সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েদের জয়রথ ছুটছেই। ভুটানকে গোলবন্যায় ভাসানোর পর এবার শক্তিশালী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পিটার বাটলারের দল। নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশ জিতেছে ২-০ গোলে। এ জয়ে দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত।
ভুটানের জালে এক ডজন গোল দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। সে ম্যাচে মুনকি আক্তার একাই করেছিলেন চার গোল, হ্যাটট্রিক পেয়েছিলেন আলপি ও তৃষ্ণা। অন্যদিকে নেপালকে হারিয়ে শুভসূচনা করেছিল ভারত, তবে আজ বাংলাদেশের কাছেই হারের স্বাদ পেতে হলো তাদের। আগামী বুধবার তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।
ম্যাচের শুরুটা ভারতের দাপটে হলেও ধীরে ধীরে খেলার লাগাম নিজেদের মুঠোয় নেয় বাংলাদেশ। প্রথম ২৫ মিনিট ভারতের আক্রমণ সামলে পাল্টা আক্রমণের পসরা সাজায় পিটার বাটলারের শিষ্যরা। ফলও আসে হাতেনাতে।
২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মামনি চাকমার বুদ্ধিদীপ্ত এক ফ্রি কিক সামলাতে গিয়ে তালগোল পাকান ভারতীয় গোলকিপার মুন্নি। তাঁর হাত ফসকে বল বের হলে ঠিক গোললাইনের ওপর ওত পেতে থাকা অর্পিতা বিশ্বাস সুযোগটি হাতছাড়া করেননি। আলতো টোকায় বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন তিনি।
৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ডান উইং দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে গোলমুখে ক্রস বাড়িয়েছিলেন তৃষ্ণা রানী। নিখুঁত নিশানায় সেই বল জালে ঠেলে দেন আলপি। ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
গোলপোস্টের নিচে আজ দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের ইয়ারজান বেগম। প্রথমার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে ভারতের দুটি নিশ্চিত সুযোগ নষ্ট করে দেন তিনি। একবার সরাসরি ফ্রি কিক লাফিয়ে উঠে তালুবন্দি করেন, আরেকবার পৃতিকা বার্মার এক লম্বা শট ঠেকিয়ে বাংলাদেশের জাল অক্ষত রাখেন এই গোলকিপার।
দ্বিতীয়ার্ধে ভারত গোল শোধে মরিয়া হয়ে উঠলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল জমাট। সাবধানী ফুটবলের পাশাপাশি ডিফেন্ডারদের দারুণ দৃঢ়তায় শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
বয়সভিত্তিক সাফের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত। ২০২৪ সালে যৌথভাবে এ প্রতিযোগিতার শিরোপা জেতে দুই দেশ। এবার খেলছে না পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপ। তাই চার দল নিয়ে লিগ ভিত্তিতে হচ্ছে টুর্নামেন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি খেলবে ফাইনাল।