ভারত করল ৩ সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজ নিল ৩ উইকেট

সেঞ্চুরি করে জুরেলের উদ্‌যাপন, পরে তিন অঙ্ক ছুঁয়েছেন জাদেজাও। আজ আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনেএএফপি

সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি—২০২৫ সালে আরও একবার ইনিংসে তিন সেঞ্চুরির দেখা পেল ভারত। আজ আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনে ভারতের হয়ে তিন অঙ্ক ছুঁয়েছেন লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। স্বাগতিকদের তিন সেঞ্চুরির বিপরীতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ পুরো দিনে নিতে পেরেছে মাত্র ৩ উইকেট।

ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সের বিপরীতমুখী দিন শেষে ম্যাচে এগিয়ে ভারত। স্বাগতিকেরা দ্বিতীয় দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৪৮ রান নিয়ে। প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছে ১৬২ রানে। আগামীকাল ভারত তৃতীয় দিন শুরু করবে ২৮৬ রানে এগিয়ে থেকে।

আগের দিনের ২ উইকেটে ১২১ রানের সঙ্গে ভারত আজ যোগ করেছে ৩২৭ রান। ৫৩ রান নিয়ে নামা রাহুল সেঞ্চুরি পূর্ণ করেন লাঞ্চের আগেই। ১৯০ বলে তিন অঙ্ক ছোঁয়া ইনিংসটি রাহুলের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি, ঘরের মাঠে মাত্র দ্বিতীয়।

৯ বছর পর ঘরের মাঠে সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল
এএফপি

ঘরের মাঠে তাঁর আগের সেঞ্চুরিটি ২০১৬ সালের ডিসেম্বরে চিপকে, ইংল্যান্ডের বিপক্ষে। জাদেজা ছাড়া ভারতের এই দলের আর কেউই তখনো টেস্ট দলে পা রাখেননি।

ভারতের মাটিতে রাহুলের ৯ বছর বিরতির পরের সেঞ্চুরিটি অবশ্য লম্বা হয়নি। লাঞ্চ বিরতির পর চতুর্থ বলেই জোমেল ওয়ারিক্যানের বলে ওই ১০০ রানেই জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন। এর আগে ৫০ রান করে রোস্টন চেজের বলে গ্রিভসের হাতে ক্যাচ দেন শুবমান গিলও।

আরও পড়ুন

২১৮ রানে চতুর্থ উইকেট হারানো ভারতকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেয় জুরেল–জাদেজার জুটি। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ২০৬ রান। জুরেল প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করে আউট হন ১২৫ রানে। খারি পিয়েরের বলে শাই হোপের ক্যাচে ফেরার আগে মারেন ৩টি ছক্কা ও ১৫টি চার।

প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন ধ্রুব জুরেল
এএফপি

দিনের বাকি অংশ ওয়াশিংটন সুন্দরকে নিয়ে পার করে দেন জাদেজা, তুলে নেন ষষ্ঠ টেস্ট সেঞ্চুরিও। জাদেজা ১০৪ আর সুন্দর ৯ রানে ব্যাট করছেন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৪.১ ওভারে ১৬২ (গ্রিভস ৩২, হোপ ২৬, চেজ ২৪; সিরাজ ৪/৪০, বুমরা ৩/৪২)।

ভারত ১ম ইনিংস: ১২৮ ওভারে ৪৪৮/৫ (জুরেল ১২৫, জাদেজা ১০৪*, রাহুল ১০০, গিল ৫০; চেজ ২/৯০, সিলস ১/৫৩)।

* ভারত ২৮৬ রানে এগিয়ে।

আরও পড়ুন