হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা

হাসান নেওয়াজএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট হাতে দায়িত্ব নিতে জানেন। কিছুটা অধারাবাহিক ছিলেন বটে, তবে সেই সমস্যা কাটিয়ে উঠছেন। ব্যাটিংয়ের মেজাজ নিয়ে কখনোই প্রশ্ন ছিল না।

আধুনিক ক্রিকেটের দাবি বোঝেন, জানেন কীভাবে খেলতে হয়। এর সঙ্গে এখন বল হাতেও হয়ে উঠছেন দলের ভরসা। সব মিলিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করছেন পাকিস্তানের হাসান নেওয়াজ। হয়ে উঠছেন পাকিস্তান ক্রিকেটের নতুন ভরসার নাম।

নেওয়াজ মূলত মিডল অর্ডার ব্যাটসম্যান। দলের বিপদে ইনিংস সামলানো, মাঝের ওভারগুলোতে রান তোলা কিংবা শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং—সব ক্ষেত্রেই সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সেটি টি-টুয়েন্টি ও ওয়ানডে, দুই সংস্করণেই।

মাঝে জাতীয় দলে জায়গা হারানোর পর সেপ্টেম্বরে এশিয়ান গেমস ক্রিকেট দলে ফিরেছেন। সেখানে ভারতের বিপক্ষে ৯৬ রানের ইনিংসটি দিয়ে এসেছেন নতুন করে আলোচনায়।

শুধু এ দিনের ইনিংসটিই নয়, জাপানের মাটিতে এশিয়ান গেমসের ফাইনাল কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও তাঁর ব্যাটিংয়ে দায়িত্ব নেওয়ার মানসিকতা দেখা গেছে। ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের ইনিংসটি ছিল তেমনই এক উদাহরণ। আদিল রশিদ, জেমি ওভারটন, উইল জ্যাকস ও স্যাম কারেনের মতো বোলারদের বিপক্ষে রান করেছেন তিনি।

ত্রিদেশীয় সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানের ইনিংস খেলেন হাসান
এএফপি

নেওয়াজের লক্ষ্য এখন শুধু ব্যাট হাতে অবদান রাখা নয়। নিজেকে কার্যকর অলরাউন্ডার হিসেবেও প্রতিষ্ঠিত করতে চান। দলের প্রয়োজনে বল হাতে দায়িত্ব নিতে চান, ম্যাচের কঠিন মুহূর্তে হয়ে উঠতে চান বাড়তি এক ভরসা।

আরও পড়ুন

গত রোববার দোহায় পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে তাঁর বোলিংই হতে পারে বড় উদাহরণ। ৩১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেদিন ভালো অবস্থানে ছিল ভারত ‘এ’। বিশেষ করে অভিষেক শর্মার ব্যাটে তখন ঝড় বইছে। মাত্র ২০ বলে ৪০ রান করে ফেলেছেন তিনি।

সেই সময়ই পাকিস্তান ‘এ’ দলের অধিনায়ক আবদুল সামাদ বল তুলে দেন নেওয়াজের হাতে। সিদ্ধান্তটি ছিল বেশ চমকপ্রদ। কারণ, ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচে এর আগে তাঁর বোলিং অভিজ্ঞতা ছিল মাত্র ১১ ওভারের। দলের নিয়মিত স্পিনার সুফিয়ান মুকিম ও সাদ মাসুদ থাকতে নেওয়াজকে আক্রমণে আনা ছিল বড় এক বাজি। তবে সেই বাজিই শেষ পর্যন্ত ম্যাচের গতিপথ পাল্টে দেয়।

প্রথম ২ ওভারে মাত্র ৪ রান দেন নেওয়াজ। অভিষেককে হাত খুলে খেলার সুযোগ দিচ্ছিলেন না। তৃতীয় ওভারে অবশ্য দুটি ছক্কা ও একটি চারে ১৬ রান তুলে নেন ভারতীয় ওপেনার। তবু বিচলিত হননি নেওয়াজ। অধিনায়কও তাঁর ওপর আস্থা হারাননি।

আরও পড়ুন

পরের ওভারে অভিষেক আবারও ছক্কা মারেন। কিন্তু পরের বলেই ভুল শট খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ দেন। গুরুত্বপূর্ণ সেই উইকেটের পর নেওয়াজের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এরপর আর কোনো বাউন্ডারি দেননি। পরের ৬ ওভারে তাঁর কাছ থেকে ভারত ‘এ’ নিতে পেরেছে মাত্র ১৮ রান।

নেওয়াজের বোলিংয়ের সবচেয়ে বড় শক্তি ছিল নিয়ন্ত্রণ ও বৈচিত্র্য। কখনো দ্রুত, কখনো ধীরগতির ডেলিভারি; কখনো ফ্ল্যাট বল, কখনো লেংথে পরিবর্তন—ব্যাটসম্যানদের স্বস্তিতে থাকতে দেননি। রিংকু সিং ও সূর্যাংশ শেডগের উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন। টানা ১০ ওভারে ৪৫ রান দিয়ে ৩ উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারসেরা বোলিং।

সেই ম্যাচে নেওয়াজ ব্যাট হাতে ৮২ বলে ৭৯ রানের ইনিংসও খেলেছিলেন। সব মিলিয়ে সাদা বলের ক্রিকেটে পাকিস্তান দলে ভরসার নাম হয়ে উঠেছেন নেওয়াজ।

নেওয়াজকে নিয়ে এখন বাড়তি সতর্ক থাকতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে। এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে বুধবার তাঁর দল পাকিস্তানের বিপক্ষেই খেলবে বাংলাদেশ।