বিক্রি করা হবে লিভারপুল ক্লাবের শেয়ার
লিভারপুলের শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে ক্লাবটির মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। ব্রিটিশ গণমাধ্যমগুলো বলছে, এফএসজি ক্লাবে নিজেদের ভার কমাতে চায়। এ ছাড়া বাইরে থেকে বড় বিনিয়োগ পেতে চায় প্রতিষ্ঠানটি। ২০১০ সালে প্রায় ৩০০ কোটি পাউন্ডে ক্লাবটি কিনেছিল এফএসজি।
শেয়ারের সম্ভাব্য ক্রেতা খোঁজার দায়িত্ব দেওয়া হয়েছে গোল্ডম্যান স্যাকস ও মরগান স্ট্যানলি নামের দুটি কোম্পানিকে।
ফেনওয়ে স্পোর্টস গ্রুপ ইংলিশ এ ক্লাবটি কেনার পর গত এক যুগে নিজেদের সেরা সময় পার করেছে লিভারপুল। ২০২০ সালে ৩০ বছর পর লিভারপুল জেতে লিগ শিরোপা। ২০১৯ সালে ঘরে তোলে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এ ছাড়া এফএ কাপ ও ক্লাব বিশ্বকাপও জিতেছে তারা। তাই ধারণা করা হচ্ছে, তাদের বিক্রি করা শেয়ারের দাম উঠতে পারে ৪ বিলিয়ন পাউন্ডের বেশি।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফএসজি বলেছে, কিছুদিন ধরে লিভারপুলের মালিকানার পরিবর্তন নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। এফএসজি তৃতীয় পক্ষের কাছ থেকে প্রস্তাব পেয়েছে, যারা লিভারপুলের মালিকানার অংশ কিনতে আগ্রহী।
এফএসজি বিবৃতিতে আরও বলেছে, ‘আমরা আগেও বলেছি, যদি সবকিছু ঠিকভাবে এগোয় এবং নতুন শেয়ারহোল্ডাররা যদি শর্ত মেনে লিভারপুলের প্রতি বিশেষ আগ্রহ দেখায়, তাহলে লিভারপুলের স্বার্থেই সেটা বিবেচনা করা হবে।’
লিভারপুল সাপোটার্স ইউনিয়ন ‘স্পিরিট অব শ্যাঙ্কলি’ দাবি করছে, তাদের সঙ্গে পরামর্শ করেই যেন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরই মধ্যে লিভারপুল ফুটবল ক্লাবের কাছে পুরো ঘটনার ব্যাখ্যা চেয়েছে তারা।