বাংলাদেশের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষার সিরিজে বিশ্রামে নিউজিল্যান্ডের জেমিসন-অ্যালেনও

বাংলাদেশের বিপক্ষে সিরিজের পরের শেষ দুই ওয়ানডেতে নেই কাইল জেমিসনএক্স/ব্ল্যাকক্যাপস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা দুই ক্রিকেটারকে ‘ছেড়ে দিয়েছে’ নিউজিল্যান্ড। পেসার কাইল জেমিসন সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে এবং ব্যাটসম্যান ফিন অ্যালেন শুধু দ্বিতীয় ওয়ানডেতে থাকবেন না।

টি-টোয়েন্টি সিরিজের আগে জেমিসনকে দেওয়া হয়েছে বিশ্রাম, অ্যালেনকে পাঠানো হয়েছে ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হয়েছে গতকাল রোববার ডানেডিনে। সেই ম্যাচে জেমিসন বা অ্যালেন দুজনের কেউই খেলেননি। একই দিনে ঘোষণা করা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয় দুজনকেই। এনজেডসি জানিয়েছে, বাংলাদেশের মাটিতে দুই টেস্টের সিরিজ খেলে দেশে যাওয়ার পর হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছেন জেমিসন। যে কারণে চলমান ওয়ানডে সিরিজ থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে।

মূলত সতর্কতা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড, ‘সামনে প্রচুর ম্যাচ। আমরা চাই অপ্রয়োজনীয় ঝুঁকি না নিয়ে কাইল যেন সম্ভাব্য সেরা অবস্থায় থাকে। এই সিরিজকে আমরা শুরু থেকেই নতুনদের পরখ করার সুযোগ হিসেবে দেখছি। এ ক্ষেত্রে সঠিক বিকল্প হিসেবে বেন (সিয়ার্স) দলে আছে।’

আরও পড়ুন

জেমিসনের মতো অ্যালেনও নিউজিল্যান্ডের ৪৪ রানের জয়ের ম্যাচটিতে ছিলেন না। তাঁকে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি সুপার স্ম্যাশের উদ্বোধনী ম্যাচ খেলার জন্য ছুটি দেওয়া হয়েছে। ২৩ ডিসেম্বর সিরিজের তৃতীয় ওয়ানডের আগেই দলে যোগ দেবেন তিনি। তাঁর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ২০ ডিসেম্বর নেলসনে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথমটির ভেন্যু নেপিয়ার, পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে।

আরও পড়ুন