ইমরান খানকে সমর্থন করায় রমিজের পদত্যাগ করা উচিত

রমিজ রাজাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। মেয়াদ উত্তীর্ণের আগেই প্রধানমন্ত্রিত্ব হারিয়েছেন ইমরান খান। পার্লামেন্টে অনাস্থা ভোট তাঁর ক্ষমতা কেড়ে নিয়েছে। ক্ষমতা ফিরে পেতে প্রবাসী পাকিস্তানিদের সমর্থন চাইছেন বিশ্বকাপ জেতা অধিনায়ক। এদিকে সাবেক অধিনায়কের প্রতি সমর্থন জানাতে গিয়ে চাকরি নিয়ে বিপাকে পড়েছেন রমিজ রাজা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান পদে আছেন রমিজ। তবে এ পদে কত দিন থাকতে পারবেন, এ নিয়ে প্রশ্ন জেগেছে। সাবেক পেসার আকিব জাভেদ যেমন তাঁকে পদত্যাগ করতে বলছেন দ্রুত।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
ফাইল ছবি

ইমরান খানের সিদ্ধান্তেই পিসিবির প্রধান হয়েছিলেন রমিজ রাজা। তাই যখনই সুযোগ পেয়েছেন, ইমরানের পক্ষে কথা বলেছেন রমিজ, জানিয়েছেন সমর্থন। কিন্তু রাজনীতির পালাবদলে সেই অকুণ্ঠ সমর্থনই এখন তাঁর কাল হয়ে উঠেছে। ইমরান-সরকারের পতনের পর রমিজ কত দিন বোর্ডের প্রধান হিসেবে নিজের চাকরি ধরে রাখতে পারেন, এ নিয়ে সন্দেহ জেগেছে। সাবেক পেসার ও বর্তমানে পিএসএলের দল লাহোর কালান্দার্স কোচ আকিব জাভেদর ধারণাটাও এ রকমই, সেটা জানা গেছে ডেইলি এক্সপ্রেসের সুবাদে।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী তারকা আকিব জাভেদ
ফাইল ছবি

একসময়ের ওয়ানডে ক্রিকেটের সেরা বোলিং ফিগারের মালিক বলেছেন, ‘যেভাবে ইমরান খানকে সমর্থন দিয়েছেন, আমার ধারণা তাঁর পদত্যাগ করা উচিত।’ সে ক্ষেত্রে সাবেক দুই কর্মকর্তাকে আবার বোর্ডের দায়িত্বে দেখছেন আকিব, ‘আমার ধারণা, নাজাম শেঠি বা জাকা আশরাফেরই পরবর্তী পিসিবি চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা বেশি। আগে যখন দায়িত্বে ছিলেন, দুজনই ভালো কাজ করেছেন।’

এদিকে রমিজের বোর্ডের নেওয়া আরেক সিদ্ধান্ত নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আকিব জাভেদ। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আদলে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য বয়সভিত্তিক পিএসএল আয়োজন করতে যাচ্ছে পিসিবি। এ বছর অক্টোবরে সেটি হওয়ার কথা।

রমিজ রাজা
ফাইল ছবি

তরুণ ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেট না খেলিয়ে এভাবে টি-টোয়েন্টির দিকে ঠেলে দেওয়া মানতে পারছেন না আকিব, ‘পিসিবির উচিত অন্য প্রকল্প হাতে নেওয়ার আগে পিএসএলকে সফল করা। পিএসএলে এখনো অনেক খুঁত আছে, যার সমাধান হওয়া জরুরি। শ্রীলঙ্কা ও ভারত তরুণদের জন্য তিন দিনের ক্রিকেট আয়োজন করে। অস্ট্রেলিয়ায় গ্রেড ক্রিকেট গুরুত্ব পায়, সেখানে বাচ্চারা অনেক বেশি লাল বলে খেলে। এটা তাদের প্রথম শ্রেণির ক্রিকেট খেলায় সাহায্য করে। কারণ, তারা অনেক বেশি খেলে এসেছে।’