ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সাক্ষাৎকার

হামের ক্ষেত্রে বাংলাদেশ একটি বেদনাদায়ক উদাহরণ

ক্যাথরিন রাসেল জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অষ্টম নির্বাহী পরিচালক। তিনি ২০২২ সালের ১ ফেব্রুয়ারি এই দায়িত্ব নেন। এর আগে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারী ও হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পারসোনেল দপ্তরের পরিচালক ছিলেন। তিনি ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈশ্বিক নারীবিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্যাথরিন রাসেল গত ১৭ থেকে ১৯ অক্টোবর বাংলাদেশ সফর করেন এবং শিশু অধিকারবিষয়ক বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। তাঁর সফরের সময়ে হামের প্রাদুর্ভাব, টিকাসংকট, বাল্যবিবাহ, স্বাস্থ্য, শিক্ষাসহ শিশু অধিকার বিষয়ে প্রথম আলো লিখিত প্রশ্ন পাঠায় ইউনিসেফের কাছে।

প্রথম আলোর পক্ষে সাক্ষাৎকারটি নিয়েছেন নাজনীন আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো:

আমরা অক্টোবরে শিশু অধিকার সপ্তাহ ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করেছি। বাংলাদেশের শিশু অধিকার পরিস্থিতি সামগ্রিকভাবে কীভাবে মূল্যায়ন করবেন? কোন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে, আর কোন শিশুরা এখনো পিছিয়ে আছে?

ক্যাথরিন রাসেল: শিশুদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে অগ্রগতি সত্ত্বেও বড় কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি—এশিয়ার এমন দেশগুলোর একটি হচ্ছে বাংলাদেশ। উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশের সব শিশু দেশের অগ্রগতির সুফল সমানভাবে পাচ্ছে না। বাল্যবিবাহ ও সহিংসতার ঝুঁকিতে থাকা মেয়ে, প্রতিবন্ধী শিশু, দরিদ্র শিশু, পথশিশু এবং প্রত্যন্ত ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার শিশুদের বাড়তি সহায়তা ও মনোযোগ প্রয়োজন। রোহিঙ্গা শরণার্থী শিশুদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

বাংলাদেশের শিশু ও তরুণদের অসাধারণ দৃঢ়তা আমাকে আশাবাদী করে। ঢাকা ও কক্সবাজারে যেসব কিশোরীর সঙ্গে আমার দেখা হয়েছে, তারা জানিয়েছে, ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখা তারা ছেড়ে দেবে না। অন্য শিশুদের মতো তাদেরও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষা পাওয়ার সুযোগ প্রয়োজন।

আরও পড়ুন
প্রথম আলো:

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ একসময় সফলতার উদাহরণ ছিল। হামের টিকাদানে কী সমস্যা হয়েছে? ইতিমধ্যে হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। সাম্প্রতিক প্রাদুর্ভাব থেকে বাংলাদেশের কী শিক্ষা নেওয়া উচিত?

ক্যাথরিন রাসেল: কোনো শিশুর হাম বা এমন রোগে ভোগা উচিত নয়, যা সহজেই টিকা দিয়ে প্রতিরোধ করা যায়। এ ক্ষেত্রে বাংলাদেশ একটি বেদনাদায়ক উদাহরণ, যা বিশ্বকে মনে করিয়ে দেয় যে টিকাদানের বিষয়ে সতর্কতা কখনো শিথিল করা যাবে না।

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে টিকা থেকে সুরক্ষার ঘাটতি থাকলে খুব দ্রুত রোগ ছড়িয়ে পড়তে পারে। জরুরি হাম টিকাদান কর্মসূচির ফলে সংক্রমণ অনেক কমেছে, তবে এখনো নতুন রোগী শনাক্ত হচ্ছে। নিয়মিত টিকাদানের হার ধারাবাহিকভাবে উচ্চপর্যায়ে রাখতে হবে। হামের টিকার দুই ডোজ ও অন্যান্য অ্যান্টিজেনের ক্ষেত্রে অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনতে হবে। একই সঙ্গে টিকার সরবরাহ যেন নিরবচ্ছিন্ন থাকে এবং সময়মতো টিকা পাওয়া যায়, তা নিশ্চিত করতে হবে।

বাদ পড়া শিশুদের বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় আনতে হবে। রোগ দ্রুত শনাক্ত করা এবং চিকিৎসার ব্যবস্থাও জোরদার করতে হবে। টিকাদানের হার সাময়িকভাবে কমলেও হাম দ্রুত ফিরে আসে এবং সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদের বড় আকারে আঘাত হানে।

আরও পড়ুন
প্রথম আলো:

শিশুমৃত্যুর হার কমানো ও শিশুদের স্কুলে ভর্তির ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি করেছে। কিন্তু লাখ লাখ শিশু এখনো রাস্তায় থাকে বা কাজ করছে। আগামী পাঁচ বছরে শিশুদের জন্য দেশের সবচেয়ে বড় অগ্রাধিকার কী হওয়া উচিত?

ক্যাথরিন রাসেল: গত পাঁচ দশকে শিশুমৃত্যুর হার কমানো ও শিশুশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু লাখ লাখ শিশু যখন এই অগ্রগতির সুফল থেকে বঞ্চিত, তখন একে পূর্ণাঙ্গ সাফল্য বলা যায় না। কড়াইল সফরের সময় আমি দেখেছি, মা-বাবার যত্ন ও সুরক্ষা ছাড়া বেড়ে উঠলে একটি শিশুর জীবনে কী প্রভাব পড়তে পারে। বাংলাদেশে উল্লেখযোগ্যসংখ্যক শিশু মা-বাবার সুরক্ষা ছাড়াই রাস্তায় থাকে। তাদের অনেককে শিশুশ্রমে বাধ্য করা হয়।

ইউনিসেফের সহায়তায় পরিচালিত ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) অনুযায়ী, ২০১৯ সালে শিশুশ্রমের হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে ৯ দশমিক ২ শতাংশ হয়েছে। আমার মতে, আগামী পাঁচ বছরে বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত, যেসব শিশু সবচেয়ে বেশি পিছিয়ে আছে, তাদের কাছেও অগ্রগতির সুফল পৌঁছে দেওয়া। শিশুদের সহিংসতা, শোষণ ও বাল্যবিবাহ থেকে সুরক্ষা দিতে হবে। তাদের স্কুলে ধরে রাখতে হবে। প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ করে বিনিয়োগের বিষয়ে সরকারের পরিকল্পনাকে সাধুবাদ জানাই। তবে এই অর্থ যেন সবচেয়ে বেশি প্রয়োজন—এমন শিশু ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। সফরে আমি দেখেছি, বাংলাদেশের সম্ভাবনা অনেক। আগামী পাঁচ বছরে দেশের সাফল্য বোঝা যাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদের জীবনে অর্থনৈতিক প্রবৃদ্ধি কতটা টেকসই উন্নতি আনতে পারছে, তার ওপর।

প্রথম আলো:

২০২৫ সালের মিকস প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের ৫৬ শতাংশ মেয়ের বিয়ে ১৮ বছর হওয়ার আগেই হয়। বাল্যবিবাহ বন্ধে আইন থাকা সত্ত্বেও এ প্রথা চলছে। বাস্তব প্রেক্ষাপটে এই আইন যথেষ্ট পরিবর্তন আনতে পারছে না কেন?

ক্যাথরিন রাসেল: কড়াইল সফরে ১৪ বছর বয়সী এক মেয়ের সঙ্গে আমার দেখা হয়। বাংলাদেশ সরকারকে সহায়তার লক্ষ্যে ইউনিসেফ পরিচালিত শিশু সুরক্ষা কেন্দ্রের হস্তক্ষেপে তার বাল্যবিবাহ ঠেকানো গিয়েছিল। মেয়েটি আমাকে জানায়, নিজের স্বপ্ন পূরণের জন্য সে লড়েছে। সে পাইলট হতে চায়।

দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার বাংলাদেশে সবচেয়ে বেশি। বিশ্বে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি—এমন ১০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এ পরিস্থিতি আইনি সংস্কারের প্রয়োজনীয়তাকেই তুলে ধরে। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭–তে ১৮ বছরের আগে বিয়ে দেওয়ার যে সুযোগ (ধারা ১৯, বিশেষ বিধান) রাখা হয়েছে, সেটা বাদ দিতে আইন সংশোধনের পক্ষে কাজ করছে ইউনিসেফ। ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধ করার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে বাংলাদেশকে কার্যকর পরিবর্তন আনতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন
প্রথম আলো:

বাংলাদেশে বাল্যবিবাহ বন্ধে কয়েক দশক ধরে কাজ করছে ইউনিসেফ। কোন উদ্যোগগুলো কাজে আসেনি এবং এখন কী পরিবর্তন প্রয়োজন, এ বিষয়ে কী শিক্ষা পেয়েছে সংস্থাটি?

ক্যাথরিন রাসেল: একটি শিক্ষা স্পষ্ট, আর সেটি হচ্ছে, আইন কার্যকরভাবে প্রয়োগ না হলে ও মাঠপর্যায়ে বাস্তব পদক্ষেপ না নেওয়া হলে শুধু আইন করে মেয়েদের জীবনে পরিবর্তন আনা সম্ভব নয়। সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষ যেন প্রয়োজনীয় সহায়তা পায়, সে লক্ষ্যে সামাজিক সেবাকর্মীর সংখ্যা ও সক্ষমতা বাড়ানোও জরুরি। মানসম্মত শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ, স্বাস্থ্যসেবা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষার মতো সমস্যাগুলোও সমাধান করতে হবে। সমন্বিত উদ্যোগ ও নীতিগত সংস্কারের মাধ্যমে এসব বাধা দূর করতে হবে।

প্রথম আলো:

ইউনিসেফ কয়েক দশক ধরে বাংলাদেশে কাজ করছে। আপনার মতে, কোন ক্ষেত্রে সংস্থাটি সফল হয়েছে, আর কোথায় ঘাটতি রয়ে গেছে?

ক্যাথরিন রাসেল: গত পাঁচ দশকে বাংলাদেশ সরকার ও অংশীদারদের সঙ্গে মিলে আমরা যে কাজ করেছি, তা নিয়ে ইউনিসেফ গর্ব করতে পারে। শিশুমৃত্যু কমেছে। দারিদ্র্য ও বঞ্চনা কমেছে। লাখ লাখ শিশু উন্নত স্বাস্থ্য ও পুষ্টিসেবা পাচ্ছে। টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। নিরাপদ পানি ও পয়োনিষ্কাশনের সুযোগ অনেক বেড়েছে। বিদ্যালয়ে যাওয়া শিশুর সংখ্যাও বেড়েছে। জাতীয় ব্যবস্থাকে শক্তিশালী করা এবং প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে এসব অর্জনে ইউনিসেফ ভূমিকা রেখেছে। 

তবে অগ্রগতির সুফল এখনো সব শিশুর কাছে পৌঁছায়নি। প্রায় ১ কোটি ৭০ লাখ শিশু বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। আরও অনেক শিশুর পরিবার সামান্য বিপর্যয়েই দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারে। এসব চ্যালেঞ্জ মনে করিয়ে দেয়, কত শিশুর কাছে পৌঁছানো গেল, শুধু তা দিয়ে সাফল্য মাপা যায় না। তাদের জীবনে স্থায়ী উন্নতি আনা যাচ্ছে কি না, সেটিও দেখতে হবে। দারিদ্র্য, ক্ষতিকর সামাজিক রীতি, সেবায় অসম সুযোগ এবং শিশুদের জন্য অপর্যাপ্ত বিনিয়োগ-বঞ্চনার এসব মূল কারণ দূর করতে আরও কাজ করতে হবে।

কোন উদ্যোগ কার্যকর, তার ভিত্তিতে কর্মসূচি, নীতি ও বাজেট নির্ধারণ করতে হবে। শিশু ও তরুণদের সঙ্গে আলোচনা করে ইউনিসেফের সহায়তায় শিশু অধিকার ইশতেহার তৈরি হয়েছে। ১২টি রাজনৈতিক দল এতে সমর্থন দিয়েছে। এর ফলে জাতীয় আলোচনায় শিশুদের অগ্রাধিকারগুলো উঠে এসেছে এবং সেসব প্রতিষ্ঠায় যৌথ অঙ্গীকার তৈরি হয়েছে।

প্রথম আলো:

কোনো শিশু যেন পিছিয়ে না থাকে—শিশু অধিকার জোরদার করতে বাংলাদেশ সরকারের প্রতি আপনার প্রধান পরামর্শ কী?

ক্যাথরিন রাসেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আলোচনাতেও আমি বলেছি, নতুন সরকারের প্রতি আমার মূল বার্তা হচ্ছে, বাংলাদেশের জাতীয় উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে শিশুদের রাখতে হবে এবং রাজনৈতিক অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে।

প্রথমত, কিশোরীদের সুরক্ষা দিতে হবে এবং তাদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। মেয়েরা যেন লেখাপড়া চালিয়ে যেতে পারে, সব ধরনের সহিংসতা ও বাল্যবিবাহ থেকে সুরক্ষিত থাকে ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যে জোরালো পদক্ষেপ দরকার। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ থেকে বিশেষ বিধান বাতিল করা জরুরি।

দ্বিতীয়ত, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে। বরাদ্দ সময়মতো ছাড় করতে হবে এবং তা কার্যকর ও ন্যায়সংগতভাবে ব্যবহার করতে হবে, যেন পিছিয়ে থাকা এলাকার শিশুরাও এর সুফল পায়।

তৃতীয়ত, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ অসাধারণ উদারতার পরিচয় দিয়েছে। তবে দেড় লাখের বেশি রোহিঙ্গা শিশু এখনো শিক্ষার বাইরে রয়েছে। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিশুদের জন্য নিরাপদে শেখার জায়গা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে আমরা সরকারকে উৎসাহিত করছি।

প্রথম আলো:

সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ক্যাথরিন রাসেল: আপনাকেও ধন্যবাদ।