শুধু রাশমিকা-বিজয়? এই ৫ তারকাও বিয়ের আগে প্রেম লুকিয়েছিলেন
কিছু তারকার প্রেম-ভালোবাসা ধারাবাহিক নাটকের মতো: ইনস্টাগ্রামে পোস্ট, রেড কার্পেটে হাজিরা এবং রীতিমতো ঘোষণা দিয়ে সবাইকে জানিয়ে বিয়ে। অন্যদিকে কিছু তারকা সম্পর্ক গোপন রাখতে বিয়ের আগপর্যন্ত সংবাদমাধ্যম থেকে নিজেদের বন্ধনটিকে আড়ালে রাখেন। কিন্তু এই গোপনীয়তার কারণ কী? ব্যক্তিজীবনের সুরক্ষা, ক্যারিয়ার, সামাজিক চাপ, নাকি কেবল ‘নজর লাগা’ ঠেকানো?
বিরাট কোহলি ও আনুশকা শর্মা
বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রেমের গুঞ্জন দীর্ঘকাল ধরে চললেও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন এই যুগল। তাই ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাস্কানিতে তাঁদের গোপন বিয়ের খবরটি ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছিল।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এই বিয়ে ছিল অত্যন্ত গোপনীয় ও ব্যক্তিগত একটি আয়োজন, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা মিলিয়ে উপস্থিত ছিলেন মাত্র ৪২ জন। তারপর এই দম্পতির সংসারে এসেছে এক কন্যা ও এক পুত্রসন্তান। গোড়া থেকেই তাঁরা নিজেদের ব্যক্তিজীবন প্রচারের আড়ালে কাটাতেই বেশি পছন্দ করেন।
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল
২০২১ সালে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ের গুঞ্জন তুঙ্গে থাকলেও বিয়ের আগপর্যন্ত সম্পর্ক নিয়ে একদম চুপ ছিলেন এই দম্পতি। এমনকি চারদিকে যখন তাঁদের প্রেমের খবর ছড়িয়ে পড়ে, তখনো তাঁরা বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরের বিষয়ে কথা বলা এড়িয়ে চলতেন।
অবশেষে ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে জাঁকজমকপূর্ণ বিয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা জানান তাঁরা। গত বছরের ৭ নভেম্বর তাঁদের কোলজুড়ে আসে প্রথম সন্তান পুত্র বিহান। সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোয় ভিকি তাঁদের ছেলেকে বড় করে তোলার ক্ষেত্রে ক্যাটরিনাকে ‘সুপারহিরো’ বলে অভিহিত করেছেন।
রানী মুখার্জি ও আদিত্য চোপড়া
বলিউড সব সময় জমকালো বিয়ে পছন্দ করলেও এই অঙ্গনের অন্যতম গোপন বিয়ের মাধ্যমে সেই প্রথা ভেঙে দিয়েছিলেন রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। ২০১৪ সালের ২১ এপ্রিল ইতালির কর্তোনায় একান্ত ব্যক্তিগত একটি অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই প্রভাবশালী জুটি। সেখানে কোনো পাপারাজ্জি ছিল না, ছিল না জমকালো অতিথির দল; ছিল শুধু পরিবারের ঘনিষ্ঠজন ও বন্ধুরা।
আদিত্যর প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের সঙ্গে রানীর কাজের সূত্র ধরে তাঁদের সম্পর্ক নিয়ে বছরের পর বছর গুঞ্জন ছিল। তাস্কানির গ্রামীণ পরিবেশে অনেকটা ‘পালিয়ে বিয়ে’ করা ধরনের সেই আয়োজন মানুষের নজর কেড়েছিল। জানা যায়, মাত্র এক সপ্তাহের নোটিশে রানীর বিয়ের লেহেঙ্গাটি ডিজাইন করেছিলেন সব্যসাচী মুখার্জি। আয়োজনটির নাম দিয়েছিলেন ‘পাগলাটে বিয়ে’। এই বিয়ের কোনো অফিশিয়াল ছবিও কখনো প্রকাশ পায়নি। কয়েক সপ্তাহ পর ওয়াইআরএফ বিয়েটি নিশ্চিত করেছিল। তাঁদের কন্যা আদিরাকে নিয়েও গোপনীয়তা বজায় রাখেন এই দম্পতি।
মিলিন্দ সুমন ও অঙ্কিতা কনওয়ার
২০১৮ সালের এপ্রিলে অত্যন্ত ঘরোয়া আয়োজনে গোপনে বিয়ে করেন মিলিন্দ সুমন ও অঙ্কিতা কনওয়ার। তারকাসুলভ জাঁকজমক থেকে দূরে পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও বন্ধুদের নিয়ে ভারতের আলিবাগে একটি সাধারণ বিয়ের অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন এই দম্পতি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিয়ের ছবিগুলোয় মিলিন্দকে ঐতিহ্যবাহী ধুতি আর অঙ্কিতাকে ধ্রুপদি শাড়ি ও ফুলের গয়নায় উজ্জ্বল দেখাচ্ছিল। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও মিলিন্দ–অঙ্কিতার সম্পর্কটি প্রায়ই পারস্পরিক সাহচর্য ও শ্রদ্ধার উদাহরণ হিসেবে আলোচিত হয়।
ইয়ামি গৌতম ও আদিত্য ধর
২০২১ সালে পৃথিবী যখন কোভিড-১৯ মহামারি ও তার পরবর্তী পরিস্থিতি সামলে উঠছিল, সেই সময় চলচ্চিত্র নির্মাতা আদিত্য ধরের সঙ্গে গোপন বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দেন অভিনেত্রী ইয়ামি গৌতম! আয়োজনটা ছিল ঘরোয়া, ছোট্ট, ঐতিহ্যবাহী। এখন বেদবিদ নামের একটি পুত্রসন্তানের মা-বাবা এই দম্পতি। বিয়ের মতো ছেলেকেও সাধারণ পরিবেশে বড় করে তুলতে তাকে লোকচক্ষুর আড়ালে রাখেন এই দম্পতি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া