সিরিয়া ও তুরস্কের জন্য রোনালদোর বিমানভর্তি ত্রাণ

আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদোছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া ও তুরস্কে ভূমিকম্প-দুর্গত মানুষের জন্য বিমানভর্তি ত্রাণসামগ্রী পাঠিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের এই পর্তুগিজ তারকা দুটি দেশের যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব জায়গায় এই সাহায্য পাঠিয়েছেন। স্কাই স্পোর্টস জানিয়েছে, বাসস্থানের জন্য তাঁবু খাটানোর সামগ্রী, খাদ্যদ্রব্য, বালিশ, কম্বল, বিছানা, শিশুখাদ্য, দুধ ও চিকিৎসাসামগ্রী দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন রোনালদো।

আরও পড়ুন

গত মাসে তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রচুর লোক হতাহত হন। বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তুরস্ক ও সিরিয়া মিলিয়ে ৫০ হাজারের বেশি লোক মারা যান। তুরস্কের ১১টি প্রদেশে প্রায় ৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছেন এবং ১ লাখ ৬০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘মেইল অনলাইন’ ও ‘মার্কা’ জানিয়েছে, পর্তুগিজ কিংবদন্তি অর্থ দিয়ে ত্রাণসামগ্রী কিনে সেসব পরিবহনের ভাড়াও দিয়েছেন। এতে প্রায় সাড়ে ৩ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭৩ লাখ টাকা) খরচ হয়েছে বলে জানিয়েছে মার্কা।

স্কাই স্পোর্টস জানিয়েছে, ৩৮ বছর বয়সী রোনালদো সম্প্রতি সিরিয়ান এক বাচ্চা নাবিল সাঈদের স্বপ্ন পূরণ করেছেন। উদ্ধারকারীদের হাতে বেঁচে যাওয়ার পর নাবিল তাঁদের বলেছে, সে রোনালদোর সঙ্গে দেখা করতে চায়।

এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নাবিলকে সৌদি আরবে আল নাসরের ম্যাচে আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়। সেখানে স্বপ্নের তারকার সঙ্গে হাত মেলানোর পাশাপাশি কিছুক্ষণ সময় কাটানোর সুযোগও পায় নাবিল। পরে সংবাদ সংস্থা রয়টার্সকে সে বলেছে, ‘রোনালদোকে প্রথমে দেখে মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। বিশ্বাস হচ্ছিল না। প্রার্থনা করছিলাম স্বপ্নটা যেন না ভাঙে। আমি আশা করি, সবাই যেন রোনালদোর সঙ্গে দেখা করার সুযোগ পায়। সে খুব ভালো মানুষ।’

আরও পড়ুন
আরও পড়ুন

মানুষকে সাহায্য করায় রোনালদো বরাবরই উদারহস্ত। এর আগে এক বাচ্চার মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য ৮৩ হাজার ডলার দিয়েছেন। আর পর্তুগালে একটি ক্যানসার সেন্টারে ১ লাখ ৬৫ হাজার ডলার আর্থিক সাহায্যও করেছেন।

করোনাভাইরাস মহামারির সময় পর্তুগালের বিভিন্ন হাসপাতালে প্রায় ১০ লাখ ডলার আর্থিক সাহায্য করেছেন রোনালদো। সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ডভিশন ও ইউনিসেফের মতো দাতব্য সংস্থাগুলোর দূত হিসেবেও কাজ করেছেন রোনালদো।

মাঠেও ভালো সময় কাটছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকার। সম্প্রতি সৌদি প্রো লিগে মাস–সেরা খেলোয়াড় হয়েছেন। গত মাসে চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেছেন রোনালদো।

মাস–সেরার স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় রোনালদো বলেছেন, ‘সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি অনেকগুলোর মধ্যে এটি প্রথম! আল নাসরের অংশ হতে পেরে গর্বিত।’

আরও পড়ুন