‘টাকা দিয়ে বিদেশে বসে মাল খাব, তবুও টাকা বাংলাদেশে দেব না’—বাংলাদেশের জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের সবারই এই লাইনের সঙ্গে পরিচয় আছে। দেশে ছাত্র–জনতা যখন আন্দোলনে রাজপথ উত্তাল করে রেখেছে, ফ্যাসিবাদী সরকার ও রাষ্ট্রযন্ত্রের আঘাতে মানুষ মরছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক হাতে একটি মদের বোতল নিয়ে ছবি তুলে এই কথাগুলো পোস্ট করেন।
আপাতহাস্যকর মনে হলেও সেই সময় এ লাইন প্রবাসীদের রেমিট্যান্স বন্ধের ঘোষণাকে দারুণভাবে প্রকাশ করেছিল। আমরা দেখলাম, প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউন তথা দেশে টাকা না পাঠানোর আন্দোলন মাঠের আন্দোলনের জন্য দারুণ সহায়ক শক্তি হয়ে আসে। জুলাইয়ের প্রথম ১৩ দিনে স্বাভাবিক গতিতে রেমিট্যান্সের প্রবাহ থাকলেও এরপরের দিনগুলোতে অস্বাভাবিক হারে তা কমে যায়। ফলে ইতিমধ্যেই অর্থনৈতিক চাপে থাকা হাসিনা সরকার আরও বেশি চাপে পড়ে।
শুধু তা–ই নয়, একটা সময় সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। কিন্তু সে সময় প্রবাসীরা নানাভাবে দেশের খবর সংগ্রহ করে সারা দুনিয়াকে জানাতে থাকে। নানা দেশে প্রতিবাদলিপি হাতে দাঁড়িয়ে পড়ে। এমনকি প্রতিবাদ করতে গিয়ে সেই সব দেশেও কারাবন্দী হয়। এতে হাসিনাশাহির ওপর চাপ বাড়তে থাকে।
প্রবাসীদের এই সামষ্টিক শক্তি মনে করিয়ে দেয় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা। সে সময়েও প্রবাসী সরকার, নানা দেশে থাকা প্রবাসীরা বিশ্বমানবতার কাছে বাংলাদেশের চিত্র তুলে ধরেন। জর্জ হ্যারিসন, রবিশঙ্করের মতো বিশ্বখ্যাতরা এই আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে অংশ নেন।
হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীদের ভূমিকা অবশ্য শুধু জুলাইতেই সীমাবদ্ধ ছিল না। প্রযুক্তির কল্যাণে এখন মতামত প্রকাশ করা সহজতর। এই সুযোগে দেশে মতপ্রকাশের স্বাধীনতার ঘাটতি থাকলেও বিদেশের মাটিতে বসে অনেক প্রবাসী সরকারবিরোধী প্রচারণা করেছেন, জনমত গঠন করেছেন। কেবল যে ব্লু কলার তথা কায়িক পরিশ্রম করা শ্রমিকেরাই সম্পৃক্ত ছিলেন, তা–ই না; হোয়াইট কলার তথা বাবুগিরি কাজের সঙ্গে যুক্তরাও তীব্রভাবে অংশ নিয়েছেন।
সরকারি তথ্যমতে, বাংলাদেশ থেকে গত ১০ বছরে ৮৬ লাখের বেশি মানুষ প্রবাসী হয়েছেন। অবৈধ পন্থাতে আরও অনেক বেশি মানুষ ভাগ্যান্বেষণে দেশ ছেড়েছেন। গ্রামের অল্প শিক্ষিত যুবক, যাঁদের জন্য দেশে যথেষ্ট পরিমাণে কর্মসংস্থান নেই, তাঁরা যেমন দেশ ছাড়েন, তেমনি আরেক শ্রেণির মানুষও দেশ ছাড়েন—উচ্চশিক্ষিত, সর্বোচ্চ মেধাবী ও দক্ষ মানুষেরা।
এই দ্বিতীয় শ্রেণির মানুষেরা দেশ ছাড়েন বা ছাড়তে বাধ্য হন। কারণ, তাঁদের উপযুক্ত সুযোগ এই দেশে নেই। এই দেশের সরকার বা উদ্যোক্তারা এই মেধাবী মানুষদের আটকে রাখার যথেষ্ট উদ্যোগ নেন না। তদুপরি এই দেশের কর্মপরিবেশে হরেদরে দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনীতির অপব্যবহারে মেধাবীদের একটা বড় অংশ বঞ্চিত ও অনিরাপদ বোধ করেন। তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ঘটনা নিয়মিত। একে ‘ব্রেন ড্রেন’ নামে আখ্যা দেওয়া হয়।
তথাপি এই মানুষগুলো দেশের ভালোর সঙ্গে যুক্ত হতে চান। দেশের মন্দ দেখলে তাঁদের অস্থির লাগে। ফলে মধ্যপ্রাচ্যের শ্রমিক হোক কিংবা যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কাজ করা বাংলাদেশি হোক—নির্বিশেষে সবাই জুলাই আন্দোলনে ভূমিকা রাখতে চান।
আর হাসিনা পালানোর পর দেশের মানুষ যখন নতুন আশায় বুক বাঁধে, দেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখে, তখন প্রবাসীরাও সেই স্বপ্নের সঙ্গে যুক্ত হয়। এর প্রভাবে দেখা যায়, ‘রিভার্স ব্রেন ড্রেন’ শব্দটি জনপ্রিয় হয়। বিদেশে থাকা দক্ষ বাংলাদেশিরা স্বপ্ন দেখতে থাকেন যে দেশ গড়তে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।
আধুনিক দুনিয়ায় এর উদাহরণও আছে প্রচুর। পাশের দেশ ভারতেই এর দারুণ ইতিবাচক প্রভাব দেখা গেছে। ভারতের বেঙ্গালুরুকে দুনিয়ার অন্যতম টেক হাব হিসেবে গড়ে তোলার প্রায় পুরো কৃতিত্বই প্রবাসী হোয়াইট কলার বা ডায়াসপোরাদের। তাঁরা একই সঙ্গে বিনিয়োগ, অভিজ্ঞতা ও মেধা ব্যয় করে নিজের দেশে বিশাল ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন।
জুলাই গণ–অভ্যুত্থানের পর অনেক কিছুই স্বপ্নের মতো হয়নি। অনেক ক্ষোভ, অনেক অপ্রাপ্তি রয়েছে। অনেক শঙ্কা ও হতাশার জন্ম হয়েছে। কিন্তু কিছু সুযোগ এখনো রয়ে গেছে। বাংলাদেশে হয়তো হরেদরে রিভার্স ব্রেন ড্রেন সম্ভব নয়, কিন্তু প্রবাসীদের দক্ষতা, অভিজ্ঞতা ও অর্থ কাজে লাগানোর দারুণ সুযোগ আছে। যে প্রবাসী টাকা না পাঠিয়ে ‘মাল’ খেতে চেয়েছিলেন, তাঁর জন্য এই নিশ্চয়তা দেওয়া জরুরি যে আপনি দেশের সূর্যসন্তান হয়ে উঠবেন।
এক হিসাবে দেখা গেছে, অনাবাসী ভারতীয়রা বছরে গড়ে ১০০ বিলিয়ন ডলারের বেশি দেশে বিনিয়োগ করেন। এর মাধ্যমে ইন্ডাস্ট্রি তো গড়ে উঠেই, ভারতের তরুণদের জন্য শুধু কর্মসংস্থানই নয়, সর্বোচ্চ বিকাশেরও সুযোগ তৈরি হয়। এই ভারতীয় তরুণেরাই এখন দুনিয়ার বড় টেক কোম্পানিগুলোতে নেতৃত্ব দিচ্ছেন।
এমনকি কমিউনিস্ট–শাসিত চীনেও এর প্রভাব পড়েছে। গত শতকের শেষ দিক থেকে চীনা অনাবাসীরা সে দেশের অর্থনীতি ও উন্নয়নে বড় ভূমিকা রাখছেন।
ভারত আর চীন নাহয় অনেক বড় দেশ, অনেক বেশি মানুষ, তাইওয়ানের মতো ছোট দেশও দারুণ সুফল পাচ্ছে অনাবাসীদের প্রত্যক্ষ অংশগ্রহণে। বলা যায়, তাইওয়ানের প্রযুক্তিনির্ভর বিশেষত মাইক্রোচিপ ইন্ডাস্ট্রির পুরোটাই অনাবাসীদের গড়া। এমনকি পাকিস্তানের মতো প্রায় ব্যর্থ রাষ্ট্রকেও আগলে রাখায় ভূমিকা রাখছে প্রবাসীদের উদ্যোগ।
সেনেগালে ফেরত আসা অনাবাসীরা সে দেশে গড়ে তুলেছেন দুর্দান্ত কার্যকর এসএমই ইন্ডাস্ট্রি। ঘানা, উগান্ডা, মোজাম্বিকের ফেরত আসা অনাবাসীরা গণস্বাস্থ্য ও নারী অধিকারের মতো জরুরি বিষয় নিয়ে দারুণ কাজ করে সে দেশের অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখছেন। নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশগুলোকে সাহায্য করছেন ঘুরে দাঁড়াতে।
বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতির অবস্থা চিন্তা করলে বিষয়টা জরুরিও বটে। পশ্চিমা দেশগুলোতে এখন লোকরঞ্জনবাদের উত্থান হচ্ছে। প্রবাসীরা তো বটেই, কয়েক প্রজন্ম আগে যাঁদের পূর্বপুরুষেরা সেসব দেশে গিয়েছিল, তাঁরাও নানা রকম বৈষম্যের শিকার হচ্ছেন। অর্থনৈতিক চাপের কারণে এই মানুষেরা সেসব দেশেও আয়রোজগারে সুবিধা করতে পারছেন না। আগের মতো এসব দেশ আর মেধাবীদের স্বর্গরাজ্য হয়ে নেই।
আদতে গণতন্ত্র ও সাম্যের কথা বললেও পশ্চিমা দেশগুলোতে সব সময়েই নানা রকম বর্ণবাদ ছিল। বিদেশিদের সব সময়েই নিচু চোখেই দেখা হতো। এখন অবস্থাটা আরেকটু বেশি খারাপ হচ্ছে এই যা।তবে আগের মতো দুনিয়া কেবল পশ্চিমনির্ভরও নয়। বিশ্বায়ন ও প্রযুক্তির কারণে দুনিয়ার অন্যান্য প্রান্তেও সুযোগ বাড়ছে। ভারতের কথা তো বলাই হলো। এশিয়ার দেশ জাপান, কোরিয়া, এমনকি আফ্রিকার দেশগুলোতেও এই সুযোগ বাড়ছে।
কার্ল মার্ক্স বলতেন, পুঁজির সীমানা থাকে না, শ্রমিকের থাকে। দীর্ঘদিন ঔপনিবেশিক শাসক আর ধনী দেশগুলো এই ব্যাপারকে কাজে লাগাত। মেধা ও অভিজ্ঞতা কেবল একদিকে প্রবাহিত হতো। কিন্তু এখন একটা পাল্টাস্রোতের পরিবেশ তৈরি হয়েছে। গরিব দেশের মেধাবী সন্তানেরা ধনী দেশে নিজেদের শাণিত করে পুঁজি আর দক্ষতা নিয়ে ফিরে আসার সুযোগ পাচ্ছেন।
এর সঙ্গে যুক্ত হচ্ছে ‘ঘরে ফিরে আসার’ তৃপ্তি। এমনকি যেই ছেলেটা বা মেয়েটার পূর্বপুরুষ তিন প্রজন্ম আগে দেশ ছেড়েছিল, সে–ও ফিরে আসার সুযোগ খুঁজছে। এই তৃপ্তির সঙ্গে যুক্ত হচ্ছে সম্মান, যেই সম্মান সে পরবাসে পায় না। এর একটা দারুণ উদাহরণ দেখা গেল সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ ফুটবলে।
একসময় আফ্রিকাসহ ঔপনিবেশিক দেশগুলো থেকে সেরা প্রতিভারা বাধ্য হয়ে উন্নত দেশে যেত, তাঁদের মধ্যে যাঁরা সেরা হতেন, তাঁরা সেই দেশটির হয়েই খেলতেন। গত শতকের শেষ দিক থেকে ফ্রান্সের ফুটবল–বিশ্বে অন্যতম পরাশক্তি হয়ে ওঠা এবং একাধিক বিশ্বকাপ জেতার পেছনে বড় ভূমিকা ছিল আফ্রিকা থেকে আসা তরুণ অথবা তাঁদের বংশধরদের। নেদারল্যান্ডস, পর্তুগাল, ইংল্যান্ডেও একই ঘটনা দেখা গেছে।
অথচ সাম্প্রতিক বিশ্বকাপে আমরা দেখলাম, সাড়াজাগানো দল মরক্কোর বেলায় উল্টোটা ঘটছে। একসময় মরক্কো ছেড়ে ইউরোপে থিতু হওয়াদের সন্তানেরা ইউরোপে সেরা সুবিধা ও সুযোগ পেয়ে নিজেদের বিশ্বমানে উন্নীত করে এখন মরক্কোর হয়ে খেলছেন। এই ঢেউ আছড়ে পড়ছে অন্যান্য দেশেও।
এমনকি বাংলাদেশও। দুনিয়ার সবচেয়ে দামি লীগ ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা হামজা চৌধুরী মায়ের সুবাদে বাংলাদেশের হয়ে খেলছেন। এর আগে ডেনমার্কে বড় হওয়া জামাল ভূঁইয়া লাল–সবুজ জার্সি পরেছেন, দলকে নেতৃত্ব দিয়েছেন। জামালের দেখানো পথে এসেছেন তারিক কাজী। হামজার সঙ্গে যুক্ত হয়েছেন কানাডায় বড় হওয়া শমীত সোম। অপেক্ষায় আছেন ইংলিশ লীগের ক্লাব ফুলহামের তরুণ প্রতিভা ফারহান আলী ওয়াহিদ।
জুলাই গণ–অভ্যুত্থানের পর অনেক কিছুই স্বপ্নের মতো হয়নি। অনেক ক্ষোভ, অনেক অপ্রাপ্তি রয়েছে। অনেক শঙ্কা ও হতাশার জন্ম হয়েছে। কিন্তু কিছু সুযোগ এখনো রয়ে গেছে।
বাংলাদেশে হয়তো হরেদরে রিভার্স ব্রেন ড্রেন সম্ভব নয়, কিন্তু প্রবাসীদের দক্ষতা, অভিজ্ঞতা ও অর্থ কাজে লাগানোর দারুণ সুযোগ আছে। যে প্রবাসী টাকা না পাঠিয়ে ‘মাল’ খেতে চেয়েছিলেন, তাঁর জন্য এই নিশ্চয়তা দেওয়া জরুরি যে আপনি দেশের সূর্যসন্তান হয়ে উঠবেন।
দেশকে রাহুর গ্রাস থেকে মুক্ত করার চেয়ে সম্ভবত অনেক কঠিন হলো দেশকে এগিয়ে নেওয়া। সেই যাত্রায় অন্যতম গুরুত্বপূর্ণ প্রবাসীদের উপযুক্তভাবে ব্যবহার করতে না পারলে জুলাই গণ–অভ্যুত্থানের স্বপ্ন পূরণ হবে না।
সৈয়দ ফায়েজ আহমেদ গবেষক ও লেখক
মতামত লেখকের নিজস্ব