পিকনিক পার্টির দুর্ঘটনার খবর ইতিমধ্যে আসতে শুরু করেছে। ৭ নভেম্বর কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন খুনি বটতল বা রেলবিট এলাকায় একটি বাস রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। বাসটি কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজার যাচ্ছিল। বুড়িচংয়ের বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা বাসটিতে করে শিক্ষাসফরে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান। নিহত ব্যক্তিরা হলেন সোহানা আফরোজ (৪৫), মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক এবং সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬), মাদ্রাসার অপর এক শিক্ষিকার স্বামী। আহত প্রায় ৩০ জনের চিকিৎসা চলছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবার জানুয়ারিতে শবে বরাত, ফেব্রুয়ারিতে রোজা আর ডিসেম্বরে পরীক্ষা—সব মিলিয়ে পিকনিকের মৌসুম এগিয়ে এসেছে। অক্টোবর থেকেই বাস, পিকআপ ও ভ্যান ছুটছে দিগ্বিদিক। পিকনিকে যাওয়া-আসার পথে কিংবা পিকনিক স্পটে শিক্ষার্থীদের প্রাণহানি এখন যেন এক ‘রিয়েলিটি’। মনে হচ্ছে, সবাই সেটি মেনে নিয়েছে। এ নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।
বছর কয়েক আগে এসব দুর্ঘটনা নিয়ে অনেক চিৎকার-চেঁচামেচির পর শিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে। এতে পিকনিক ও শিক্ষাসফরের ক্ষেত্রে বেশ কিছু নীতিনির্দেশনা জানিয়ে দেওয়া হয়।
২০২১ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে পিকনিক ও শিক্ষাসফরে গিয়ে দুর্ঘটনায় প্রাণহানির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে, ২০২১ সালের ২৫ নভেম্বর চাঁদপুরের কচুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিন শিক্ষার্থী নিহত হন। তবে ঘটনাটি সরাসরি পিকনিক দুর্ঘটনা ছিল কি না, তা নিশ্চিত নয়।
২০২২ সালের ১ ফেব্রুয়ারি শেরপুরের শ্রীবরদীতে পিকনিক থেকে ফেরার পথে যান খাদে পড়ে দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়।
শুক্রবার রাত ১০টায় যাত্রা শুরু করে ভোর ৪টায় দুর্ঘটনার শিকার হওয়ার ক্ষেত্রে দীর্ঘ রাতের যাত্রা চালকের ক্লান্তির ঝুঁকি বাড়িয়েছিল কি না, চালকের বিশ্রাম ও কর্মঘণ্টা যাচাই করা হয়েছিল কি না, বাসের ফিটনেস ও যাত্রী ধারণক্ষমতা ঠিক ছিল কি না, সফরের জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছিল কি না এবং একই সফরে থাকা অন্য বাসটির চালক ও শিক্ষকদের বক্তব্য কী—এসব বিষয় তদন্তে আসা প্রয়োজন।
একই বছরের ১৮ মার্চ চাঁদপুরের মতলব উত্তরে পিকনিকের সময় নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় ঢাকার নাভারুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী টুটুল হাসান নয়ন।
২৯ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনা থেকে ফেরার পথে কোচিং সেন্টারের মাইক্রোবাস রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পড়লে ১১ জন নিহত হন, যাঁদের অধিকাংশই শিক্ষার্থী ও শিক্ষক।
২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জের কাশিয়ানীতে যশোরের বাকড়ি বহুমুখী বিদ্যালয়ের শিক্ষাসফরের বাস গাছের সঙ্গে ধাক্কা খেলে শিক্ষক ও অভিভাবকসহ দুজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হন।
২০২৪ সালের ২ মার্চ ঢাকার পূর্বাচলে পিকনিকের দোতলা বাস আন্ডারপাসে আটকে দুর্ঘটনায় ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়, আহত হয় অন্তত ২২ জন। একই বছরের ২৩ নভেম্বর গাজীপুরের শ্রীপুরে আইইউটির পিকনিকের বাস উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মারা যান। ২২ ডিসেম্বর চট্টগ্রামের পটিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসফরের বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে মিনিবাসের দুই যাত্রী নিহত হন।
২০২৫ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাইয়ে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থীদের পিকনিকের বাস দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হন। আর ২২ ফেব্রুয়ারি জামালপুরের সরিষাবাড়ীতে পিকনিকের বাসের জানালা দিয়ে বাইরে তাকানোর সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম নিহত হয়।
এর মধ্যে ২০২২ সালের মিরসরাইয়ের দুর্ঘটনাটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটি আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যে ১১টি প্রাণ কেড়ে নেয়। এরপর ২০২৪ সালে আইইউটির দুর্ঘটনা দেখিয়েছে, শুধু বাসের ফিটনেস বা চালকের দক্ষতা নিশ্চিত করাই যথেষ্ট নয়; রাস্তার উপযুক্ততা, বিদ্যুতের তারের উচ্চতা এবং বাসের উচ্চতার বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি।
সর্বশেষ দুর্ঘটনার কারণ সম্পর্কে দোহাজারী হাইওয়ে পুলিশের প্রাথমিক ধারণা, রাত ১০টায় যাত্রা শুরু করে ভোর ৪টায় দুর্ঘটনার শিকার হওয়ায় চালকের মধ্যে দীর্ঘ রাতের যাত্রাজনিত ক্লান্তি বা তন্দ্রা কাজ করে থাকতে পারে। এ ছাড়া বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল কি না, সেই প্রশ্নও রয়েছে। এখন প্রশ্ন হলো, এসব কি নিছক সড়ক দুর্ঘটনা, নাকি কথিত শিক্ষাসফরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা?
এ দুর্ঘটনার পর কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। শুক্রবার রাত ১০টায় যাত্রা শুরু করে ভোর ৪টায় দুর্ঘটনার শিকার হওয়ার ক্ষেত্রে দীর্ঘ রাতের যাত্রা চালকের ক্লান্তির ঝুঁকি বাড়িয়েছিল কি না, চালকের বিশ্রাম ও কর্মঘণ্টা যাচাই করা হয়েছিল কি না, বাসের ফিটনেস ও যাত্রী ধারণক্ষমতা ঠিক ছিল কি না, সফরের জন্য যথাযথ অনুমতি নেওয়া হয়েছিল কি না এবং একই সফরে থাকা অন্য বাসটির চালক ও শিক্ষকদের বক্তব্য কী—এসব বিষয় তদন্তে আসা প্রয়োজন।
সর্বশেষ দুর্ঘটনাটি ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র বাস্তবায়ন নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষভাবে লক্ষণীয়, পিকনিক ও শিক্ষাসফরে দুর্ঘটনা প্রতিরোধে সরকারি নির্দেশনা থাকলেও রাতভর যাত্রা এবং ভোরে গন্তব্যে পৌঁছানোর মতো ঝুঁকিপূর্ণ ব্যবস্থাপনা এখনো বন্ধ হয়নি। এ পরিস্থিতিতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক তদন্তের পাশাপাশি জাতীয় পর্যায়ে পিকনিক ও শিক্ষাসফরকেন্দ্রিক দুর্ঘটনার একটি তথ্যভান্ডার গড়ে তোলা প্রয়োজন।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারির পরিপত্রে পিকনিক ও শিক্ষাসফরের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, জেলা পর্যায়ের সফরের জন্য জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ের সফরের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অনুমতি নিতে হবে। অনুমতি দেওয়ার আগে যানবাহনের ফিটনেস ও চালকের লাইসেন্স যাচাই করতে হবে।
সফরের আগে শিক্ষার্থীদের ভ্রমণস্থল সম্পর্কে ধারণা দিতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের লিখিত সম্মতি নিতে হবে। সফরে এক বা একাধিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে সঙ্গে থাকতে হবে। চালক নিরাপদ গতিতে গাড়ি চালাচ্ছেন কি না, তা শিক্ষকদের নজরে রাখতে হবে। এ ছাড়া সফরের আগে স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হবে এবং ভ্রমণস্থলের নিরাপত্তাসংক্রান্ত স্থানীয় বিধিবিধান অনুসরণ করতে হবে।
কী করা প্রয়োজন?
২০১৭ সালের পরিপত্রটি প্রয়োজনীয় হলেও বর্তমান পরিস্থিতিতে তা যথেষ্ট নয়। এ কারণে একটি জাতীয় শিক্ষার্থী শিক্ষাসফর ও বনভোজন নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করা উচিত। এতে অন্তত কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত করা দরকার।
ক. শিক্ষার্থীদের বয়স অনুযায়ী শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত নির্ধারণ করতে হবে।
খ. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দূরবর্তী পিকনিকস্থলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ আরোপ করতে হবে।
গ. রাতের যাত্রা এবং রাত ১০টার পর শিক্ষার্থী পরিবহন নিরুৎসাহিত করতে হবে অথবা এ ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করতে হবে।
ঘ. শুধু বাসের ফিটনেস নয়, সফরের নির্ধারিত রুট ও রাস্তার উপযুক্ততাও যাচাই করতে হবে।
ঙ. নদী, সমুদ্র, ঝরনা ও জলাশয়ের কাছে পিকনিক বা শিক্ষাসফরের ক্ষেত্রে লাইফগার্ড ও উদ্ধার সরঞ্জাম রাখা বাধ্যতামূলক করতে হবে।
চ. প্রতিটি সফরে প্রশিক্ষিত প্রাথমিক চিকিৎসাকর্মী ও ফার্স্ট এইড বক্স রাখতে হবে।
ছ. শিক্ষার্থীদের বাসে ওঠানামা ও উপস্থিতি গণনার জন্য নির্দিষ্ট পদ্ধতি চালু করতে হবে।
জ. জরুরি যোগাযোগ, নিকটবর্তী হাসপাতাল এবং প্রয়োজন হলে রোগী স্থানান্তরের (রেফারেল) আগাম পরিকল্পনা রাখতে হবে।
ঝ. দুর্ঘটনা ঘটলে বাধ্যতামূলকভাবে প্রতিবেদন তৈরি ও তদন্তের ব্যবস্থা করতে হবে।
ঞ. এসব নির্দেশনা অমান্য করলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সফরের আয়োজকদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে; পিকনিককে শুধু আনন্দ আয়োজন হিসেবে দেখলে চলবে না। এটি বিদ্যালয়ের দায়িত্বে শিক্ষার্থীদের নিয়ে বাইরে যাওয়ার একটি কার্যক্রম। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার দায় শিক্ষাপ্রতিষ্ঠান ও আয়োজকদের ওপর স্পষ্টভাবে নির্ধারণ করা প্রয়োজন।
গওহার নঈম ওয়ারা লেখক, গবেষক ও শিশু অধিকারকর্মী; ইমেইল: [email protected]
মতামত লেখকের নিজস্ব