‘এখানে সিরিজ জিততে এসেছি, এটাই মূল লক্ষ্য’

মিরপুরে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামশামসুল হক

বেশির ভাগ তারকা ক্রিকেটারই ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে। নিউজিল্যান্ড তাই বাংলাদেশে খেলতে এসেছে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে। ঘরের মাঠে এমনিতেই শক্তিশালী বাংলাদেশ পরপর দুই সিরিজে জিতে আত্মবিশ্বাসের চূড়ায় আছে।

তবে তাদের চ্যালেঞ্জ জানাতে চায় নিউজিল্যান্ডও। ১৫ জনের স্কোয়াডে অভিজ্ঞ ক্রিকেটারদের একজন অধিনায়ক টম ল্যাথাম। নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণে খেলা এই ব্যাটসম্যান ওয়ানডে খেলেছে ১৬৩টি। আজ মিরপুরে সিরিজ–পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, সিরিজটা জিততেই বাংলাদেশে এসেছেন তাঁরা। লক্ষ্যের কথা জানিয়ে ল্যাথাম বলেন, ‘দলের সবারই মূল লক্ষ্য সিরিজ জেতা। তবে আমরা জানি সেটা করতে হলে আমাদের অনেক কিছু করতে হবে। আমাদের জন্য প্রতিটি ম্যাচ থেকে শিখতে হবে এবং উন্নতি করতে হবে।’

আমাদের দলে এমন কিছু ক্রিকেটার আছে, যাদের এ ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কম। তবে আমি মনে করি, বাংলাদেশের মতো জায়গায় তারা যত বেশি খেলবে, আমাদের জন্য ততই মঙ্গল হবে।
টম ল্যাথাম, অধিনায়ক, নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের এই দলটির মাত্র তিনজনের বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। অধিনায়ক ল্যাথামের সঙ্গে বাকি দুজন হলেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। তবে নিক কেলি, ড্যান ক্লিভার, ডিক্স ফক্সক্রফট, আদিত্য অশোক, জেডেন লেনক্সরা ‘এ’ দলের হয়ে সিরিজ খেলে গেছেন।

এই ট্রফিটা জিততে চান ল্যাথাম
প্রথম আলো

অভিজ্ঞতা ও তারুণ্যের এই মিশ্রণটাও ভালোভাবেই করতে চায় নিউজিল্যান্ড। ল্যাথাম বলেছেন, ‘আমাদের দলে এমন কিছু ক্রিকেটার আছে, যাদের এ ধরনের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা কম। তবে আমি মনে করি, বাংলাদেশের মতো জায়গায় তারা যত বেশি খেলবে, আমাদের জন্য ততই মঙ্গল হবে। যদি শিখতে পারি এবং উন্নতি করতে পারি। তাহলে আশা করি, সিরিজের শেষ দিকে আমাদের জেতার একটা সুযোগ তৈরি হবে।’

আরও পড়ুন

নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দলগুলোও অবশ্য অতীতে বাংলাদেশে এসে খুব ভালো কিছু করতে পারেনি। সব ভেন্যু মিলিয়ে জয়ের সংখ্যায় নিউজিল্যান্ড এগিয়ে থাকলেও বাংলাদেশ নিজেদের মাঠে ৮–৭ ব্যবধানে এগিয়ে। ল্যাথামের আশা, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এবার চ্যালেঞ্জ জানাতে পারবেন তাঁরা।

পরশু অনুশীলনে নিউজিল্যান্ড ক্রিকেট দল
প্রথম আলো

কিউই অধিনায়ক বলেছেন, ‘যেহেতু দলে অভিজ্ঞতার কিছুটা অভাব আছে, তাই আমার মতো যারা এখানে বেশি খেলেছে বা এই কন্ডিশন সম্পর্কে জানে—তাদের দায়িত্ব হলো তরুণদের যতটা সম্ভব জানানো এবং পরামর্শ দিয়ে সাহায্য করা। আমরা আমাদের পরিকল্পনা, অনুশীলন এবং প্রস্তুতি নিচ্ছি। তবে খেলা যখন শুরু হবে, তখন পরিস্থিতি অনুযায়ী সামনে যা আসবে, সেটাকে মোকাবিলা করাই হবে আমাদের মূল কাজ।’

আরও পড়ুন