পিচ বিপজ্জনক, বন্ধ হয়ে গেল বিগ ব্যাশের ম্যাচ

কার্দিনিয়া পার্কের উইকেট খেলার জন্য বিপজ্জনক মনে হয়েছে আম্পায়ারদেরক্রিকেটডটকমডটএইউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিচ খেলার অনুপযোগী হওয়ায় বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডস–পার্থ স্কোরচার্স ম্যাচ পণ্ড হয়ে গেছে। নির্ধারিত সময়ে টস এবং ম্যাচ শুরু হলেও ৬.৫ ওভার পর খেলা বন্ধ হয়ে যায়। পরে মাঠ পরীক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

রেনেগেডস–স্কোরচার্স ম্যাচটি হয়েছে সাউথ গিলংয়ের কার্দিনিয়া পার্কে। আগের রাতে স্টেডিয়াম অঞ্চলে প্রচুর বৃষ্টি হওয়ায় কাভারের নিচে ঢাকা পিচও সিক্ত হয়ে পড়ে। ম্যাচ শুরুর আগপর্যন্ত শুকানোর চেষ্টা চালালেও সেটি পুরোপুরি সফল হয়নি।

টসের সময় রেনেগেডস অধিনায়ক নিক ম্যাডিনসন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জানাতে গিয়ে ভেজা পিচের প্রসঙ্গ টানেন। পরে স্কোরচার্স ব্যাট করতে নামলে উইকেটের অসম বাউন্স বোলার–ব্যাটসম্যান দুই পক্ষের জন্যই অস্বস্তিকর হয়ে ওঠে।

ইনিংসের সপ্তম ওভারে উইল সাদারল্যান্ডের পঞ্চম ডেলিভারি অফ স্টাম্পের বেশ বাইরে পড়ার পর অস্বাভাবিক আচরণ করলে এ নিয়ে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন ব্যাটসম্যান জস ইংলিস। তখনই ম্যাচ বন্ধ করে দেন দুই আম্পায়ার। সিদ্ধান্ত নেন, মাঠের পরিস্থিতি পরখ করা হবে। এর কিছুক্ষণ পর এই উইকেটে খেলা চালানো সম্ভব নয় জানিয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তাঁরা।

খেলা বন্ধের আগে স্কোরচার্সের রান ছিল ২ উইকেটে ৩০, অ্যারন হার্ডি ২৩ বলে ২০ আর ইংলিস ৭ বলে ৩ রানে ব্যাট করছিলেন।

আরও পড়ুন

পরে খেলা পরিত্যক্তের বিষয়ে আম্পায়ার বেন ট্রেলোর বলেছেন, ‘শেষ ডেলিভারিটিতে উইকেটের অস্বাভাবিক আচরণ দেখলাম আমরা। আমাদের মনে হয়েছে, এটা বিপজ্জনক হয়ে উঠেছে। যে কারণে খেলা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

পিচের কন্ডিশন ভালো না হওয়ার পরও খেলা শুরু করা নিয়ে ট্রেলোর জানান, শুরুতে আশাবাদী ছিলেন তাঁরা, ‘প্রথমে ভালোই মনে হয়েছিল। আর খেলা শুরু না করলে এ ধরনের পরিস্থিতি পুরোপুরি আঁচও করা যায় না। প্রথম কয়েক ওভারের পরও মনে হয়েছে খেলা শেষ করা যাবে। কিন্তু শেষ বলটা দেখে আমাদের বিবেচনায় বিপজ্জনকই মনে হয়েছে।’

আরও পড়ুন

উইকেট নিয়ে আগে থেকে সন্দেহ থাকলেও দুই দলের মিলিত সিদ্ধান্তেই খেলা মাঠে গড়িয়েছে বলে জানান স্কোরচার্সের অধিনায়ক অ্যাস্টন টার্নার, ‘এই উইকেট নিয়ে আগে থেকেই ভাবনা ছিল। তবে দুই দলই ভেবেছি চেষ্টা করা যাক। সৌভাগ্যজনকভাবে কেউ আহত হয়নি।’

মেলবোর্ন রেনেগডসের জেনারেল ম্যানেজার জেমস রোজেনগার্টেন এক বিবৃতিতে জানান, যাঁরা ম্যাচ টিকিট কিনেছেন তাঁরা ফেরত পাবেন।

আরও পড়ুন