টস জিতলে ভারতের কী করা উচিত, বললেন গাভাস্কার

ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত ফর্মে থাকা ভারতের কি সেমিফাইনাল ম্যাচে টস নিয়ে ভাবার দরকার আছে? ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ খেলছে রোহিত শর্মার দল। টসে জিতুক কিংবা হারুক—রান তাড়া, পুঁজি ডিফেন্ড করা কিংবা আগে ব্যাট করে বড় সংগ্রহ দাঁড় করানো—এ তিনটি কাজেই দারুণ সফলতা দেখিয়ে প্রথম পর্বে সব ম্যাচ (৯) জিতে সেমিফাইনালে উঠেছে ভারত। সুনীল গাভাস্কার তাই আজ সেমিফাইনাল ম্যাচে টসকে খুব গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে দেখছেন না। তবে টস জিতলে কী করা উচিত, তা নিয়ে পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি।

আরও পড়ুন

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে টস জিতলে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, তা নিয়ে স্টার স্পোর্টসের ‘গেম প্ল্যান’ অনুষ্ঠানে পরামর্শ দিয়েছেন গাভাস্কার, ‘ভারতের মতো ভালো বোলিং আক্রমণ থাকলে আগে না পরে বোলিং করছেন, সেটা কোনো ব্যাপার নয়। পরে বোলিং করলে উপকারই হবে, কারণ একটু শিশির পড়ে। বল একটু দ্রুত যাবে উইকেটকিপারের কাছে।’

সেমিফাইনালে টসকে বড় প্রভাবক হিসেবে দেখছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা (ডানে)। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের অনুশীলনে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে
ছবি: এএফপি

ভারতের হয়ে ’৮৩ বিশ্বকাপজয়ী গাভাস্কার এরপর ব্যাখ্যা করলেন, ‘এটা (পরে বোলিং) অবশ্যই ভারতের নতুন বলে তিন বোলারকে সাহায্য করবে। কুলদীপ যাদবের মতো স্পিনারও সহায়তা পাবে, বল পিচ থেকে স্কিড করাতে পারবে এবং জোরের ওপরও করতে পারবে। তাই আমার বিশ্বাস, ভারত যদি পরে বোলিং করে তাহলে ভালো হবে। কারণ, স্কোরবোর্ডের একটা চাপ আছে। হয়তো ৪০০ করতে পারবে না; কিন্তু ২৬০ কিংবা ২৭০ রানই নিউজিল্যান্ডের জন্য চাপ হয়ে যাবে।’

আরও পড়ুন

প্রথম পর্বের ৯ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে টস জিতেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ড টস জিতেছে ৯ ম্যাচে পাঁচবার। ওয়াংখেড়েতে হওয়া বিশ্বকাপের আগের ম্যাচগুলোর দিকে তাকালে দেখা যাবে আগে ব্যাট করা দলই এখানে বাড়তি সুবিধা পেয়েছে। যেখানে ৪ ম্যাচের তিনটিতেই আগে ব্যাট করা দল ৩৫০-এর বেশি রান করেছে। আর দলগুলো জিতেছে যথাক্রমে ২২৯, ১৪৯ ও ৩০২ রানে। শুধু শেষ ম্যাচটাই খানিকটা ব্যতিক্রম।

টস জিতলে আগে ব্যাটিং না ফিল্ডিং—এ নিয়ে নিশ্চয়ই সতীর্থদের সঙ্গে কথা হয়েছে রোহিতের
ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সে ম্যাচে আগে ব্যাট করে ২৯১ রান করে আফগানিস্তান। ৯১ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে নিয়ে ম্যাচটা আফগানিস্তান প্রায় জিতেই গিয়েছিল। তবে শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ২০১ রানের ইনিংসে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া।

গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মাও টস নিয়ে কথা বলেছেন। তাঁর বিশ্বাস, ম্যাচের ফলে টস কোনো প্রভাব ফেলবে না, ‘দেখুন সত্যি কথা বলতে, আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি। এই চার কিংবা পাঁচ ম্যাচ ওয়াংখেড়ে নিয়ে আপনাকে খুব বেশি কিছু বলবে না। ওয়াংখেড়ে নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। তবে আমি বিশ্বাস করি যে টস কোনো ফ্যাক্টর হবে না।’

আরও পড়ুন