পাকিস্তান অধিনায়কের স্ত্রী বললেন, গালাগালি করলে বিশ্বকাপ আসবে না

সালমান আগাএএফপি

ইংল্যান্ডের কাছে হেরে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখন সুতোর ওপর ঝুলছে। আরও একটি আইসিসি টুর্নামেন্টে দলকে খারাপ খেলতে দেখে সমর্থকেরা যারপরনাই অসন্তুষ্ট। তবে কিছু পাকিস্তানি সমর্থকের অসন্তোষ রীতিমতো ব্যক্তি আক্রমণ ও পরিবারের সদস্যদের কটূক্তি পর্যন্ত পৌঁছে গেছে।

আর সেটা এমনই পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তান অধিনায়কের স্ত্রী ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, গালাগালি করলে বিশ্বকাপ আসবে না।

টি–টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পাকিস্তানের ম্যাচ বাকি একটি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়ার পর দ্বিতীয়টিতে ইংল্যান্ডের কাছে হার ২ উইকেটে। মঙ্গলবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচটিতে অধিনায়ক সালমানের একাধিক সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়।

ম্যাচের পরের দিকে শিশিরের প্রভাব থাকবে জেনেও টসে জিতে আগে ব্যাটিংয়ে নামা এবং ফিল্ডিংয়ের সময় বোলার অদল–বদল নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। এর সঙ্গে যোগ হয় সালমানের ব্যাটিং–ব্যর্থতাও। ৬ বল খেলে ৫ রান করে আউট হন পাকিস্তান অধিনায়ক। শেষ পর্যন্ত পাকিস্তান হেরে গিয়ে খাদের কিনারে পৌঁছে গেলে কিছু সমর্থকের ক্ষোভের প্রকাশ মাত্রা ছাড়িয়ে যায়। সালমান ও তাঁর পরিবারের সদস্যদের কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেন তাঁরা।

সপরিবার সালমান আগা
সালমানের ইনস্টাগ্রাম পোস্ট করে

টি–টুয়েন্টিতে সালমানকে নিয়ে আগে থেকেই সমালোচনা থাকলেও এবারের দর্শক–প্রতিক্রিয়ায় চুপ থাকতে পারেননি তাঁর স্ত্রী সাব্বা মানজার। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাকে বা আমার নির্দোষ ছেলেকে গালাগাল করে তোমরা বিশ্বকাপ জিততে পারবে না, পাকিস্তানি সমর্থকেরা।’

সালমানের হতাশার টুর্নামেন্ট

শুধু ইংল্যান্ডের বিপক্ষে নয়, গ্রুপ পর্বের চার ম্যাচেও পাকিস্তান অধিনায়ক বড় কোনো ইনিংস খেলতে পারেননি। টি–টুয়েন্টি বিশ্বকাপে ৫ ইনিংসে ১২ গড়ে ৬০ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট মাত্র ১৩৬.৩৬। বোলিং করেছেন মাত্র এক ম্যাচে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ২ ওভার হাত ঘুরিয়ে অবশ্য ১টি উইকেটও পেয়েছিলেন।

আরও পড়ুন