ওয়েস্ট ইন্ডিজের নির্বাচকের দায়িত্বে সাবেক ফুটবল কোচ
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে জায়গা পেয়েছেন রোলান্ড বুচার। বার্বাডোজে জন্ম নেওয়া বুচার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের হয়ে। অবসর নেওয়ার পর বড় একটি সময় কাটিয়েছেন ফুটবল কোচ হিসেবে। কাজ করেছেন আর্সেনালে, ছিলেন সাবেক লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সের সঙ্গেও।
ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলে বুচার কাজ করবেন ডেসমন্ড হেইন্সের সঙ্গে। তিন সদস্যের নির্বাচক প্যানেলে অপরজন হচ্ছেন প্রধান কোচ। ফিল সিমন্স পদত্যাগ করার পর আপাতত অন্তবর্তীকালীন কোচের দায়িত্বে আছেন আন্দ্রে কোলে।
প্রথম কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হিসেবে বুচার ইংল্যান্ডের হয়ে তিনটি করে টেস্ট ও ওয়ানডে খেলেছিলেন ১৯৮০-৮১ মৌসুমে। কাউন্টি ক্লাব মিডলসেক্সের হয়ে ২৭৭টি প্রথম শ্রেণি ও ২৭১টি লিস্ট এ ম্যাচ খেলার পর তিনি কোচিং শুরু করেন।
শুধু ক্রিকেট নয়, ফুটবলেও। একপর্যায়ে বার্কশায়ারের ক্লাবে রিডিংয়ে ব্রেন্ডন রজার্সের সঙ্গেও কাজ করেন। ফুটবলে ক্যারিয়ার গড়তে উয়েফা ‘বি’ কোচিং সনদও নেন। পরে চাকরি নেন আর্সেনালে। দায়িত্ব ছিল প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল ফুটবলার খুঁজে বের করা।
২০০৪ সালে ইংল্যান্ড ছেড়ে নিজের দেশে ফিরে আসেন বুচার। ক্যারিবিয়ানদের ফুটবল শেখানোর জন্য ‘ক্যারিবিয়ান সকার ম্যানুয়াল’ও তৈরি করেন। যেটি নিয়ে ‘ক্রিকেটমান্থলি’র এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিশ্ব ফুটবলে ক্যারিবিয়ান খেলোয়াড়দের উপস্থিতি বাড়ানোর উদ্যোগ ছিল তাঁর। তবে ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটেও মনোযোগী ছিলেন তিনি।
২০০০-০১ সময়ে ছিলেন বারমুডা জাতীয় দলের প্রধান কোচ। তিন বছর পর ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের স্পোর্টস ডিরেক্টরের দায়িত্ব নেন।
এবার দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ও জুনিয়র দলের জন্য ক্রিকেটার নির্বাচনের দায়িত্ব।