২০১৪-এর সেই জাদুকরি রাত ফেরাতে চান কোকে
চ্যাম্পিয়নস লিগের রাত। রোমাঞ্চের মঞ্চ। আবার মুখোমুখি আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা। ইতিহাস বলছে, এমন রাতে নাটক হয়। আর সেই নাটকেরই নতুন অঙ্ক মঞ্চস্থ হতে যাচ্ছে আগামীকাল।
প্রথম লেগে ২-০ গোলে জিতে দিয়েগো সিমিওনের দল এরই মধ্যে কাজটা এগিয়ে রেখেছে। এখন শুধু শেষ পেরেকটি ঠোকার অপেক্ষা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
কিন্তু এই গল্প শুধু বর্তমানের নয়। এর ভেতরে আছে পুরোনো স্মৃতি, পুরোনো হিসাবও। ২০১৪ ও ২০১৬—দুবারই কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনাকে বিদায় করেছিল আতলেতিকো। সেই ইতিহাসই যেন নতুন করে আশা দেখাচ্ছে দলটিকে। কোকের কণ্ঠেও সেই আত্মবিশ্বাস। আতলেতিকোর অধিনায়ক মনে করিয়ে দিলেন, অতীত কখনো কখনো বর্তমানের সবচেয়ে বড় প্রেরণা হয়ে ওঠে। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাঁর কণ্ঠে ছিল আত্মবিশ্বাসের সঙ্গে সতর্কতাও।
‘বার্সেলোনা ঘুরে দাঁড়াতে চাইবে, এটা আমরা জানি। তারা আপনাকে প্রচণ্ড চাপে রাখবে। কিন্তু আমাদেরও প্রস্তুতি আছে। আমরা বল দখলে রাখার চেষ্টা করব, নিজেদের খেলাটা খেলব’—বললেন কোকে।
চলতি মৌসুমে এর আগেই কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে ঘরের মাঠে ৪–০ গোলে জয়ের পর ক্যাম্প ন্যু-তে ৩–০ গোলে হারলেও শেষ পর্যন্ত এগিয়ে যায় দিয়েগো সিমিওনের দল। সেই অভিজ্ঞতাও আত্মবিশ্বাস বাড়াচ্ছে।
ওই গোলটা আমি পরে অনেকবার দেখেছি। এমন ম্যাচের আগে আপনি স্বাভাবিকভাবেই অতীতের ভালো স্মৃতি থেকে অনুপ্রেরণা নিতে চাইবেন। ২০১৪, ২০১৬—সবই মনে আছে।
তবে এই লড়াইয়ের আরেকটি ব্যক্তিগত গল্পও আছে। ২০১৪ সালের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে একমাত্র গোলটি করেছিলেন কোকে। সেই গোলেই বিদায় নিয়েছিল লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তাদের দল। এত বছর পরও সেই মুহূর্ত যেন তাঁর চোখে ভাস, ‘ওই গোলটা আমি পরে অনেকবার দেখেছি। এমন ম্যাচের আগে আপনি স্বাভাবিকভাবেই অতীতের ভালো স্মৃতি থেকে অনুপ্রেরণা নিতে চাইবেন। ২০১৪, ২০১৬—সবই মনে আছে। কালদেরনের সেই রাতও ভুলিনি।’
এবারের মঞ্চ ভিন্ন। মাঠ ভিন্ন। প্রতিপক্ষ একই। আর লক্ষ্যও এক—ইউরোপের শেষ চারে জায়গা।
সব মিলিয়ে, মেত্রোপলিতানোর রাতটা শুধু আরেকটা ম্যাচের নয়। এ রাতে ইতিহাসের পুনর্লিখনও হতে পারে, কিংবা হতে পারে নতুন কোনো গল্পের শুরু।