হাসান মাহমুদের ৬ উইকেট, বাঁহাতি দিবসে বাঁহাতিদের শীর্ষে স্টার্ক—ডারউইনে যত রেকর্ড
ডারউইনে স্বপ্নের মতো এক দিন কেটেছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পথে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। দিনের শেষ ভাগে টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
হাসান মাহমুদের ৬/৫৫…
• টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা মোহাম্মদ রফিকের (৫/৬২), ২০০৬ সালে ফতুল্লায়।
• তিন সংস্করণ মিলিয়েই অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সেরা বোলিং। আগের সেরা তাসকিন আহমেদের (৪/২৫), ২০২২ টি-টুয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে।
• টেস্টে বাংলাদেশের পেসারদের তৃতীয় সেরা বোলিং। ওপরে শুধু শাহাদাত হোসেন (৬/২৭, দক্ষিণ আফ্রিকা, মিরপুর, ২০০৮) ও ইবাদত হোসেন (৬/৪৬, নিউজিল্যান্ড, মাউন্ট মঙ্গানুই, ২০২২)।
• টেস্টে হাসান মাহমুদের ক্যারিয়ার–সেরা বোলিং। আগের সেরা ৫/৪৩, ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে।
টেস্টে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট হাসান মাহমুদের। তিনবারই দেশের বাইরে। দেশের বাইরে বাংলাদেশের পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২ বার ইনিংসে ৫ উইকেট রবিউল ইসলামের।
টেস্টে দ্বিতীয়বার বাংলাদেশের পেসাররা ইনিংসে ১০টি উইকেটই নিয়েছেন। প্রথম নিয়েছিলেন ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে। সেবারও ৫ উইকেট পেয়েছিলেন হাসান মাহমুদ।
আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের নেওয়া ক্যাচ। ইতিহাসের ১৭তম খেলোয়াড় হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। হিসাবটা গ্লাভস হাতে (৩৭১) ও গ্লাভস ছাড়া (২৯) দুই ভূমিকা মিলিয়েই।
বাঁহাতি দিবসে বাঁহাতিদের চূড়ায় স্টার্ক
১৩ আগস্ট বিশ্ব বাঁহাতি দিবস—এই তথ্য কি জানা মিচেল স্টার্কের? ২০২৬ সালের সেই বাঁহাতি দিবসেই টেস্ট ইতিহাসে বাঁহাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেলেন অস্ট্রেলীয় পেসার। বাংলাদেশের ওপেনার সাদমান ইসলামের উইকেটটি টেস্টে স্টার্কের ৪৩৪তম। স্টার্ক ছাড়িয়ে গেলেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে।