শ্রীলঙ্কার বিদায়ে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সামনে যে সমীকরণ

পাকিস্তানের জন্য সেমিফাইনালে ওঠার পথটা খুব কঠিনএএফপি

বিশ্বকাপের এই এক মজা। কোনো না কোনো পর্বে গিয়ে ক্যালকুলেটর নিয়ে বসতে হয়। মেলাতে হয় সমীকরণ। টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে যেমন নানা পদের সমীকরণ মেলাতে হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। অবশ্য গতকাল রাতে ‘গ্রুপ ২’ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে হারে শ্রীলঙ্কার বিদায়ের পর এই গ্রুপের সমীকরণ পরিষ্কার হয়ে গেছে।

চার দলের এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কাও বিদায় নিয়েছে। অর্থাৎ এই গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সেমিফাইনালে ওঠার দৌড়টা এখন শুধু নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ।

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল ৬১ রানের জয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে ফেবারিট নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের সম্ভাবনা নেই—সে কথাও বলা যায় না।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই ম্যাচটি নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানের সম্ভাবনা শেষ হয়ে যাবে। তখন নিউজিল্যান্ড শুধু সেমিফাইনালেই উঠবে না, ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষ দলও হবে। পাশাপাশি সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে সুপার এইটে ‘গ্রুপ ১’–এর রানার্সআপ দল। পাশাপাশি এই ফল নিশ্চিত করবে যে দুটি সেমিফাইনালই হবে ভারতে।

ইংল্যান্ডের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড
এএফপি

কিন্তু ম্যাচটি ইংল্যান্ড জিতলে টিকে থাকবে পাকিস্তানের সম্ভাবনা। পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা দলও হবে ইংল্যান্ড। তবে পাকিস্তানকে রান রেটের ঘাটতি পুষিয়ে নিতে হবে। ইএসপিএনক্রিকইনফো এ বিষয়ে ধারণা দিয়েছে।

আরও পড়ুন

ধরে নেওয়া যাক, আগামীকালের ম্যাচে ইংল্যান্ড ১৮০ করে নিউজিল্যান্ডকে ৩০ রানে হারাল। এরপর আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে পাকিস্তানের সমীকরণ হবে এমন—শ্রীলঙ্কাকে অন্তত ৪০ রানে হারাতে হবে (প্রথম ইনিংসে পাকিস্তানের ১৮০ রান ধরে নিয়ে)। অর্থাৎ দুটি ম্যাচের জয়ের ব্যবধান মিলিয়ে প্রায় ৭০ রানের মতো হতে হবে।

নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে ১৫০ রান করে, আর ইংল্যান্ড যদি সেই লক্ষ্য ১৭ ওভারের মধ্যে টপকে যায় তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে একই লক্ষ্য (১৫০) পাকিস্তানকে ১৪.৪ ওভারের মধ্যে তাড়া করতে হবে। তখন রান রেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলতে পারবে পাকিস্তান।

প্রথম আলো গ্রাফিকস

গ্রুপ ২ থেকে এ দুটি ম্যাচ শুধু দ্বিতীয় সেমিফাইনালিস্ট দলই নির্ধারণ করবে না, ঠিক করে দেবে প্রথম সেমিফাইনালের ভেন্যুও। নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতায়। কিন্তু পাকিস্তান উঠলে ভেন্যু হবে কলম্বো।

আরও পড়ুন