ভারত–পাকিস্তান বৈরিতার তুঙ্গছোঁয়া এক বছর

এশিয়া কাপ জয়ের পর ট্রফি ছাড়াই ভারতীয় দলের উদ্‌যাপনরয়টার্স
শেষ হওয়ার পথে আরেকটি বছর-২০২৫। কেমন ছিল খেলার এই বছর? ধারাবাহিক বর্ষপরিক্রমায় আজ ফিরে দেখা যাক আন্তর্জাতিক ক্রিকেট।

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার চেয়ে ‘ধুলা’ই বেশি ছিল। ভারত-পাকিস্তান রাজনৈতিক বিরোধে আগেই ক্রিকেট অভিধানে ‘হাইব্রিড’ শব্দটা ঢুকে গেছে। এ বছরও নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টের ভারত-পাকিস্তান ম্যাচ। তবে এবার বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে পেহেলগাম হামলা। মাঠে দুই দলের লড়াইয়ে ন্যূনতম সৌজন্যবোধও দেখা যায়নি এরপর। যার ফল অদৃশ্য ট্রফি নিয়ে ভারতের এশিয়া কাপ জয় উদ্‌যাপনের অবিশ্বাস্য সেই ছবি।

মাঠের বাইরে ঘটনায় পেছনে পড়ে গেছে ব্যক্তিগত ও দলীয় অনেক কীর্তিই। এ বছরই প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা, জিতেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত, জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপও। দারুণ প্রতিদ্বন্দ্বিতাময় এক সিরিজে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্টে সিরিজটা ২-২ ব্যবধানে ড্র করেছে ভারত। সেই সিরিজে ভারত অধিনায়ক শুবমান গিলের পারফরম্যান্স ছিল এককথায় অবিশ্বাস্য।

বছর শেষের অ্যাশেজের দিকে চোখ ছিল পুরো ক্রিকেট বিশ্বের। তবে নিজেদের ব্যর্থতায় খর্বশক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১১ দিনের খেলাতেই প্রথম তিনটি টেস্ট হেরে আরেকবার অ্যাশেজে হার নিশ্চিত হয়েছে ইংল্যান্ড। কাল শেষ হওয়া মেলবোর্ন টেস্টে অবশ্য দুই দিনের মধ্যে জিতে নিয়েছে ইংল্যান্ড। এই সিরিজে আলোচনা ছিল প্রযুক্তি নিয়েও। অ্যাডিলেডে তৃতীয় টেস্টে স্নিকোমিটারের ভুল নিয়ে কম হইচই হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেটে মিশ্র এক বছরই গেছে বাংলাদেশের। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা দলটি আবার সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছক্কা মারার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এ বছরই। ২০২৫ সালে ২০৬টি ছক্কা মেরেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ভারত-পাকিস্তান সম্পর্ক: খারাপ থেকে আরও খারাপ

ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচটিতে সবকিছু স্বাভাবিকই ছিল। টসের আগে হাত মেলালেন দুই অধিনায়ক, ম্যাচ শেষেও এক দল আরেক দলকে অভিনন্দন জানাল। সবকিছু বদলে গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর। এরপর নারী-পুরুষ-বয়সভিত্তিক, যেখানেই মুখোমুখি হোক না কেন, পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ঘোষণা দিয়েই হাত মেলাননি ভারতীয়রা। সবচেয়ে বড় নাটক হলো এশিয়া কাপের ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর। এসিসি চেয়ারম্যান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। এসিসিও অন্য কারও হাত দিয়ে ট্রফি দিতে রাজি হয়নি। ফল, ভারতীয়দের অদৃশ্য ট্রফি নিয়ে উদ্‌যাপনের সেই অভূতপূর্ব দৃশ্য।

ভারতের আধিপত্য

প্রথমবার জেতা বিশ্বকাপ ট্রফি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নারী দলের উচ্ছ্বাস
এএফপি

নারী-পুরুষ মিলিয়ে এ বছর সীমিত ওভারের তিনটি বড় টুর্নামেন্ট হয়েছে। তিনটিতেই চ্যাম্পিয়নের নাম ভারত। মার্চে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতা ভারত সেপ্টেম্বরে পাকিস্তানকে হারিয়ে জেতে টি-টোয়েন্টি এশিয়া কাপ। এরপর নভেম্বরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত

আরও পড়ুন

বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

চ্যাম্পিয়নের গদা হাতে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা
এএফপি

এ বছরই প্রথমবার নামের পাশে বিশ্ব চ্যাম্পিয়ন লেখার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রোটিয়ারা।

করণবীরের ছক্কার সেঞ্চুরি

টি-টোয়েন্টি ছক্কার খেলা। ছক্কার পর ছক্কা মেরে সেই খেলাতেও বিস্ময়কর কীর্তি গড়েছেন করণবীর সিং। ভারতীয় বংশোদ্ভূত করণবীর অস্ট্রিয়ার হয়ে এ বছর খেলা ৩২টি টি-টোয়েন্টিতে ১২২টি ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম এক পঞ্জিকাবর্ষে ছক্কার সেঞ্চুরি পেলেন কেউ। আগের রেকর্ডটা ছিল ২০২২ সালে সূর্যকুমার যাদবের ৬৮।

৭৭৩৯
গতকাল পর্যন্ত ২০২৫ সালে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা। নতুন রেকর্ড এটি। আগের রেকর্ড ২০২৪ সালের ৭৬৪৩।
৫.৯৮
২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ওভারপ্রতি রান। যা ১৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
আরও পড়ুন
৩৬৭*
ব্রায়ান লারার বিশ্ব রেকর্ডটাকে হুমকির মুখে ফেলেছিলেন উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের আগে ৩৬৭ রানে দাঁড়িয়ে ইনিংস ঘোষণা করে দেন সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মুল্ডার। পরে মুল্ডার বলেন লারার সম্মানেই রেকর্ড দিকে ছোটেননি তিনি।
ট্রিপল সেঞ্চুরির পর উইয়ান মুল্ডার
জিম্বাবুয়ে ক্রিকেট

গিলের কীর্তি

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৭৫৪ রান করেছেন ভারত অধিনায়ক শুবমান গিল। এই রানের ৪৩০-ই গিল করেছেন এজবাস্টন টেস্টে। যা এক টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ। চারটি সেঞ্চুরি করে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে ব্র্যাডম্যান ও গাভাস্কারের পাশে বসেছেন গিল।
আরও পড়ুন

৭ রানে ৮ উইকেট

বছর শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন ভুটানের সোনাম ইয়েশি। ২৬ ডিসেম্বর মিয়ানমারের বিপক্ষে এই কীর্তি গড়েন বাঁহাতি এই স্পিনার। ১৫ দিন আগেই ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়ে আগের রেকর্ডটা গড়েছিলেন বাহরাইনের আলী দাউদ।
২৭
কিংস্টনে দিবা–রাত্রির টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন। প্রথম ওভারেই শূন্য রানে ৩ উইকেট তুলে নেওয়া অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ৯ রানে নেন ৬ উইকেট।
৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেন মিচেল স্টার্ক
এএফপি

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি রান

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি উইকেট

এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ভারতের শুবমান গিল ও ইংল্যান্ডের জো রুট।
আরও পড়ুন