কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া জাতিসংঘ নেতৃবৃন্দ এবং সরকারপ্রধানদের একাংশছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু অর্থায়ন ও ঐতিহাসিক দায় নিয়ে বিশ্ব যখন আবার আলোচনায় বসেছে, তখন বাংলাদেশের সামনে নিজের রাজনৈতিক ভূমিকা নতুন করে ভাবারও সুযোগ তৈরি হয়েছে। জলবায়ু ন্যায্যতার প্রশ্নে আন্তর্জাতিক সংহতি গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ইতিহাস থেকেই পাওয়া যেতে পারে নতুন অনুপ্রেরণা।

তুরস্কের আন্তালিয়ায় বসেছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন, কপ৩১। বিশ্বের বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সেখানে যোগ দেবেন। বরাবরের মতো এবারও জলবায়ু অর্থায়নের নতুন প্রতিশ্রুতি, বিভিন্ন অংশীদারত্ব ও উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রার ঘোষণা আসবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে উন্নয়নশীল দেশগুলোর কত অর্থ প্রয়োজন এবং ধনী দেশগুলো কতটা দিতে রাজি, তা নিয়ে দীর্ঘ আলোচনা চলবে। বাংলাদেশের জন্য এসব আলোচনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।

তবে আমরা কতটা অর্থসহায়তা আদায় করতে পারব, শুধু সেই হিসাবের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের বৃহত্তর ভূমিকা নিয়েও ভাবা দরকার। জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে এই সংকটের পেছনে থাকা বৈশ্বিক অর্থনৈতিক অবিচার নিয়ে আলোচনাকে এগিয়ে নেওয়ারও সুযোগ রয়েছে।

আরও পড়ুন

প্রতিবছর জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কত অর্থ প্রয়োজন, তা নিরূপণে বিপুল গবেষণা ও হিসাব-নিকাশ হয়। অথচ যে অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে এই সংকট তৈরি হয়েছে, সেই কর্মকাণ্ড থেকে গত দুই শতাব্দীতে কত সম্পদ ও মুনাফা অর্জিত হয়েছে, তা নিয়ে আলোচনা তুলনামূলকভাবে অনেক কম। এই বৈপরীত্য আন্তর্জাতিক জলবায়ু রাজনীতির একটি মৌলিক প্রশ্ন।

গত দুই শতাব্দীর বেশি সময় ধরে জীবাশ্ম জ্বালানির ওপর ভর করে শিল্পায়ন ঘটেছে, গড়ে উঠেছে আধুনিক অর্থনীতি ও নগরসভ্যতা। বিপুল সম্পদ জমা হয়েছে, বিশেষত ইউরোপ ও উত্তর আমেরিকায়। এই সমৃদ্ধির ইতিহাসের সঙ্গে ঔপনিবেশিক শোষণের গভীর সম্পর্ক রয়েছে। উপনিবেশগুলো থেকে সম্পদ ও শ্রম আহরণ করে পৃথিবীর অন্য প্রান্তে পুঁজির সঞ্চয় ঘটেছে। কিন্তু এই উন্নয়নের পরিবেশগত পরিণতি কেবল সেই দেশগুলোর সীমানায় আটকে থাকেনি।

পৃথিবীর বায়ুমণ্ডলকে ব্যবহার করা হয়েছে সবার জন্য উন্মুক্ত বর্জ্য ফেলার জায়গা হিসেবে। অথচ এই ব্যবহারের অর্থনৈতিক সুফল সবাই সমানভাবে পায়নি।

২০২০ সালে অর্থনীতিবিদ জেসন হিকেল দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় দেখিয়েছেন, ১৮৫০ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিরাপদ বৈশ্বিক কার্বন বাজেটে দেশগুলোর সমান মাথাপিছু হিস্যা অতিক্রম করে যত কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে, তার প্রায় ৯২ শতাংশের জন্য দায়ী বৈশ্বিক উত্তর বা গ্লোবাল নর্থের দেশগুলো। ঐতিহাসিক দায় নিরূপণের বিভিন্ন পদ্ধতি থাকতে পারে, কিন্তু শিল্পোন্নয়নের সুফল ও পরিবেশগত ক্ষতির এই অসম বণ্টন অস্বীকার করা কঠিন। শিল্পায়নের মাধ্যমে যে সমৃদ্ধি অর্জিত হয়েছে, তার পরিবেশগত মূল্য এখন দিতে হচ্ছে এমন অনেক সমাজকে, যাদের এই সংকট সৃষ্টিতে অবদান ছিল খুবই সামান্য।

বাংলাদেশ তার একটি উদাহরণ।

ঢাকার নগর ও পরিবেশ নিয়ে গবেষণায় দেখা যায়, পরিবেশগত সংকট কীভাবে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। প্রচণ্ড গরমের মধ্যে রিকশা চালানো একজন শ্রমজীবী মানুষ, হারিয়ে যেতে থাকা জলাভূমির পাশে বসবাসকারী একটি পরিবার কিংবা বারবার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের কাছে পরিবেশগত পরিবর্তনের অর্থ আর শীতাতপনিয়ন্ত্রিত বাসায় বসবাসকারী একজন মানুষের অভিজ্ঞতা এক নয়। ঢাকার বাইরে উপকূলীয় অঞ্চলের মানুষ লবণাক্ততা, নদীভাঙন ও কৃষি জীবিকার ক্রমবর্ধমান অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছেন।

অবশ্য এসব সমস্যার সবই সরাসরি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফল নয়। আমাদের নিজেদের উন্নয়নের ধরন, জলাভূমি ধ্বংস, রাজনৈতিক ব্যর্থতা ও গভীরভাবে বৈষম্যপূর্ণ নগরায়ণও এসব সংকট তৈরি করেছে। জলবায়ু পরিবর্তন বিদ্যমান সমস্যাগুলোকে আরও তীব্র করে তুলছে। আর এর সবচেয়ে বড় বোঝা বইছেন সেই মানুষেরাই, যাঁদের তা সামাল দেওয়ার সামর্থ্য সবচেয়ে কম।

এবার আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের হিসাবটি দেখা যাক।

আরও পড়ুন
আরও পড়ুন

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা, ওইসিডির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর জন্য ১৩৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু অর্থায়ন জোগান দিয়েছে ও সংগ্রহ করেছে। অঙ্কটি নিঃসন্দেহে বড়। কিন্তু এই অর্থ কোন শর্তে এসেছে, তা দেখলে ভিন্ন চিত্র পাওয়া যায়। ওই বছর মোট ১০১ দশমিক ৬ বিলিয়ন ডলারের সরকারি জলবায়ু অর্থায়নের মধ্যে ৬৮ দশমিক ৫ বিলিয়ন ডলার এসেছে ঋণ হিসেবে। অনুদানের পরিমাণ ছিল ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। অর্থাৎ জলবায়ু পরিবর্তন প্রশমন ও অভিযোজন মিলিয়ে সরকারি অর্থায়নের প্রায় দুই-তৃতীয়াংশই ছিল ঋণ।

এসব ঋণের কিছু স্বল্প সুদের, কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নকাজে ব্যবহৃত হচ্ছে। সব ধরনের জলবায়ু ঋণকেই অন্যায্য বলার সুযোগ নেই। কিন্তু যে সংকট তৈরিতে কোনো দেশের অবদান তুলনামূলকভাবে সামান্য, সেই সংকট থেকে নিজের জনগণকে রক্ষা করতে গিয়ে দেশটিকে নতুন করে ঋণের বোঝা নিতে হচ্ছে। আগে থেকেই যেসব দেশের স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য জরুরি খাতে অর্থের ঘাটতি রয়েছে, তাদের জন্য এই ঋণের পরিণতি দীর্ঘমেয়াদি।

অন্যদিকে জীবাশ্ম জ্বালানি খাত থেকে বিপুল মুনাফা অর্জন অব্যাহত রয়েছে।

কপ৩১–এ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: পিএমও

গ্লোবাল উইটনেসের এক বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে মাত্র ছয়টি বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানি—এক্সনমবিল, শেভরন, শেল, বিপি, টোটালএনার্জিস ও এনি—তাদের শেয়ারধারীদের মধ্যে লভ্যাংশ ও শেয়ার পুনঃক্রয়ের মাধ্যমে প্রায় ১১৯ বিলিয়ন মার্কিন ডলার বিতরণ করেছে। একই বছরে উন্নত দেশগুলোর দেওয়া সরকারি জলবায়ু অনুদানের পরিমাণ ছিল ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এই ছয়টি কোম্পানি এক বছরে শেয়ারধারীদের যে অর্থ দিয়েছে, তা উন্নত দেশগুলোর সরকারি জলবায়ু অনুদানের প্রায় চার গুণ।

অবশ্য দুটি অর্থপ্রবাহের ধরন আলাদা। কোম্পানির শেয়ারধারীদের অর্থ বিতরণ আর রাষ্ট্রের আন্তর্জাতিক অর্থায়নের দায়িত্বকে সরাসরি এক করে দেখা যায় না। কিন্তু এই তুলনা বর্তমান বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনে। জলবায়ু সংকট সৃষ্টির সঙ্গে যুক্ত শিল্পগুলো এখনো বিনিয়োগকারীদের বিপুল মুনাফা দিচ্ছে। অথচ ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজনের জন্য অর্থ জোগাড় করতে হচ্ছে দীর্ঘ দর-কষাকষি, নানা শর্ত ও ঋণের মাধ্যমে।

৪ নভেম্বর প্রকাশিত জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সর্বশেষ অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য প্রতিবছর প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অথচ ২০২৪ সালে উন্নত দেশগুলো থেকে আন্তর্জাতিক সরকারি অভিযোজন অর্থায়ন এসেছে মাত্র ২৮ থেকে ৩২ বিলিয়ন ডলারের মতো। ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার যে লক্ষ্য রয়েছে, তা অর্জিত হলেও প্রয়োজনের মাত্র ২০ থেকে ২৯ শতাংশ পূরণ হবে বলে জাতিসংঘের হিসাব।

এই অর্থের প্রয়োজন এমন একটি সংকট মোকাবিলার জন্য, যার তীব্রতা সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে।

বাংলাদেশ এমন একটি আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্র তৈরি করার উদ্যোগ নিতে পারে, যেখানে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক, নাগরিক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠী একত্র হয়ে জলবায়ু ঋণ, অর্থনৈতিক দায় এবং আন্তর্জাতিক সহযোগিতার ন্যায্য শর্তগুলো নিয়ে কাজ করতে পারবেন।

এই বৈষম্যের ঐতিহাসিক দিকটি বোঝার জন্য গবেষকেরা সাম্প্রতিক সময়ে ‘জলবায়ু ঔপনিবেশিকতা’ বা ক্লাইমেট কলোনিয়ালিটি ধারণাটি ব্যবহার করছেন। ঔপনিবেশিক অর্থনীতিতে পৃথিবীর এক অঞ্চল থেকে সম্পদ ও শ্রম আহরণ করে অন্য অঞ্চলে সম্পদ সঞ্চয়ের ব্যবস্থা গড়ে উঠেছিল। আনুষ্ঠানিক ঔপনিবেশিক শাসনের অবসান হলেও পরিবেশগত ক্ষতি এবং অর্থনৈতিক সুবিধা বণ্টনের ক্ষেত্রে সেই ঐতিহাসিক অসমতার অনেক কিছুই রয়ে গেছে।

তবে এই বাস্তবতাকে কেবল ধনী উত্তর ও দরিদ্র দক্ষিণের বিভাজন দিয়ে ব্যাখ্যা করলে চলবে না। বিশ্বের বড় জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর কয়েকটি পশ্চিমা বিশ্বের বাইরে। উন্নয়নশীল দেশগুলোর ধনী ও ক্ষমতাবান গোষ্ঠীও পরিবেশবিধ্বংসী অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বাংলাদেশেও প্রভাবশালী মহল জলাভূমি ভরাট, নদী দখল কিংবা পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ ভূমিতে উন্নয়নের মাধ্যমে মুনাফা অর্জন করে চলেছে। ফলে জলবায়ু ন্যায্যতার আলোচনায় দেশগুলোর মধ্যকার বৈষম্যের পাশাপাশি প্রতিটি দেশের ভেতরের বৈষম্যও বিবেচনায় নিতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

অথচ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের আলোচনায় এখনো সহায়তার ভাষাই প্রাধান্য পায়। উন্নত দেশগুলো অর্থ দেওয়ার প্রতিশ্রুতির জন্য প্রশংসিত হয়, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন অর্থায়ন প্যাকেজ ঘোষণা করে, আর উন্নয়নশীল দেশগুলো নিজেদের বিপন্নতা তুলে ধরে অর্থ পাওয়ার উপযুক্ততা প্রমাণের চেষ্টা করে। এই প্রক্রিয়ায় ঐতিহাসিক দায়, অর্জিত মুনাফা এবং সম্পদের ন্যায্য পুনর্বণ্টনের প্রশ্নগুলো প্রায়ই আড়ালে চলে যায়।

জলবায়ু অর্থায়নের হিসাব আরও গভীরভাবে পরীক্ষা করা প্রয়োজন। কত অর্থ অনুদান হিসেবে আসছে, ঋণের মাধ্যমে ভবিষ্যতে কতটা দায় তৈরি হচ্ছে, জলবায়ু প্রকল্পের অর্থনৈতিক সুবিধা কারা পাচ্ছে এবং বরাদ্দের কতটা শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাচ্ছে—এসব প্রশ্নের যথাযথ উত্তর ছাড়া অর্থায়নের সাফল্য নিরূপণ করা কঠিন।

বিকল্প পথও আছে। জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির জন্য আরও কার্যকর অর্থায়ন, ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের বোঝা কমানো এবং অভিযোজনের জন্য অনুদান বাড়ানোর মতো ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা সম্ভব।

এসব পরিবর্তন আনতে রাজনৈতিক সংহতিরও প্রয়োজন। জলবায়ু অর্থায়নের জন্য একেকটি দেশ আলাদাভাবে দর-কষাকষি করে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোগত অসমতা কতটা বদলাতে পারবে, সেই প্রশ্ন রয়েছে। একই ধরনের পরিবেশগত ও অর্থনৈতিক অবিচারের শিকার দেশগুলোর সম্মিলিত উদ্যোগ এ ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

এখানেই বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক ভূমিকার প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

আমাদের ইতিহাসে এমন একটি নজির রয়েছে। ১৯৫৭ সালের ফেব্রুয়ারিতে, বাংলাদেশের স্বাধীনতার ১৪ বছর আগে, টাঙ্গাইলের কাগমারীতে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক কাগমারী সম্মেলন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংগ্রামকে কেন্দ্র করে আয়োজিত হলেও এই সম্মেলনে সাম্রাজ্যবাদ, অর্থনৈতিক নির্ভরশীলতা, আন্তর্জাতিক সম্পর্ক এবং এশিয়া ও আফ্রিকার জনগণের সংহতির প্রশ্নগুলো গুরুত্ব পেয়েছিল। এর দুই বছর আগে, ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের মধ্য দিয়ে সদ্য স্বাধীন ও উপনিবেশমুক্ত দেশগুলো আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান নতুনভাবে প্রতিষ্ঠার চেষ্টা শুরু করেছিল।

কাগমারী সম্মেলনের বিশেষ তাৎপর্য ছিল এর রাজনৈতিক কল্পনার ব্যাপ্তিতে। বাংলার একটি গ্রাম থেকে ভাসানী আন্তর্জাতিক ক্ষমতার সম্পর্ক এবং সম্মিলিত রাজনৈতিক উদ্যোগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাধারণ মানুষের জীবনসংগ্রামকে তিনি যুক্ত করেছিলেন বৃহত্তর আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে। বাংলার মানুষের রাজনৈতিক ভবিষ্যৎ যে বিশ্বের অন্য অঞ্চলের মানুষের সংগ্রামের সঙ্গেও সম্পর্কিত, সেই উপলব্ধি কাগমারীর রাজনৈতিক চিন্তায় স্পষ্ট ছিল।

প্রায় ৭০ বছর পর সেই প্রশ্নগুলো নতুন পরিবেশগত বাস্তবতায় আবার আমাদের সামনে এসেছে।

এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহু দেশ ও জনগোষ্ঠী আজ জলবায়ু পরিবর্তনের নানা ধরনের অভিঘাতের মুখোমুখি। অনেক ক্ষেত্রেই এর সঙ্গে যুক্ত রয়েছে ঔপনিবেশিক শোষণ, ঋণনির্ভরতা ও অসম উন্নয়নের দীর্ঘ ইতিহাস। এসব দেশের বাস্তবতা ও রাজনৈতিক স্বার্থ সব ক্ষেত্রে এক নয়। তবু জলবায়ু অর্থায়ন, ঐতিহাসিক দায় এবং পরিবেশগত ন্যায্যতার প্রশ্নে তাদের মধ্যে বৃহত্তর সংহতি গড়ে তোলার যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলাদেশ ইতিমধ্যে আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্লাইমেট ভালনারেবল ফোরামের নেতৃত্ব দিয়েছে, ভি২০ জোটের সঙ্গে কাজ করেছে। জলবায়ু অভিযোজন বিষয়ে আমাদের অভিজ্ঞতা বেড়েছে। গবেষণাপ্রতিষ্ঠান, নাগরিক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগেও নানা কাজ হচ্ছে। তা সত্ত্বেও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের পরিচয় এখনো প্রধানত জলবায়ু পরিবর্তনে বিপন্ন একটি দেশ হিসেবে। আমাদের অধিকাংশ প্রচেষ্টাও কেন্দ্রীভূত এই সংকট মোকাবিলার জন্য প্রয়োজনীয় অর্থ ও সহায়তা সংগ্রহে।

এই ভূমিকার পরিসর আরও বিস্তৃত করার সময় এসেছে।

বাংলাদেশ এমন একটি আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্র তৈরি করার উদ্যোগ নিতে পারে, যেখানে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশের প্রতিনিধি, গবেষক, নাগরিক সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠী একত্র হয়ে জলবায়ু ঋণ, অর্থনৈতিক দায় এবং আন্তর্জাতিক সহযোগিতার ন্যায্য শর্তগুলো নিয়ে কাজ করতে পারবেন। বিদ্যমান কূটনৈতিক জোটগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমন উদ্যোগে সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষের অংশগ্রহণও বাড়ানো সম্ভব। তবে অন্যদের কাছে ন্যায্যতার দাবি তোলার পাশাপাশি নিজেদের দেশের পরিবেশগত অবিচার ও বৈষম্য নিয়েও সমানভাবে আত্মসমালোচনামূলক হতে হবে।

আগামী ফেব্রুয়ারিতে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৭০ বছর পূর্ণ হবে। এই উপলক্ষ আমাদের সেই সময়ের রাজনৈতিক চিন্তার দিকে আবার ফিরে তাকানোর সুযোগ করে দিতে পারে। ঔপনিবেশিক শাসন, আন্তর্জাতিক ক্ষমতা ও অর্থনৈতিক নির্ভরশীলতার প্রশ্ন নিয়ে সেদিন যে রাজনৈতিক কল্পনার প্রকাশ ঘটেছিল, আজকের বৈশ্বিক পরিবেশ সংকটে তার নতুন তাৎপর্য অন্বেষণ করা জরুরি।

কপ৩১-এ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় জলবায়ু অর্থায়ন আদায়ের চেষ্টা অবশ্যই চালিয়ে যেতে হবে। পাশাপাশি একই ধরনের অবিচারের শিকার দেশ ও জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদি রাজনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সংহতি গড়ে তোলার সম্ভাবনাকেও গুরুত্ব দিতে হবে।

১৯৫৭ সালে বাংলার একটি গ্রাম যদি আন্তর্জাতিক সংহতি নিয়ে চিন্তা ও আলোচনার ক্ষেত্র হয়ে উঠতে পারে, তাহলে আজকের স্বাধীন বাংলাদেশও আমাদের সময়ের গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রশ্নগুলো নিয়ে মানুষকে নতুন করে একত্র করার উদ্যোগ নিতে পারে।

  • তানজিল শফিক নগর গবেষক এবং শিক্ষক ইউনিভার্সিটি অব শেফিল্ড, যুক্তরাজ্য

    মতামত লেখকের নিজস্ব