পন্তের দামি ঘড়ি হাতিয়ে নেওয়া সেই প্রতারক আটক
মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেল তাজসহ আরও কিছু বিলাসবহুল হোটেলে প্রতারণার দায়ে ২৫ বছর বয়সী সাবেক এক ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। তাজ হোটেলের স্যুইটে কয়েক দিন থেকে বিল পরিশোধ না করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মৃণাঙ্ক সিং। তিনি বিলাসবহুল জীবনধারণের প্রতি মোহাবিষ্ট ছিলেন। পাঁচ তারকা হোটেলে থাকার পাশাপাশি মডেলদের সঙ্গে পার্টি ও ছবি তোলার প্রতি ঝোঁক ছিল তাঁর। প্রেমিকাদের নিয়ে বিদেশ ভ্রমণেও যেতেন। হংকংয়ের উদ্দেশে উড়াল দেওয়ার সময় দিল্লি বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এখন তিনি দিল্লি পুলিশের হেফাজতে আছেন বলে জানিয়েছে ভারতের আরেক সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারত জাতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গেও প্রতারণার অভিযোগ রয়েছে মৃণাঙ্কের বিরুদ্ধে। এ ঘটনা গত বছরের মে মাসে ঘটেছে। গত ডিসেম্বরে ভয়ংকর সড়ক দুর্ঘটনার পর থেকে মাঠের বাইরে আছেন পন্ত। ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান মৃণাঙ্কর কাছে প্রায় ১ কোটি ৬০ লাখ রুপি খুঁইয়েছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, মৃণাঙ্ক পন্তকে বলেছিলেন তিনি বিলাসবহুল অলংকার ও ঘড়ি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত। সে কথা বিশ্বাস করে তাঁর হাতে নিজের কিছু দামি ঘড়ি তুলে দিয়েছিলেন পন্ত। পুলিশ জানিয়েছে, মৃণাঙ্ক পন্তকে এর বিনিময়ে ১ কোটি ৬০ লাখ টাকা অঙ্কের চেক দিয়েছিলেন। কিন্তু চেকটি ব্যাংক থেকে ‘বাউন্স’ হয়—অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা ছিল না।
দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি রবিকান্ত কুমার জানিয়েছেন, মৃণাঙ্ক হরিয়ানা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্রিকেট খেলেছেন। মৃণাঙ্ক অবশ্য দাবি করেন, তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসেরও প্রতিনিধিত্ব করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস এ বিষয়ে রবিকান্ত কুমারের উদ্ধৃতি প্রকাশ করেছে, ‘২০২২ সালের জুলাইয়ে তিনি (মৃণাঙ্ক) তাজ প্যালেস হোটেলে গিয়ে নিজেকে তারকা ক্রিকেটার দাবি করে জানান, আইপিএলেও খেলেছেন তিনি। প্রায় এক সপ্তাহ সেখানে থাকার পর তাঁর বিল আসে ৫ লাখ ৬০ হাজার রুপি। হোটেল ছাড়ার সময় তিনি বলে যান তাঁর পৃষ্ঠপোষক অ্যাডিডাস বিল পরিশোধ করবে। কিন্তু তিনি যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং কার্ডের তথ্য দিয়েছিলেন, সেগুলোও ভুয়া প্রমাণিত হয়।’
পুলিশ ও হোটেল ব্যবস্থাপক পরে মৃণাঙ্ক সিং ও তাঁর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু দুজনই মিথ্যা কথা বলেন। তাঁরা জানান, ড্রাইভারকে দিয়ে টাকা পাঠিয়ে দেওয়া হবে। যদিও তাঁদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেননি। এ নিয়ে আরও গভীর তদন্তের পর পুলিশ মৃণাঙ্ক সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারে।
রবিকান্ত বলেন, ‘কিছু হোটেলে তিনি নিজেকে কর্ণাটক পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা পরিচয় দিতেন। অন্য জায়গায় নিজেকে একজন সফল ক্রিকেটার হিসেবে দাবি করতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি খুব সক্রিয়। নারীদের সঙ্গে বিভিন্ন ছবি পোস্ট করতেন এবং বোঝাতেন তাঁর প্রচুর ভক্ত-অনুসারী আছে।’
পুলিশ জানিয়েছে, গত বছর থেকে মৃণাঙ্ককে তারা একাধিক নোটিশ পাঠিয়েছে। মৃণাঙ্কের বাবা পুলিশকে জানিয়েছেন, তাঁরা ছেলেকে আর পরিবারের অংশ বলে মনে করেন না। পুলিশ এর মধ্যে মৃণাঙ্ককে ধরতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কিন্তু বারবার জায়গা পরিবর্তন ও ফোন বন্ধ রাখার মাধ্যমে মৃণাঙ্ক বেঁচে গিয়েছেন। এমনকি তাঁর বন্ধুরাও জানতেন, মৃণাঙ্ক দুবাইয়ে থাকেন। পুলিশ এরপর আদালতের মাধ্যমে মৃণাঙ্কের বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্ট সংগ্রহ করে তাঁকে ধরার অভিযানে নামে এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁর ব্যাপারে জানানো হয়।
রবিকান্ত বলেন, ‘গত সোমবার হংকংয়ের বিমান ধরার সময় ইমিগ্রেশন কর্মকর্তা তাঁকে আটক করে আমাদের হাতে তুলে দেন।’
পুলিশের দাবি, মৃণাঙ্ক সিং ইমিগ্রেশন কর্মকর্তাদেরও বোকা বানানোর চেষ্টা করেছিলেন। নিজেকে কর্ণাটক পুলিশের এডিজিপি র্যাঙ্কধারী কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, মৃণাঙ্ক সিং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরে রাজস্থানের একটি কলেজ থেকে এমবিএ ডিগ্রি নেন। হরিয়ানার হয়ে ২০২১ সালে রঞ্জি ট্রফিতে খেলেছেন এবং ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ছিলেন বলে দাবি করেছেন মৃণাঙ্ক। পুলিশ জানিয়েছে, মৃণাঙ্কের দাবির সত্যতা যাচাইয়ে বিষয়গুলো তদন্ত করা হবে।
পুলিশের আরেক কর্মকর্তা জানিয়েছেন, মৃণাঙ্ক লোকজনকে এ কথাও বলেছেন, তাঁর বাবা আশির দশকে ভারত জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেছেন এবং এখন এয়ার ইন্ডিয়ায় কর্মরত। তাঁর ফোনে মডেলদের সঙ্গে ‘আপত্তিকর’ ছবিও পাওয়া গেছে।