বাংলাদেশের বিপক্ষে বুমরার জায়গায় শামিকে চান গাভাস্কার
বিশ্বকাপে আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। পুনেতে কিছুক্ষণের মধ্যেই (বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিট) ম্যাচটি শুরু হবে। তবে এ ম্যাচে যশপ্রীত বুমরাকে একাদশে দেখতে চান না সুনীল গাভাস্কার। বুমরাকে বিশ্রামে রেখে মোহাম্মদ শামিকে সুযোগ দেওয়ার পক্ষে গাভাস্কার। বুমরার ওপর থেকে বাড়তি চাপ কমাতেই টিম ম্যানেজমেন্টকে এই পরামর্শ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি।
২০১৬ সালে অভিষেকের পর থেকেই ভারতের পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বুমরা। তাঁর অনুপস্থিতিতে ভারতকে বড় দলগুলোর বিপক্ষে ভুগতে দেখা গেছে। পিঠে অস্ত্রোপচার করার কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে প্রায় ১১ মাস মাঠের বাইরে ছিলেন। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। বুমরাকে ছাড়া ভারতও দুই প্রতিযোগিতার কোনোটিতেও শিরোপা জিততে পারেনি।
গত আগস্টে পুরোপুরি সুস্থ হয়ে ফেরার পর থেকে দারুণ ছন্দে আছেন বুমরা। যদিও আবারও চোট এড়াতে ও বিশ্বকাপে নিজের সেরাটা দিতে বেছে বেছে খেলেছেন।
সর্বশেষ এশিয়া কাপে মাত্র ৩ ইনিংসে ১৭ ওভার বোলিং করেছেন। ১৭.৭৫ গড়ে ৪.১৭ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়ে দলকে এশিয়া কাপের ট্রফি জেতাতে অবদান রেখেছেন। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটিতে খেলেছেন।
তবে বিশ্বকাপ এখন পর্যন্ত তিন ম্যাচেই খেলেছেন বুমরা। ওই তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। জন্মশহর আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছেন। পুনেতে আজ বাংলাদেশের বিপক্ষেও তাঁর না খেলার কোনো কারণ নেই।
কিন্তু গাভাস্কার বুমরার সেরাটা তুলে রাখার পক্ষে। তাই আজ বাংলাদেশের বিপক্ষে তাঁকে বিশ্রামে রেখে রোববার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলানোর পরামর্শ দিয়েছেন। চার ম্যাচের চারটিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে কিউইরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য গাভাস্কার বলেছেন, ‘নিউজিল্যান্ড ম্যাচে যশপ্রীত বুমরার শতভাগ দেওয়া প্রয়োজন। তা ছাড়া পুনেতে বাংলাদেশ এবং ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাঝে মাত্র দুই দিনের বিরতি। আবহাওয়াও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে। তাই আমার মনে হয়, বুমরাকে একটু বিশ্রাম দিয়ে শামিকে দলে নিতে পারে।’
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলে ১২ উইকেট নিয়েছেন বুমরা। সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে। সেই ম্যাচেও নিয়েছিলেন ৪ উইকেট। তবে বাংলাদেশের বিপক্ষে শামির রেকর্ড বুমরার চেয়েও ভালো। তিন সংস্করণ মিলিয়ে শামি ৮ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট।
তাই গাভাস্কার মনে করেন, আজ বুমরার জায়গায় শামি খেললে ভারতের কোনো ক্ষতি হবে না, ‘শামি দলে এলে (ভারত) আসলেই কোনো কিছু হারাবে না। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের সময় (মোহাম্মদ) সিরাজেরও একটু বিশ্রাম মিলেছিল। তাই ভারতের থিঙ্কট্যাংক বাংলাদেশের বিপক্ষে শামিকে খেলানোর বিষয়টি ভেবে দেখতে পারে।’