বল লাগল দুই প্রান্তের স্টাম্পেই: যে অদ্ভুত ঘটনায় পাল্টে গেল ক্রিকেটের একটি নিয়ম
ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তাদের ওয়েবসাইটে ৩ ফেব্রুয়ারি একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। যেখানে ক্রিকেট খেলার আইনে সর্বশেষ সংস্করণে ৭৩টি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা বলা হয়। এর মধ্যে ৩২তম ধারাতেও পরিবর্তন আনা হয়, যেটা বোল্ড আউট–সংক্রান্ত নিয়মের সঙ্গে সম্পর্কিত।
উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে এমসিসির আইনবিষয়ক ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট জানিয়েছেন, কী কারণে এই আইনে পরিবর্তন আনা হয়েছে। তাঁর ভাষায়, ‘আপনি ভাববেন বোল্ড আউটের আইনটা বেশ সহজ। আমরা আগেও ভেবেছি এমন কিছু ঘটতে পারে কি না এবং আইন বদলানো উচিত কি না, কিন্তু তখন আমরা ভেবেছিলাম, না, এটার জন্য আলাদা করে আইন বানাব না। কিন্তু তারপর একটি জুনিয়র ম্যাচে একটি ঘটনা ঘটে—গ্লস্টারশায়ার বনাম সমারসেট অনূর্ধ্ব-১৮ দলের ম্যাচে।’
ঘটনাটি গত মৌসুমের। সেই ম্যাচে তখন ক্রিজে ছিলেন গ্লস্টারশায়ার অনূর্ধ্ব-১৮ দলের ব্যাটসম্যান। বাকিটা ফ্রেজারের মুখ থেকেই শুনুন, ‘ব্যাটসম্যান খুব শক্তিশালী স্ট্রেইট ড্রাইভ শট খেলেছিল। বলটি বোলারকে স্পর্শ করেনি বরং নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে লেগে সেখান থেকে গড়িয়ে আবার ফিরে এসে (স্ট্রাইকে দাঁড়ানো) ব্যাটসম্যানের স্টাম্পে আঘাত করে। আইন অনুযায়ী, এটা বোল্ড আউট। আপনি শট খেলার পর বল ফিল্ডারের গায়ে লেগে ফিরে এসে যদি আপনার স্টাম্পে লাগে, তাহলে সেটা বোল্ড আউট হয় না। কিন্তু এ ঘটনাটি এমন ছিল, যেটা আইনে স্পষ্ট ছিল না। তাই এই সংস্করণের আইনে আমরা নতুন করে যুক্ত করেছি যে যদি বল আগে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে লাগে, তাহলে সেটাকে আর বোল্ড আউট ধরা যাবে না।’
আইনে এখন কী বলা হয়েছে
২০২২ সালের সংস্করণের আইনে ৩২ নম্বর ধারায় বলা হয়েছে, ‘(৩২.১.১) বোলারের করা (নো বল নয়) ডেলিভারিতে যদি বলের আঘাতে স্ট্রাইকারের উইকেট ভেঙে যায়, তাহলে স্ট্রাইকার বোল্ড আউট হবেন, এমনকি বল আগে স্ট্রাইকারের ব্যাট বা শরীরে লাগলেও। (৩২.১.২) তবে, উইকেটে আঘাত করার আগে যদি বলটি অন্য কোনো খেলোয়াড় বা আম্পায়ারের সংস্পর্শে এসে থাকে, তাহলে স্ট্রাইকার বোল্ড আউট হবে না। তবে সে ক্ষেত্রে স্ট্রাইকার আইন ৩৭ (ফিল্ডিংয়ে বাধা), আইন ৩৮ (রানআউট) এবং আইন ৩৯ (স্টাম্পড)-এর আওতায় পড়তে পারেন।’
এর আগে আইনে এমন কোনো বিধান ছিল না যে বলটি প্রথমে নন-স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে লাগতে পারে—যেমনটি গত মৌসুমে গ্লস্টারশায়ার অনূর্ধ্ব-১৮ দলের এক ব্যাটসম্যানের ক্ষেত্রে ঘটেছিল। নতুন সংস্করণে ৩২.১.২ আইনে এখন বলা হয়েছে, ‘তবে, উইকেটে আঘাত করার আগে যদি বলটি অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে, নন-স্ট্রাইকার প্রান্তের উইকেটের সঙ্গে, অথবা কোনো আম্পায়ারের সঙ্গে সংস্পর্শে এসে থাকে, তাহলে স্ট্রাইকার বোল্ড আউট হবে না। সে ক্ষেত্রে স্ট্রাইকার আইন ৩৭ (ফিল্ডিংয়ে বাধা), আইন ৩৮ (রান আউট) এবং আইন ৩৯ (স্টাম্পড)-এর আওতাভুক্ত হতে পারেন।’
ফ্রেজার বলেন, ‘বেশির ভাগ মানুষ এটা পড়ে ভাববেন, এমন ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। কিন্তু এখন ক্লাব ক্রিকেট, জুনিয়র ক্রিকেটসহ অনেক বেশি ম্যাচ স্ট্রিম করা হচ্ছে, ফলে খেলায় যে অদ্ভুত ও চমকপ্রদ ঘটনাগুলো ঘটে, তার আরও বেশি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। এটা এমনই একটি উদাহরণ, যেখানে মানুষ বলে ‘এটা তো অবাস্তব’, আর আমরা বলতে পারি, না, এটা ঘটার প্রমাণ আমাদের সামনে রয়েছে।’