বৃক্ষমেলা কত দিন পর্যন্ত চলবে

নতুন চারা রোপণের জন্য প্রয়োজন ভালো মানের গাছের চারা, আর সেই চাহিদা পূরণের অন্যতম সেরা ঠিকানা বৃক্ষমেলা। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বসেছে জাতীয় বৃক্ষমেলা। সবুজপ্রেমীদের জন্য এখানে মিলছে নানা জাতের ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা।

ঢাকার আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে বৃক্ষমেলা
ছবি: সুমন ইউসুফ

আকাশজুড়ে মেঘের আনাগোনা আর ঝুম বৃষ্টি—চারা রোপণের মোক্ষম সময়। আর চারা কেনার জন্য বৃক্ষমেলার চেয়ে আদর্শ জায়গা আর কোনটা আছে। বরাবরের মতোই এবারও ঢাকার আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে বসেছে বৃক্ষমেলা।

১২০টি স্টল নিয়ে জমজমাট এবারের মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণের মাঝ বরাবর থাকে মেলায় ঢোকার প্রধান ফটক। প্রধান ফটকের সঙ্গে মূল সড়কের সরাসরি সংযোগ না থাকায় দর্শনার্থীদের এবার বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশ দিয়ে অথবা মেলার শেষ প্রান্ত দিয়ে প্রবেশ করতে হচ্ছে।

আরও পড়ুন
১২০টি স্টল নিয়ে জমজমাট এবারের মেলা প্রাঙ্গণ
ছবি: সুমন ইউসুফ

মেলায় প্রবেশ করলে ফুলের চেয়ে বরং গাছে ঝুলে থাকা রঙিন ফলেই চোখ আটকে যায় বেশি। আমের মাঝে আছে লাল গোলাপি রঙের চিয়াংমাই, কিং আব চাকাপাত, জাপানের মিয়াজাকি, আমেরিকান রেড পালমারসহ অনেক জাতের রঙিন আম। রঙিন না হলেও ওজন দিয়ে আলাদা করে নজর কেড়েছে সবুজ রঙের ঢাউস আকৃতির ব্রুনাই কিং—ওজনে একেকটা প্রায় পাঁচ কেজি পর্যন্ত।

আমের মতোই গাছে গাছে ঝুলছে জাতীয় ফল কাঁঠাল। আছে আঠাবিহীন বারোমাসি ভিয়েতনামের কাঁঠাল। আরও দেখতে পাবেন রঙিন রামবুটান, লটকন, ডালিম, জাম, অ্যাভাকাডো, মিসরীয় ডুমুর, কামরাঙা, সফেদা, ডেউয়া, বিলাতি গাব, আতা, সরিফা, লেবু, বাতাবিলেবু, আমলকীসহ আরও অনেক ফলদ গাছ।

আরও পড়ুন
মেলায় ফুলের চেয়ে বরং গাছে ঝুলে থাকা রঙিন ফলেই চোখ আটকে যাবে
ছবি: সুমন ইউসুফ

ফুলের মাঝে গোলাপ থেকে শুরু করে জবা, জারবেরা, অলকানন্দা, কাঠগোলাপ, বাগানবিলাসসহ আছে পদ্ম, শাপলার মতো জলজ ফুলও। আছে মাটি ছাড়াই বাতাসে ঝুলে ঝুলে ফুল ফোটানো হরেক রঙের অর্কিড। কাঁটায় ঘেরা সবুজ ক্যাকটাস যেমন আছে, তেমনি আছে রঙিন মুকুট মাথার ক্যাকটাসও।

শুধু গাছই নয়, আছে গাছ রোপণের জন্য প্রয়োজনীয় সারমাটি, কোকো পিট, পার্লাইট এবং ভার্মিকম্পোস্ট বা কেঁচো সারের মতো জৈব সার। বর্ষায় টবে যেন পানি না জমে, সে জন্য আছে বিশেষ নিষ্কাশনযুক্ত বাহারি নকশার সিরামিক, প্লাস্টিক ও মাটির টবের সমাহার। পাবেন কাস্তে, নিড়ানি, শাবল, গ্লাভস, পানি দেওয়ার ঝাঁজরিসহ বাগানের জন্য প্রয়োজনীয় নানা অনুষঙ্গ। পাবেন বিনা মূল্যে বাগানবিষয়ক পরামর্শও।

আরও পড়ুন
মেলায় পাবেন বিনা মূল্যে বাগানবিষয়ক পরামর্শও
ছবি: সুমন ইউসুফ

বৃক্ষমেলার পাশেই ৬০টি স্টল নিয়ে বসেছে পরিবেশ মেলা। সাত দিনের এই মেলা চলবে ১৫ জুলাই পর্যন্ত। পরিবেশবান্ধব বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের পাশাপাশি আছে কৃষিবিষয়ক পরামর্শ কেন্দ্র। প্রতিদিন বিকেলে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা। মেলায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে কফি খেতে খেতে উপভোগ করতে পারেন।

৯ জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৯ আগস্ট পর্যন্ত। খোলা থাকে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় কোনো প্রবেশমূল্য নেই, সময় বের করে ঘুরে আসুন আপনিও

আরও পড়ুন