, খাওয়াদাওয়া ও নানা বিনোদনের সঙ্গে এই পোশাকের বিষয়টি যুক্ত হওয়ায় নাম হয়ে গেছে পাজামা পার্টি। পাজামা পার্টির জন্য ঘরের পরিচিত পরিবেশটুকুই হয়ে উঠতে পারে আনন্দের জায়গা।
কৈশোরের সেই রাতজাগা পার্টির কথা মনে আছে? বন্ধুদের সঙ্গে গল্প, সিনেমা, গান আর হাসি-ঠাট্টায় কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে যেত, টেরও পাওয়া যেত না। বড় হওয়ার পর ব্যস্ত জীবন থেকে হারিয়ে গেছে সেই সহজ আনন্দ। তবে চাইলেই কিন্তু আবারও ফিরিয়ে আনতে পারেন সেই আমেজ কিন্তু এবার একটু বড়দের মতো করে, আরামদায়ক পোশাক আর পছন্দের মানুষদের নিয়ে। আর এ ধরনের পার্টি পাজামা পার্টি নামে পরিচিত।
পোশাকে থাকুক স্বস্তি
পাজামা পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই আরামদায়ক পোশাক। ঢিলেঢালা পাজামা, নরম টি-শার্ট, রাতের পোশাক কিংবা পছন্দের ঘরোয়া পোশাক—নিজের স্বস্তিই এখানে মূল কথা। বন্ধুরা চাইলে একই রং বা কাছাকাছি নকশার পোশাক বেছে নিয়ে তৈরি করতে পারেন নিজেদের ছোট্ট ‘ড্রেস কোড’।
নিজের হাতে সাজসজ্জা
পার্টির আগে অতিথিদের জন্য ছোট্ট একটি সৃজনশীল আয়োজন রাখা যেতে পারে। নিজেদের পছন্দমতো সাজসজ্জার জিনিস দিয়ে সাজানো যেতে পারে পার্টির পরিবেশ। এতে যেমন নিজস্বতা থাকে, আবার আয়োজন শেষে স্মৃতি হিসেবেও রাখা যায় এসব জিনিস। স্লিপ মাস্কেও (অনেক ফেস মাস্কের মতো) থাকুক নিজের পছন্দের ছোঁয়া।
রং, আঁকিবুঁকি কিংবা ছোট্ট কোনো মজার বার্তা দিয়ে সাদামাটা মাস্কটিকে একেবারেই আলাদা করে তোলা যেতে পারে। পোশাকেও থাকুক একটু মজা—কে সবচেয়ে মজার পাজামা পরেছেন, কার পোশাকে সবচেয়ে সুন্দর মিল, কিংবা কার সাজ সবচেয়ে নজরকাড়া—এমন নানা বিভাগে হতে পারে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা। এতে পুরো আয়োজনেই যোগ হবে বাড়তি আনন্দ।
খাবারেও থাক মজা
পাজামা পার্টির খাবারেও একটু মজার আয়োজন দরকার। বড় কোনো খাবারের তালিকার বদলে ছোট ছোট মুখরোচক খাবারই বেশি মানানসই। পপকর্নের সঙ্গে ক্যারামেল, চকলেট কিংবা নোনতা নানা স্বাদ যোগ হতে পারে। পাশে থাকুক চিপস, কুকিজ, ফল কিংবা পছন্দের মিষ্টি।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে যোগ হতে পারে ‘মিডনাইট স্ন্যাকস’। স্যান্ডউইচ, নুডলস, পিৎজা বা হালকা কোনো খাবার তখন হতে পারে আড্ডার সঙ্গী। পানীয়ের তালিকায় থাকতে পারে ফলের শরবত, মকটেল, হট চকলেট কিংবা দুধ-চায়ের মতো পছন্দের পানীয়।
গান, সিনেমা আর পুরোনো গল্প
বন্ধুদের আড্ডায় গান থাকবেই। পুরোনো দিনের পছন্দের গান শুনতে শুনতে চলতে পারে স্মৃতিচারণ। সঙ্গে থাকুক নিজেদের গান গাওয়ার আসর। কিংবা নিজের পছন্দের গানের সঙ্গে একটু নাচ।
রাতে আরও চলতে পারে সিনেমা দেখার আয়োজন। সবাই মিলে আগে থেকেই ঠিক করে নেওয়া যেতে পারে সিনেমার নাম। তবে সিনেমার চেয়েও কখনো কখনো বেশি জমে ওঠে সিনেমা দেখতে দেখতে নিজেদের গল্প—পুরোনো দিনের মজার ঘটনা, স্কুল-কলেজের স্মৃতি কিংবা বন্ধুত্বের নানা গল্প।
ঘরেই তৈরি হোক আরামের আবহ
পাজামা পার্টিতে আরামের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পায়। মেঝেতেই বিছিয়ে দেওয়া যেতে পারে নরম চাদর। চারপাশে ছড়িয়ে থাকবে বালিশ, কুশন ও কম্বল। আলোও থাকবে একটু নরম। এতে ঘরের সাধারণ একটি জায়গাই হয়ে উঠবে রাতভর আড্ডার আরামদায়ক ঠিকানা।
আড্ডার ফাঁকে নিজেদের যত্ন
রাতের আয়োজনের মধ্যেই নিজেদের জন্য একটু যত্নের সময় রাখা যেতে পারে। মুখে মাস্ক, নখে পছন্দের রং, ত্বকের যত্ন কিংবা চুলের পরিচর্যা—বন্ধুদের সঙ্গে মিলে এসবও হয়ে ওঠে আনন্দের অংশ। সঙ্গে হালকা গান আর গল্প থাকলে ছোট্ট আয়োজনটিও হয়ে ওঠে মনে রাখার মতো।
ছবিতে ধরে রাখুন
এত আয়োজনের স্মৃতি ধরে রাখতে ছবি তো চাই-ই। ঘরের এক কোণ হয়ে উঠতে পারে ছোট্ট ফটো কর্নার। কম্বল, বালিশ, মজার চশমা, পুরোনো টুপি কিংবা নানা ধরনের মজার উপকরণ দিয়ে সাজানো সেই জায়গায় একের পর এক ছবি উঠতে পারে। দূরে থাকা বন্ধুরাও বাদ যাবেন কেন? ভিডিও কলে তাঁদের যুক্ত করে নেওয়া যেতে পারে আড্ডায়। কেউ হয়তো অন্য শহর থেকে গল্প করছেন, কেউ আবার পর্দার ওপাশ থেকেই অংশ নিচ্ছেন রাতের খেলায়।
গল্প-খেলার রাত
বোর্ড গেম, কার্ড গেম কিংবা ছোটখাটো মজার খেলায় রাত আরও প্রাণবন্ত হয়ে উঠতে পারে। চাইলে সবাই মিলে একে অন্যের জন্য মজার প্রশ্নও তৈরি করতে পারেন। আর রাতের শেষে থাকতে পারে ছোট্ট ‘বেডটাইম স্টোরি’—প্রত্যেকে নিজের জীবনের কোনো মজার বা অদ্ভুত ঘটনা বলবেন, বাকিরা শুনবেন। যাঁরা একটু রোমাঞ্চ পছন্দ করেন, তাঁদের আড্ডায় যোগ হতে পারে ভৌতিক গল্প। আলো কমিয়ে একে অন্যের শোনা ভয়ংকর গল্প রাতটাকে আরও জমিয়ে তুলবে।
পাজামা পার্টিতে দামি সাজসজ্জা বা ব্যাপক খানাপিনারও প্রয়োজন নেই। কাছের মানুষজন, আরামদায়ক পোশাক, পছন্দের খাবার আর দীর্ঘ সময়ের আড্ডাই যথেষ্ট। ব্যস্ত জীবনের ফাঁকে এমন একটি রাত হয়তো আবারও মনে করিয়ে দেবে—একসঙ্গে থাকার আনন্দের জন্য খুব বেশি কিছু লাগে না।
সূত্র: ভোগ, হ্যালো মেলো, মেরিয়াম-ওয়েবস্টার