আতলেতিকোর বিপক্ষে হেরে কেন জার্মানিকে ধন্যবাদ জানালেন ক্ষুব্ধ ফ্লিক
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে গতকাল রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। লম্বা সময় ধরে ইউরোপিয়ান ট্রফিবঞ্চিত থাকা বার্সার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে এই হার বড় ধাক্কা। এখন সেমিফাইনালে উঠতে আতলেতিকোর মাঠে ফিরতি লেগে বার্সাকে অন্তত ৩ গোল করতে হবে এবং গোল হজম করা যাবে না।
কাজটা অসম্ভব না হলেও কঠিন তো বটেই। বার্সা কোচ হান্সি ফ্লিকের মতে, তাঁদের কাজটা কঠিন করে তোলার দায় প্রথম লেগে মাঠের রেফারির। বিশেষ করে ম্যাচে এক অদ্ভুত হ্যান্ডবলের ঘটনায় ভিএআর পর্যালোচনা না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্লিক।
ম্যাচের ৫৪ মিনিটের খেলা চলছিল তখন। হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে বার্সা পিছিয়ে ১-০ ব্যবধানে। ৪৪ মিনিটে পাউ কুবারসি লাল কার্ড দেখায় একজন কম নিয়ে বার্সা তখন চেষ্টা করছিল ম্যাচে ফেরার। ঠিক এমন সময় গোলরক্ষক হুয়ান মুসোর বাড়ানো একটি বল নিজে কিক নেওয়ার জন্য হাত দিয়ে থামান আতলেতিকোর ডিফেন্ডার মার্ক পুবিল। ফ্লিকের মতে, এটি স্পষ্ট হ্যান্ডবল। এর জন্য পেনাল্টি ও লাল কার্ড—দুটিই প্রাপ্য ছিল।
পাশাপাশি প্রথমার্ধে ভিএআর হস্তক্ষেপে রেফারি ইস্তভান কোভাচকে কুবারসির হলুদ কার্ড দেখার ঘটনাটি পুনরায় যাচাই করতে হয়। বার্সার এই ডিফেন্ডার গোল করতে এগিয়ে যাওয়া আতলেতিকোর জুলিয়ানো সিমিওনেকে ফাউল করায় প্রথমে হলুদ কার্ড দেখানো হয়। পরে ভিএআর রিভিউয়ে সিদ্ধান্ত বদলে কুবারসিকে লাল কার্ড দেখানো হয়। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে হয় বার্সেলোনাকে।
বার্সা ভিএআরের সহায়তা না পাওয়াতেই মূলত খেপেছেন ফ্লিক। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আজ (গতকাল রাতে) ভিএআর যেন আতলেতিকোর পক্ষেই খুব মনোযোগী ছিল। ভিএআরের দায়িত্বে ছিলেন একজন জার্মান, তাই জার্মানিকে ধন্যবাদ।’ জার্মানি জাতীয় দলের সাবেক এই কোচ পুবিলের হাত দিয়ে বল থামানো নিয়েও বলেন, ‘আমার কাছে এটা একেবারেই স্পষ্ট লাল কার্ড।’
২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার ডিফেন্ডার টাইরোন মিংস ক্লাব ব্রুগার বিপক্ষে একই ধরনের অপরাধে শাস্তি পেয়েছিলেন। ফ্লিকের মতে, এ ঘটনায় ভিএআরের উচিত ছিল রেফারি ইস্তভান কোভাচকে ডেকে এনে পুনরায় দেখতে বলা।
ফ্লিকের ভাষায়, ‘আমার দৃষ্টিতে বিষয়টি একেবারে পরিষ্কার। (ভিএআরের) উচিত ছিল রেফারিকে ডেকে বলা, এটা দেখুন। আগেরটার মতোই। আমি বিষয়টা বুঝতে পারছি না। আমি রেফারির সঙ্গে কথা বলিনি। আমার মনে হয়েছে, কথা না বলাই ভালো।’
তবে যা হয়ে গেছে, তা মেনে নিয়ে পরের ম্যাচে মনোযোগ দিতে চান ফ্লিক, ‘আমাদের এটা মেনে নিতে হবে। আর আগামী মঙ্গলবার আতলেতিকোর মাঠে ম্যাচটার দিকে মন দিতে হবে। আমাদের সেই মানের খেলোয়াড় আছে, যারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আমাদের লড়াই করতে হবে।’
বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো বলেন, হ্যান্ডবলের ঘটনাটি ‘অদ্ভুত হলেও স্পষ্ট পেনাল্টি ছিল’। তবে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনে মনে করেন, ম্যাচ কর্মকর্তারা হস্তক্ষেপ না করে সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেন, ‘মার্ক (পুবিল) খেলা শুরু করতে পাসটি নিয়েছে, সে যদি ঘটনাটিকে এভাবেই ব্যাখ্যা করে থাকে এবং রেফারিও যদি একইভাবে দেখেন, তাহলে বোঝাই যায়, এ সিদ্ধান্তে সাধারণ বুদ্ধিমত্তাই কাজ করেছে।’