পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা, ম্যাচ না হলে কী হবে

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামআইসিসি

টি–টুয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইটে প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ ম্যাচে হানা দিতে পারে বৃষ্টি। শ্রীলঙ্কায় কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আগামীকাল সুপার এইটে ইংল্যান্ড–শ্রীলঙ্কা ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা।

আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ সারা দিনে কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা ৭৫ শতাংশ। বিশেষ করে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। তখন বৃষ্টিপাতের সম্ভাবনা ৮৭ শতাংশ। বজ্রসহ প্রায় দেড় ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়। বৃষ্টি না হলেও কলম্বোর আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আর্দ্রতাও থাকবে বেশি।

পাকিস্তান ক্রিকেট দল
পিসিবি

প্রেমাদাসা স্টেডিয়ামের পানিনিষ্কাশনের ব্যবস্থা অত্যাধুনিক। কলম্বোর উষ্ণ ও ভারী বৃষ্টি সামাল দিতে মাঠকর্মীদের কার্যপদ্ধতি নির্ধারিত এবং তাঁরা বিশেষভাবে প্রশিক্ষিত। আন্তর্জাতিক অনেক ভেন্যুতে শুধু পিচ ঢেকে রাখা হলেও প্রেমাদাসায় পুরো মাঠ ঢাকার মতো পর্যাপ্ত কভার রয়েছে। এতে বৃষ্টির পানি মাঠে জমে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।

আরও পড়ুন

মাঠকর্মীরা এক কভার থেকে আরেক কভারে পানি ঠেলতে ঠেলতে মাঠের চারপাশের ড্রেনে পৌঁছে দেন। এই পদ্ধতি সাধারণত যান্ত্রিক ‘সুপার সপার’ ব্যবহার করার চেয়ে দ্রুত ও বেশি কার্যকর। স্বাভাবিক পরিস্থিতিতে ভারী বৃষ্টি থামার পর সাধারণত ৪৫ থেকে ৬০ মিনিটের মধ্যে মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে।

নিউজিল্যান্ড ক্রিকেট দল
রয়টার্স

নির্ধারিত সময়ের ৬০ মিনিট পরও খেলা শুরু না হলে ওভার কাটা শুরু হবে। অর্থাৎ আম্পায়াররা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর খেলা শুরু হলে ওভার কেটে ছোট করা হবে ম্যাচের দৈর্ঘ্য। ম্যাচের ফল হতে অন্তত প্রতি ইনিংসে ৫ ওভার করে খেলা আবশ্যক। সেটি সম্ভব না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। তবে গ্রুপ পর্ব এবং সুপার এইটের ম্যাচগুলোর জন্য এক ঘণ্টা করে অতিরিক্ত সময় রাখা আছে।

বৃষ্টিতে খেলা না হলে কী হবে

টি–টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই। শুধু দুটি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। গ্রুপ পর্বের ম্যাচের জন্যও রিজার্ভ ডে ছিল না। সুপার এইটের ম্যাচ যদি বৃষ্টিতে ধুয়ে যায়, তাহলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে এবং ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।

আরও পড়ুন