অবশেষে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরছেন স্যামিরা
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় আকাশপথ বন্ধ। আর সেই জটিলতায় পড়ে গত কয়েক দিন ধরে কলকাতায় আটকা পড়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিশেষ ব্যবস্থায় অবশেষে বাড়ির বিমান ধরছেন নিকোলাস পুরান-ড্যারেন স্যামিরা। জানা গেছে, চার্টার্ড ফ্লাইটে লন্ডন হয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফিরবেন তাঁরা।
গত রোববার ভারতের কাছে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এর পর থেকেই কলকাতায় অবস্থান করছেন দলটির ক্রিকেটাররা। কয়েক দিন অপেক্ষার পর বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ক্ষোভ উগরে দেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।
এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি শুধু বাড়ি যেতে চাই।’ এর কিছুক্ষণ পরই আরেকটি পোস্টে আইসিসির কাছে জানতে চেয়ে স্যামি লেখেন, ‘অন্তত একটা আপডেট দিন, কিছু একটা বলুন। আজ, কাল নাকি আগামী সপ্তাহে? পাঁচ দিন হয়ে গেল!’
অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় স্যামির কণ্ঠেই শোনা গেল স্বস্তির সুর। আইসিসি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার পর তিনি এক্সে বলেন, ‘আপডেট পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজ দল এটাই চেয়েছিল।’ আইসিসির সূত্র ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছে, কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে লন্ডন নেওয়া হবে ক্রিকেটারদের, সেখান থেকে তাঁরা নিজ নিজ গন্তব্যে ফিরবেন। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে শুক্রবার সকালে রওনা দিতে পারেন ওয়েস্ট ইন্ডিয়ানরা।
তবে দলের সবাই ফিরবেন কি না, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। সামনেই আইপিএল শুরু হতে যাওয়ায় অনেক ক্যারিবিয়ান ক্রিকেটার ভারতেই থেকে যেতে পারেন। মজার ব্যাপার হলো, সেমিফাইনাল থেকে ইংল্যান্ডের বিদায়ের পর জস বাটলাররাও উইন্ডিজ দলের সঙ্গে একই বিমানে লন্ডন ফিরবেন বলে গুঞ্জন রয়েছে।
শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, একই সমস্যায় পড়েছিল জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা দলও। জিম্বাবুয়ে ক্রিকেট দল অবশ্য ইতিমধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে ভারত ছাড়া শুরু করেছে। অন্যদিকে গত বুধবার নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকা দল এখনো ফিরতি ফ্লাইটের অপেক্ষায় কলকাতায় অবস্থান করছে। প্রোটিয়ারাও সম্ভবত জিম্বাবুয়ের মতো ভাগে ভাগে দেশে ফিরবে।