আয়েশার সঙ্গে যেভাবে গল্প করতেন নবীজি
নবীজির জীবনের একটি অত্যন্ত মানবিক, কোমল ও হৃদয়গ্রাহী দিক হলো তাঁর পারিবারিক আচরণ—বিশেষ করে স্ত্রী আয়েশার সঙ্গে তাঁর সম্পর্ক। তিনি শুধু একজন মহান নবীই ছিলেন না, বরং একজন স্বামী হিসেবেও অনন্য ছিলেন।
স্ত্রীর সঙ্গে তাঁর হাসি-মজাক, গল্প-আড্ডা এবং স্নেহপূর্ণ আচরণ আমাদের সামনে এক সুন্দর দাম্পত্য জীবনের চিত্র তুলে ধরে। হাদিসের বর্ণনায় আমরা সেই সম্পর্কের একটি অনুপম দিক দেখতে পাই, যেখানে ভালোবাসা, আন্তরিকতা, রসবোধ এবং পারস্পরিক সম্মান একসঙ্গে মিশে গেছে।
নবীজি (সা.) আয়েশাকে খুশি রাখার জন্য বিভিন্ন সময় মজার গল্প করতেন এবং তার কাছ থেকেও গল্প শুনতেন। দাম্পত্য জীবনে আনন্দ-উচ্ছ্বাস এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি বুঝতেন।
একবার তিনি ‘খুরাফা’ নামের একটি কাহিনির প্রসঙ্গ তোলেন এবং আয়েশাকে জিজ্ঞেস করেন, তিনি এ সম্পর্কে জানেন কি না। এরপর তিনি ব্যাখ্যা করেন, ‘খুরাফা’ মূলত এক ব্যক্তির নাম, যিনি জিনদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেছিলেন এবং ফিরে এসে তাদের অদ্ভুত ঘটনাগুলো মানুষের মাঝে বর্ণনা করতেন। তখন থেকে অলীক বা কল্পনাপ্রসূত গল্পকে ‘খুরাফার কাহিনি’ বলা হয়।
এরপর আয়েশা (রা.) নবীজিকে একটি দীর্ঘ গল্প শোনান, যা ‘এগারো নারীর ঘটনা’ নামে পরিচিত। এই গল্পে ১১ জন নারী একত্র হয়ে নিজেদের স্বামীদের সম্পর্কে খোলামেলা আলোচনা করার সিদ্ধান্ত নেয়।
এই ঘটনাটি আমাদের দেখায়, নবীজি কিভাবে সহজ, রসাত্মক ও শিক্ষণীয় উপায়ে কথা বলতেন। (মুসনাদে আহমাদ, ৭/১৫৭)
এরপর আয়েশা (রা.) নবীজিকে একটি দীর্ঘ গল্প শোনান, যা ‘এগারো নারীর ঘটনা’ নামে পরিচিত। এই গল্পে ১১ জন নারী একত্র হয়ে নিজেদের স্বামীদের সম্পর্কে খোলামেলা আলোচনা করার সিদ্ধান্ত নেয়। প্রত্যেক নারী তার স্বামীর চরিত্র, স্বভাব ও আচরণ তুলে ধরে, যা একদিকে যেমন বাস্তব জীবনের প্রতিচ্ছবি, তেমনি মানব চরিত্রের বিভিন্ন দিকও উন্মোচিত করে।
প্রথম নারী তার স্বামীকে দুর্বল ও অনাকর্ষণীয় বলে বর্ণনা করে—যেন পাহাড়ের চূড়ায় রাখা এমন মাংস, যা পেতে কষ্ট, আবার তাতে কোনো আকর্ষণও নেই। দ্বিতীয় নারী বলে, তার স্বামীর দোষ এত বেশি যে তা বর্ণনা করতে গেলে শেষ হবে না—এই ভয়ে কিছুই বলতে চায় না। তৃতীয় নারী তার স্বামীকে কঠোর ও অবহেলাকারী হিসেবে তুলে ধরে, যে তাকে ঝুলন্ত অবস্থায় রাখে—না দেয় স্বাধীনতা, না দেয় ভালোবাসা।
চতুর্থ নারী তার স্বামীকে ভারসাম্যপূর্ণ বলে বর্ণনা করে—না বেশি কঠোর, না বেশি নরম; তার সঙ্গে জীবন শান্তিপূর্ণ। পঞ্চম নারী বলে, তার স্বামী বাইরে শক্তিশালী ও সাহসী হলেও ঘরে এসে নম্র ও নির্ভার থাকে। ষষ্ঠ নারীর স্বামী ভোগবিলাসী ও উদাসীন—খাওয়া-দাওয়া করে নিজেকে নিয়েই ব্যস্ত, স্ত্রীর প্রতি কোনো খেয়াল নেই।
সপ্তম নারী তার স্বামীকে নির্বোধ, দুর্বল ও আক্রমণাত্মক বলে উল্লেখ করে, যে স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করতে পারে। অষ্টম নারী তার স্বামীর কোমলতা ও সুগন্ধের প্রশংসা করে, যা ভালোবাসা ও আকর্ষণের প্রতীক। নবম নারী তার স্বামীর বংশীয় মর্যাদা, অতিথিপরায়ণতা ও সামাজিক গ্রহণযোগ্যতার কথা বলে—যে মানুষের জন্য উন্মুক্ত ও পরামর্শদাতা।
দশম নারী তার স্বামীর প্রশংসা করতে গিয়ে বলে, তার গুণাবলি এত বেশি যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সে অত্যন্ত দানশীল, অতিথিপরায়ণ এবং উদার মনের অধিকারী। তার সম্পদ ও উদারতা এমন যে, মেহমানদের আপ্যায়নে সে সবসময় প্রস্তুত।
এরপর সে অন্য একজনকে বিয়ে করলেও আগের স্বামীর ভালোবাসা ও মর্যাদার সঙ্গে তার তুলনা করতে পারে না।
সবশেষে একাদশ নারী তার স্বামী আবু যারআ সম্পর্কে দীর্ঘ ও আবেগপূর্ণ বর্ণনা দেয়।
সে বলে, তার স্বামী তাকে দরিদ্র অবস্থা থেকে সমৃদ্ধ জীবনে নিয়ে এসেছে, তাকে ভালোবাসা, সম্মান ও প্রাচুর্যে ভরিয়ে দিয়েছে। তার পরিবার—মা, ছেলে, মেয়ে ও দাসী—সবাই গুণে ভরপুর। কিন্তু একদিন আবু যারআ অন্য এক নারীর প্রতি আকৃষ্ট হয়ে তাকে তালাক দেয়। এরপর সে অন্য একজনকে বিয়ে করলেও আগের স্বামীর ভালোবাসা ও মর্যাদার সঙ্গে তার তুলনা করতে পারে না। (সহিহ বুখারি, হাদিস: ৫১৮৯, সহিহ মুসলিম, হাদিস: ২৪৪৮)
এই গল্প শোনার পর নবীজি (সা.) আয়েশাকে বলেন, “আবু যারআ তার স্ত্রী উম্মে যারআর জন্য যেমন ছিল, আমিও তোমার জন্য তেমন”—তবে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, তিনি কখনো তাঁকে ত্যাগ করবেন না।
এই উক্তি ছিল গভীর ভালোবাসা, আশ্বাস ও প্রতিশ্রুতির প্রতীক।
এই পুরো ঘটনাটি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষার উৎস। এখানে দাম্পত্য জীবনের বিভিন্ন রূপ ফুটে উঠেছে—কোথাও অবহেলা, কোথাও ভালোবাসা, কোথাও ভারসাম্য, আবার কোথাও বিচ্ছেদ। একই সঙ্গে এটি আমাদের শেখায়, স্বামী-স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত—ভালোবাসা, সম্মান, সহানুভূতি ও দায়িত্ববোধের সমন্বয়।
সবচেয়ে বড় কথা, নবীজির আচরণ আমাদের জন্য একটি আদর্শ। তিনি স্ত্রীকে সময় দিতেন, তার সঙ্গে কথা বলতেন, তাকে আনন্দ দিতেন এবং তার অনুভূতির মূল্য দিতেন।
আহমাদ সাব্বির: আলেম ও লেখক