মৃত্যুর পরও যে ৩ গুণ মুমিনকে বাঁচিয়ে রাখে

ছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ পৃথিবীতে আসে, আবার একদিন সব ছেড়ে চলে যায়। সময় গড়ালে পেছনে পড়ে থাকে তার সম্পদ, পদমর্যাদা আর জাগতিক সব অর্জন।

কিন্তু কিছু মানুষের নাম মানুষের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকে। কারও কথা মনে পড়ে তাঁর সততার জন্য, কারও কথা তাঁর সুন্দর ব্যবহারের জন্য।

ক্ষমতা কিংবা বাহ্যিক আভিজাত্য একসময় ম্লান হয়ে যায়, কিন্তু উত্তম চরিত্র ও নৈতিকতার স্মৃতি সহজে মুছে যায় না।

মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক মর্যাদার আসল ভিত্তি হলো তার নৈতিকতা। দৈনন্দিন চালচলন, কথাবার্তা, লেনদেন আর মানুষের সঙ্গে আচরণে যখন সততা ও সৌজন্যের ছাপ থাকে, তখনই একজন মানুষ প্রকৃত অর্থে নৈতিক হয়ে ওঠেন।

এমন মানুষ শুধু নিজের কল্যাণ নিয়ে ভাবেন না; অন্যের অধিকার, সম্মান ও নিরাপত্তার প্রতিও সমান যত্নশীল থাকেন।

ইসলামে ইমানের পূর্ণতা ও সৌন্দর্যের সঙ্গে উত্তম চরিত্রের গভীর সম্পর্ক রয়েছে। ইবাদত-বন্দেগির পাশাপাশি সততা, বিনয়, ক্ষমাশীলতা ও শিষ্টাচার ছাড়া ইমানের প্রকৃত রূপ ফুটে ওঠে না।

এ কারণেই মহান আল্লাহ তাঁর প্রিয় রাসুল মুহাম্মদকে সর্বোত্তম চরিত্রের আদর্শ করে পাঠিয়েছেন।

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ওপর অধিষ্ঠিত।’ (সুরা কলম, আয়াত: ৪)

আরেক আয়াতে বলা হয়েছে, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব, আয়াত: ২১)

১. উত্তম চরিত্র: ইবাদতের সমান মর্যাদা

সুন্দর চরিত্র শুধু সামাজিক শিষ্টাচার নয়, ইসলামে এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এক ইবাদত।

মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী আসনে থাকবে তারা, যাদের চরিত্র সবচেয়ে সুন্দর।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২০১৮)

মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কাউকে কষ্ট না দেওয়া, রাগ নিয়ন্ত্রণ করা এবং অন্যের অধিকার রক্ষা করা—এসবই এই মহৎ ইবাদতের অংশ।
আরও পড়ুন

আরেক হাদিসে তিনি বলেছেন, ‘নিশ্চয়ই মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে (দিনের) রোজা পালনকারী ও (রাতের) তাহাজ্জুদ আদায়কারীর মর্যাদা লাভ করতে পারে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৭৯৮)

মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, কাউকে কষ্ট না দেওয়া, রাগ নিয়ন্ত্রণ করা এবং অন্যের অধিকার রক্ষা করা—এসবই এই মহৎ ইবাদতের অংশ।

২. সততা ও আমানতদারি

একজন মানুষ যত বড় পদমর্যাদার অধিকারীই হোন না কেন, সততা ও আমানতদারি না থাকলে তাঁর নৈতিকতা অসম্পূর্ণ থেকে যায়। ব্যবসা-বাণিজ্য, চাকরি কিংবা ব্যক্তিগত লেনদেন—সব ক্ষেত্রেই সততা বজায় রাখা মুমিনের কর্তব্য। 

মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন আমানত তার হকদারদের কাছে পৌঁছে দাও এবং যখন মানুষের মধ্যে বিচার করবে, তখন ন্যায়বিচার করবে।’ (সুরা নিসা, আয়াত: ৫৮)

ওজনে কম দেওয়া, প্রতারণা করা, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, ঘুষ বা দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়া এবং অন্যের হক নষ্ট করা—এসবই নৈতিকতাবিরোধী কাজ।

কোরআনে কঠোরভাবে নিষেধ করে বলা হয়েছে, ‘তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৮)

৩. কথাবার্তা ও ছোট ছোট আচরণে শালীনতা

নৈতিকতা শুধু বড় বড় লেনদেন বা রাষ্ট্রীয় দায়িত্বে সীমাবদ্ধ নয়; বরং দৈনন্দিন কথাবার্তা ও সাধারণ আচরণেই এর আসল প্রকাশ ঘটে।

বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, প্রতিবেশীর খোঁজ নেওয়া কিংবা বিপদে মানুষের পাশে দাঁড়ানো—এসবই সুন্দর চরিত্রের পরিচায়ক।

আরও পড়ুন
এমন জীবন গড়ে তোলা প্রয়োজন, যেন আমাদের চলে যাওয়ার পরও মানুষ আমাদের সুন্দর ব্যবহার ও সৎকাজের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

কথাবার্তায় সংযত থাকার নির্দেশ দিয়ে মহানবী বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ৬০১৮) 

কারণ, মানুষের মুখের একটি রূঢ় কথাও অন্যের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করতে পারে।

সুন্দর সমাজের ভিত্তি

পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ন্যায়বিচার ছাড়া কোনো সমাজে শান্তি টেকে না। নৈতিকতাহীন মানুষ নিজের স্বার্থে অন্যের ক্ষতি করতে দ্বিধা করে না।

গিবত, হিংসা, মিথ্যা অপবাদ আর জুলুম দিয়ে তারা সমাজের পরিবেশ বিষাক্ত করে তোলে।

অথচ কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সদাচরণ ও আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অসৎকাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন।’ (সুরা নাহল, আয়াত: ৯০)

মানুষের স্মৃতিতে যা বেঁচে থাকে

কেউ ইন্তেকাল করলে তাঁর ব্যাংক-ব্যালান্স কিংবা পদমর্যাদার চেয়ে বেশি আলোচিত হয় তাঁর আচার-ব্যবহার ও মানবিকতার কথা।

কেউ বলেন, মানুষটি খুব ভালো ছিলেন, কারও সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। কেউ স্মরণ করেন, বিপদে তাঁকে পাশে পাওয়া যেত। আবার কেউ বলেন তাঁর আমানতদারি ও ন্যায়পরায়ণতার কথা। 

মানুষের এই অকৃত্রিম স্বীকৃতিই প্রমাণ করে, একজন মানুষের প্রকৃত সম্পদ তার উত্তম চরিত্র। সম্পদ ও ক্ষমতা মানুষকে সাময়িক পরিচিতি দেয়, কিন্তু উত্তম চরিত্রই তাকে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দেয়।

তাই এমন জীবন গড়ে তোলা প্রয়োজন, যেন আমাদের চলে যাওয়ার পরও মানুষ আমাদের সুন্দর ব্যবহার ও সৎকাজের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

  • ইবরাহীম আল খলীল: শিক্ষক, জামিয়া আরাবিয়া আশরাফুল মাদারিস, তেজগাঁও, ঢাকা

আরও পড়ুন