বিচ্ছেদের এক যুগ পর আবার বিয়ে করলেন জেনিফার উইঙ্গেট, পাত্র কে?
ভারতের ছোট পর্দার বড় তারকা, ৪১ বছর বয়সী জেনিফার উইঙ্গেট সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে যাচ্ছেন অভিনন্দনের জোয়ারে। আবার বিয়ে করেছেন তিনি।
পাত্র যুক্তরাজ্যের নাগরিক, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমায়েল। ১৬ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে শতবর্ষী পুরোনো এক চার্চে সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা।
ছিমছাম সেই বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের হাতে গোনা সদস্য ও দুজনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। ১৮ জুলাই নিজেই ইনস্টাগ্রামে এক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন বিয়ের খবর।
কেন এত জনপ্রিয় জেনিফার?
১৯৮৫ সালে জন্ম নেওয়া জেনিফার মাত্র ১০ বছর বয়স থেকে অভিনয়শিল্পী হিসেবে কাজ শুরু করেন। সময়ের সঙ্গে তিনি ভারতের টেলিভিশন ইতিহাসের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
মূলত ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চলা ‘কাসৌটি জিন্দেগি কি’-এর স্নেহা বাজাজ চরিত্রটি তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। মূলত এর পর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
‘বেহাদ’-এর মায়া চরিত্রটি সেই জনপ্রিয়তাকে দেয় ভিন্নমাত্রা। পরবর্তী সময়ে তিনি ওটিটি প্ল্যাটফর্মেও ‘কোড এম’ ও ‘রাইসিংহানি ভার্সেস রাইসিংহানি’র মতো আলোচিত সিরিজেও অভিনয় করেন।
কাকে বিয়ে করেছেন?
জেনিফারের দ্বিতীয় স্বামীর নাম উইলিয়াম ইসমায়েল। তিনি ব্যবসায়ী। কোনোভাবেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। মিডিয়া থেকে দূরে অত্যন্ত ব্যক্তিগত জীবন যাপন করেন। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলটিও ব্যক্তিগত। আর সেখানে তাঁর মাত্র ৯৩২ জন অনুসারী, যেখানে জেনিফারের অনুসারী ছাড়িয়ে গেছে ১ কোটি ৮২ লাখ।
তাঁদের পরিচয় কীভাবে?
দুজনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই চলছিল, তবে তাঁরা সম্পর্কটি প্রকাশ্যে আনেননি। কয়েক মাস ধরে তাঁদের বিয়ে নিয়ে গুঞ্জন চলেছিল। অবশেষে বিয়ের পর জেনিফার নিজেই ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন।
করণ সিং গ্রোভারের সঙ্গে প্রথম বিয়ে
জেনিফার প্রথম বিয়ে করেছিলেন অভিনেতা করণ সিং গ্রোভারকে। ‘দিল মিল গ্যায়ে’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে প্রেম। কয়েক বছর প্রেমের পর ২০১২ সালে বিয়ে করেন এই জুটি। তবে সংসার টিকেছিল মাত্র ২ বছর।
বিচ্ছেদের ২ বছর পর করণ বলিউড তারকা বিপাশা বসুকে বিয়ে করেন। জেনিফার কখনোই গণমাধ্যমে তাঁর প্রথম বিয়ে-বিচ্ছেদ নিয়ে কিছু বলেননি। সম্পর্ক ভাঙার প্রায় ৭ বছর পর প্রমবারের মতো গণমাধ্যমে বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে চোখে পানি এসেছে, মুখের কথা গিয়েছে থেমে। ফলে আর কিছুই কখনো বলা হয়ে ওঠেনি।
শুরু থেকেই জেনিফার তাঁর সংযত স্বভাব ও শক্তিশালী ব্যক্তিত্বের কারণে দর্শকদের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। বিচ্ছেদের প্রায় ১ যুগ পর জীবনের নতুন অধ্যায়ে পা রাখায় ভক্তরা যারপরনাই উচ্ছ্বসিত।
সূত্র: হিন্দুস্তান টাইমস