ভবিষ্যতের জন্য উদাহরণ তৈরি করছেন নাজমুল, মনে করেন মুমিনুল

সেঞ্চুরি করেছেন নাজমুলশামসুল হক

মুমিনুল হক ব্যাটিংয়ে এসেছিলেন নাজমুল হোসেনের আগেই। পুরোটা সময়ই নন–স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে দুর্দান্ত একটা ইনিংসের সাক্ষী হয়েছেন তিনি।

বাংলাদেশ ৩১ রানে ২ উইকেট হারিয়ে ফেলার পর নামা নাজমুল পাকিস্তানের বোলারদের একদমই থিতু হতে দেননি। তাঁর সঙ্গী হয়ে ইনিংসটাকে টেনে নিয়েছেন মুমিনুলও। নিজে তিন অঙ্কের দেখা না পেলেও নাজমুলকে দেখেছেন ১০১ রানের ইনিংস খেলতে।

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে মিরপুরের সংবাদ সম্মেলনে অধিনায়কের ইনিংসটি নিয়ে মুগ্ধতাই প্রকাশ করলেন মুমিনুল, ‘(নাজমুল) শান্ত যে কাউন্টার অ্যাটাকটা করেছে, এটাতে ওরা অনেক পিছিয়ে গেছে। এ রকম উইকেটে যখন প্রতি–আক্রমণ করে, তখন আসলে বোলাররা ব্যাকফুটে চলে যায়।’

নাজমুলের সঙ্গে আজ তৃতীয় উইকেটে জুটি বেঁধে ১৭০ রানে সঙ্গ দিয়েছেন মুমিনুল। দুই বাঁহাতির এত বড় জুটি অবশ্য নতুন নয়। ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে ২৪২ রান যোগ করেছিলেন নাজমুল–মুমিনুল।

নাজমুলের ব্যাটিংটা অনেক দিন ধরেই কাছ থেকে দেখার অভিজ্ঞতায় মুমিনুল বলেছেন, ‘আমি যখন বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা শুরু করি, তখন এ রকম নন-স্ট্রাইকে থেকে তামিম ইকবাল ভাইয়ের ব্যাটিং উপভোগ করতাম। উনি নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়ার অনেক খারাপ কন্ডিশনে ভালো ব্যাটিং করতেন। আর আমার চোখে শান্তর আজকের ইনিংসটা তার অন্যতম সেরা।’

সংবাদ সম্মেলনে মুমিনুল হক
শামসুল হক

টেস্টে নিজের সর্বশেষ ৮ ইনিংসে এ নিয়ে চতুর্থ সেঞ্চুরি পেলেন নাজমুল। ৩৯ টেস্টের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৪ বার পঞ্চাশ পেরিয়েছেন। এর মধ্যে ৯ বারই তিনি সেঞ্চুরি পেয়েছেন, ফিফটি পাঁচটি।

টেস্টে অন্তত দুই হাজার রান করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে ফিফটিকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার রেকর্ডে তাঁর (৬১.৫৪%) ওপরে আছেন শুধু ডন ব্র্যাডম্যান (৬৯.০৫%) ও জর্জ হার্ডলি (৬৬.৬৭%)।

আরও পড়ুন

মুমিনুল মনে করেন, নাজমুল নিজেকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছেন, সেখান থেকে কেউ তাঁকে সরাতে পারবে না। কেন পারবে না, সেটি তুলে ধরেছেন এভাবে—‘কনভার্সন রেটটা (ফিফটিকে সেঞ্চুরি বানানো) আগের চেয়ে উন্নতি হচ্ছে। হয়তো আরও উন্নতি করবে। ওকে দেখে হয়তো আরেকজনও করবে। আমার কাছে মনে হয়, ওর ওই চাহিদা আছে, ওই ক্ষুধা আছে, দলের জন্য করার ওই ইচ্ছা আছে।’

সেঞ্চুরি করেন নাজমুল, ৯১ রান করেন মুমিনুল
শামসুল হক

নাজমুল এমন ফর্মে থাকাটা গুরুত্বপূর্ণ দলের জন্যই। গত বছর শ্রীলঙ্কায় একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। কিন্তু বাংলাদেশে লম্বা সময় কাউকে ফর্ম ধরে রাখতে দেখা যায় না। নাজমুলের জন্য কী পরামর্শ দেবেন?

মুমিনুলের উত্তর, ‘একই মানসিকতা যদি থাকে, আলাদা কোনো কিছু চিন্তা না করে খুব বেশি ওপরেও না ওঠা, খুব বেশি নিচেও না নামা। সব সময় একটু মাটিতে থেকে স্বাভাবিক যেভাবে খেলছে, একই মানসিকতায় থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ, অনেক সময় মনে হবে ভালো বলটাও মেরে দিই। এ রকম প্যাটার্ন থাকলে নিয়মিতই রান করবে।’

আরও পড়ুন