ইউটিউবার মাহিম আহমেদের ইফতারের তিনটি রেসিপি

ইউটিউবার মাহিম আহমেদ বাংলাদেশে বেশ জনপ্রিয়। খাবার নিয়ে ভিডিও বানান। পবিত্র রমজান উপলক্ষে ‘নকশা’র পাঠকদের জন্য বানালেন কয়েক ধরনের ইফতারি।

ইউটিউবার মাহিম আহমেদ নিত্য নতুন রেসিপি বানিয়ে তুলে ধরেন ভক্তদের সামনেছবি: কবির হোসেন

মায়ের জন্মদিনের জন্য বানানো একটি কেকের ভিডিও জনপ্রিয় হওয়ার পর ফেসবুক ‘মাহিম মেকস’ নামে একটি পেজ খোলেন মাহিম আহমেদ। সেখানে আপলোড করতে থাকেন নানা ধরনের রেসিপি।

পরে ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবেও খুলেছেন আলাদা অ্যাকাউন্ট। ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করা মাহিম আগে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন, তবে এখন শুধু ভিডিও বানান।

মাহিমের ইউটিউব চ্যানেলে ২৪০টির বেশি ভিডিও রয়েছে। ইফতারে পছন্দ করেন ডিম চপ, আলুর চপ, তরমুজ আর হালিম।

গরুর হালিম

উপকরণ

  • এলাচিগুঁড়া: ১ চা-চামচ

  • ধনেগুঁড়া: ১ চা-চামচ

  • জিরাগুঁড়া: আধা চা-চামচ

  • সাদা গোলমরিচগুঁড়া: আধা চা-চামচ

  • লবঙ্গ: ৪টি

  • শুকনা মরিচ: ২টি

  • শর্ষেদানা: ১ চা-চামচ

  • জয়ত্রী; ২ টুকরা

  • জায়ফল: ১ চিমটি (১/৮ অংশ)

  • মেথি: ১ চা-চামচ

  • দারুচিনি: ২ টুকরা

  • লবণ: স্বাদমতো

  • গম: সিকি কাপ

  • ছোলার ডাল: সিকি কাপ

  • কালিজিরা চাল: সিকি কাপ

  • মাষকলাই ডাল: সিকি কাপ

  • মসুর ডাল: সিকি কাপ

  • মুগ ডাল: সিকি কাপ

  • তেল: পরিমাণমতো

  • পেঁয়াজ: ১ কাপ

  • আদাবাটা: ১ টেবিল চামচ

  • রসুনবাটা: ১ টেবিল চামচ

  • শুকনা মরিচগুঁড়া: ১ চা-চামচ

  • হলুদগুঁড়া: ১ চা-চামচ

  • গরুর মাংস: আধা কেজি

  • পানি: প্রয়োজনমতো

  • কাঁচা মরিচ: ২টি

  • আদাকুচি: পরিমাণমতো

  • ধনেপাতা: পরিমাণমতো।

গরুর হালিম
ছবি: কবির হোসেন

প্রণালি

এলাচি, ধনে, জিরা, সাদা গোলমরিচ, লবঙ্গ, শুকনা মরিচ, শর্ষেদানা, জয়ত্রী, জায়ফল, মেথি ও দারুচিনি একসঙ্গে ব্লেন্ড করে মসলা তৈরি করে নিন।

এতে স্বাদমতো লবণ দিন। গম, ছোলার ডাল, কালিজিরা চাল, মাষকলাই ডাল, মসুর ডাল ও মুগ ডাল হালকা ভেজে ব্লেন্ড করুন।

এরপর ভেজে নেওয়া ডাল ও চাল এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদাবাটা, রসুনবাটা, শুকনা মরিচগুঁড়া, হলুদগুঁড়া ও মাংস ভালোভাবে কষিয়ে নিন।

এরপর ব্লেন্ড করে রাখা শুকনা মসলার মিশ্রণ থেকে অর্ধেকটা মসলা মাংসে দিন। তিন কাপ পানি দিয়ে মাংস সেদ্ধ করুন। তারপর ভেজানো শস্য-ডালের মিশ্রণ দিন, প্রয়োজনমতো পানি ও দুটি কাঁচা মরিচ যোগ করে রান্না করুন।

মাংস প্রায় ৯০ শতাংশ সেদ্ধ হলে বাকি শুকনা মসলার মিশ্রণ দিন এবং পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। আদাকুচি ও ধনেপাতা ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।

আরও পড়ুন

বেগুনি

উপকরণ

  • বেগুন: ১টি

  • পানি: দুই কাপ

  • লবণ: দেড় চা–চামচ

  • বেসন: দেড় কাপ

  • চালের গুঁড়া: সিকি কাপ

  • শুকনা মরিচের গুঁড়া: ১ টেবিল চামচ

  • হলুদের গুঁড়া: ১ টেবিল চামচ

  • জিরার গুঁড়া: আধা চা-চামচ

  • তেল: পরিমাণমতো

  • বেকিং পাউডার: ১ চা-চামচ।

বেগুনি ভাজা হাতে নিয়ে মাহিম
ছবি: কবির হোসেন

প্রণালি

প্রথমে বেগুন কেটে পানিতে ভিজিয়ে নিন। তাতে ১ চা-চামচ লবণ দিয়ে নিন। এরপর একটি বাটিতে বেসন, চালের গুঁড়া, শুকনা মরিচগুঁড়া, হলুদের গুঁড়া ও জিরার গুঁড়া মিশিয়ে নিন।

তারপর মিশ্রণটিতে যোগ করুন পরিমাণমতো পানি। মিশ্রণটিতে ১০ মিনিট পর ১ টেবিল চামচ গরম তেল, বেকিং পাউডার ও আধা চা-চামচ লবণ মিশিয়ে নিন।

এরপর চুলায় একটি প্যান নিয়ে তাতে তেল গরম করুন।

তেল গরম হয়ে গেলে মিশ্রণে বেগুন চুবিয়ে ডুবোতেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে গরম-গরম পরিবেশন করুন।

আরও পড়ুন

খেজুরের শেক

উপকরণ

  • ‎দুধ: ২ কাপ

  • ‎কলা: ২টি

  • খেজুর: ১০টি

  • ‎কাঠবাদাম: ১০টি

  • ‎কাজুবাদাম: ১০টি

  • ‎কিশমিশ: ২ টেবিল চামচ

  • ‎গুঁড়া দুধ: ২/৩ কাপ।

খেজুরের শেক
ছবি: কবির হোসেন

প্রণালি

দুধ, কলা, খেজুর, কাঠবাদাম, কাজুবাদাম, কিশমিশ ও গুঁড়া দুধ ব্লেন্ড করে নিন। দুই মিনিট ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে খেজুরের শেক।

আরও পড়ুন