আপনার কথা কি আপনার বিপদের কারণ হচ্ছে

ছবি: পেক্সেলস

মানুষের জীবনে কথার প্রভাব অপরিসীম। একটি মাত্র কথা যেমন হৃদয় জয় করতে পারে, তেমনি একটি অসচেতন বাক্য বিভেদ, কষ্ট ও অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। তাই ইসলাম কথা বলাকে কেবল অভ্যাস হিসেবে দেখেনি; বরং ইমান, চরিত্র ও দায়িত্ববোধের অংশ হিসেবে বিবেচনা করেছে। একজন মুমিনের প্রতিটি কথা হওয়া উচিত চিন্তাশীল, সংযত ও কল্যাণমুখী—যেখানে সত্য, প্রজ্ঞা ও নৈতিকতার অপূর্ব সমন্বয় থাকে। 

১. কথা বলার আগে ভাবা

একজন মুমিনের প্রথম দায়িত্ব হলো নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা। হুটহাট কিছু বলার আগে তিনি যেন নিজেকে প্রশ্ন করেন, আমার কথা কি প্রয়োজনীয়, সত্য এবং কল্যাণকর? রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।” (সহিহ বুখারি, হাদিস: ৬১৩৮)

এই নির্দেশনা শুধু নীরব থাকার আহ্বান নয়; বরং দায়িত্বশীলভাবে কথা বলার অপূর্ব শিক্ষা। কেননা অপ্রয়োজনীয় বা অসচেতন কথা অনেক সময় অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন

২. অপ্রয়োজনীয় কথা পরিহার করা 

সব কথা জরুরি নয়; আবার সবসময় সব কথা বলা সমীচীন নয়। বরং অনেক সময় নীরব থাকাই সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ প্রতিক্রিয়া। মহানবী (সা.)-এর একটি অমূল্য বাণী তা-ই প্রমাণ করে। তিনি বলেছেন,“যে নীরব থাকে, সে নাজাত পায়।” (সুনানে তিরমিজি, হাদিস: ২৫০১)

এই নীরবতা দুর্বলতার চিহ্ন নয়; বরং এটি আত্মসংযম ও প্রজ্ঞার বহিঃপ্রকাশ। যখন মানুষ নিজের জিহ্বা নিয়ন্ত্রণে রাখতে পারে, তখন সে অপ্রয়োজনীয় বিতর্ক ও কটু কথা থেকে নিজেকে রক্ষা করতে পারে। একই সঙ্গে, গিবত ও পরনিন্দার মতো গুরুতর গুনাহ থেকেও নিরাপদে থাকা সম্ভব হয়।

৩. অর্থবহ কথা বলা 

ইসলাম কেবল সংযত কথাবার্তার শিক্ষা দেয় না; বরং সংক্ষিপ্ত, স্পষ্ট ও অর্থবহভাবে কথা বলার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করে। আয়েশা (রা.) বর্ণনা করেন, “নবীজি এমনভাবে কথা বলতেন যে, কেউ চাইলে তাঁর কথাগুলো গুণে নিতে পারত।” (সহিহ বুখারি, হাদিস: ৩৫৬৭)

এই হাদিস থেকে বোঝা যায়, অল্প কথায় গভীর অর্থ প্রকাশ করা সুন্নাহ এবং তা প্রজ্ঞার পরিচায়ক। কারণ, অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কথা বক্তব্যকে দুর্বল করে এবং শ্রোতার আগ্রহ কমিয়ে দেয়। বিপরীতে, সংক্ষিপ্ত ও স্পষ্ট বক্তব্য সহজেই মানুষের হৃদয়ে গেঁথে যায় এবং দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

আরও পড়ুন

৪. বেশি কথায় ভুলের সুযোগ 

অতিরিক্ত কথা মানুষকে অজান্তেই ভুলের দিকে ঠেলে দেয়। কথা যত বাড়ে, নিয়ন্ত্রণ তত কমে যায়। ফলে কথার ভেতর অনায়াসেই ঢুকে পড়ে মিথ্যা, অতিরঞ্জন বা অপ্রীতিকর বিষয়। মহানবী (সা.) তাই এ বিষয়ে বারবার উম্মতকে সতর্ক করেছেন। তিনি বলেন, “নিশ্চয়ই বান্দা এমন কথা বলে, যা আল্লাহ–তাআলার অসন্তোষের কারণ। সে এটিকে তুচ্ছ মনে করে; অথচ সেই কথার কারণেই সে দোজখে পতিত হয়।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪৭৮)

একবার ভেবে দেখুন, আমরা প্রতিদিন কত কথা বলি, যার অনেকটাই হয়তো প্রয়োজনের অতিরিক্ত। কিন্তু সেই কথাগুলোর জবাবদিহিতা ও পরিণতি সম্পর্কে আমরা কতটা সচেতন?

৫. প্রতিটি কথাই হিসাবযোগ্য

আমরা অনেক সময় ভাবি, “একটু কথাই তো বললাম, এতে কীই বা হবে” কিন্তু ইসলাম শেখায়, কোনো কথাই গুরুত্বহীন নয়। কোরআনে ইরশাদ হয়েছে, “মানুষ যে কথাই বলে, তা সংরক্ষণের জন্য তার নিকটে সর্বক্ষণ একজন প্রহরী নিয়োজিত থাকে।” (সুরা ক্বাফ, আয়াত: ১৮)

এই উপলব্ধি মানুষের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করে। তখন তিনি বুঝতে পারেন, তার প্রতিটি কথা কেবল মানুষের কাছেই নয়; বরং আল্লাহর কাছেও হিসাবযোগ্য। ফলে তিনি আরও সতর্ক, সংযত ও সচেতন হয়ে ওঠেন।

রায়হান আল ইমরান: লেখক ও গবেষক

আরও পড়ুন