ভারত-পাকিস্তান ফাইনালের কথা বলে হাস্যরসের শিকার রোহিত
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে হারের পর সুতায় ঝুলছিল ভারতের এশিয়া কাপ স্বপ্ন। ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন নিয়ে যে এশিয়া কাপ মাঠে গড়িয়েছিল, তা–ও তখন খাদের কিনারে। সেদিন ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা উড়িয়ে দিতে চাননি রোহিত শর্মা।
ভারত-পাকিস্তান ফাইনাল হবে কি না, জানতে চাইলে হেসে ভারত অধিনায়ক রোহিত বলেন, ‘হবে, অবশ্যই। এত ভাবছেন কেন? হবে, হবে।’ তবে ভারত-পাকিস্তানের ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় গতকাল আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের রুদ্ধশ্বাস ১ উইকেটের জয়ে। আর এখন সেদিনের সেই কথা নিয়ে হাস্যরসের শিকার হচ্ছেন রোহিত।
সেদিন হয়তো হাসিঠাট্টার ছলেই কথাটা বলেছিলেন রোহিত। ভারত-পাকিস্তান ফাইনালের ব্যাটনটা যে আর নিজেদের হাতে ছিল না, তা অজানা ছিল না রোহিতেরও। পরপর দুই হারে তখন রীতিমতো কোণঠাসা ভারত। তবে রোহিতের সেই কথা ধরে চলছে নানা হাস্যরস।
এমনকি সেই কথা নিয়ে রোহিতকে কটাক্ষ করতে ছাড়ছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও স্পোর্টসের এক টক শোতে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের জয় নিয়ে আলোচনা করছিলেন সাবেক দুই ক্রিকেটার সিকান্দার বখত ও ইনজামাম-উল-হক।
সে সময় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রোহিতের মন্তব্য নিয়েও কথা বলেন তাঁরা। আলোচনার এক পর্যায়ে সিকান্দার বলেন, ‘সে (রোহিত) জানত যে তাঁকে ফিরে যেতে হবে।’
ইনজামাম অবশ্য সিকান্দারের মতো এতটা রূঢ় হননি। বরং রোহিতদের জন্য সমবেদনায় ফুটে উঠেছে তাঁর কণ্ঠে, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি বুঝতে পারি সে কিসের মধ্য দিয়ে যাচ্ছে। সে তখন এর বেশি আর কীই-বা বলতে পারত? সেটা তার জন্য কঠিন সময় ছিল। তারা কাছাকাছি গিয়ে দুটি ম্যাচ হেরেছে।’
এর আগে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর নিজের ইউটিউব চ্যানেলে অবশ্য রোহিতদের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইনজামাম। পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার বলেন, ‘বিরাট কোহলির ব্যাটিং দেখে আমি বিস্মিত এবং হতাশ। কারণ, সে শীর্ষ খেলোয়াড়, যে কি না মনে হচ্ছিল সব রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক চাপে আছে। সিনিয়র খেলোয়াড়দের যখন উদ্বিগ্ন দেখায়, তখন তা ড্রেসিংরুমে মারাত্মক চাপে থাকার বার্তা দেয়।’