হিন্দুদের বাড়িঘরে হামলা ইসলামবিরোধী: হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেফাজত ইসলাম বাংলাদেশ

ধর্ম অবমাননার অভিযোগ তুলে নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা–ভাংচুরের নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম। কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটি বলেছে, এই হামলা ও ভাঙচুরের ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, এটা স্পষ্ট ইসলামবিরোধী কর্মকাণ্ড।

আজ সোমবার সংগঠনের প্রচার সম্পাদক মুহিউদ্দিন রাব্বানী স্বাক্ষরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এসব কথা বলেন।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, নড়াইলে আকাশ সাহার ইসলাম অবমাননা এবং সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা একই সূত্রে গাঁথা। যারা আকাশ সাহাকে দিয়ে ইসলাম অবমাননা করিয়েছে, তারাই সংখ্যালঘুদের ওপর হামলার ইন্ধন জুগিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নড়াইলে হিন্দু যুবক আকাশ সাহা মহানবী হজরত মুহাম্মদ (স.)–কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করায় প্রতিবাদ জানান সাধারণ মুসলমানেরা। জুমার নামাজের পর সেই প্রতিবাদ হয়। পরবর্তী সময়ে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এই হামলা ও ভাঙচুরের ঘটনা শুধু নিন্দনীয়ই নয়, এটা স্পষ্ট ইসলামবিরোধী কর্মকাণ্ড।

আরও পড়ুন

এসব কাজ ইসলাম ও দেশবিরোধী শক্তির দ্বারা সংঘটিত হচ্ছে মন্তব্য করে হেফাজতে ইসলামের প্রধান দুই নেতা বলেন, আকাশ সাহাকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে শাস্তির সম্মুখীন করতে হবে।

আরও পড়ুন