মেসি কি বিশ্বকাপে খেলবেন: প্রশ্নের কী উত্তর দিলেন স্কালোনি

লিওনেল স্কালোনি ও লিওনেল মেসিএএফপি

লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন?
প্রশ্নটা এখন আর শুধু আর্জেন্টিনার নয়, গোটা ফুটবল-বিশ্বের। তবে উত্তর খুঁজতে যেতে হবে আর্জেন্টিনার ড্রেসিংরুমের অন্দরমহলেই। ২০২৬ বিশ্বকাপের বোধন হতে বাকি আর আড়াই মাসের মতো। অথচ বিশ্বজুড়ে কোটি মেসি-ভক্তের মনে একটাই খচখচানি—শেষ মুহূর্তে এসে মন ভেঙে দেওয়ার মতো কিছু শোনাবেন না তো আর্জেন্টাইন অধিনায়ক?

আরও পড়ুন

উত্তরটা আসলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও এখন পর্যন্ত জানেন না। তবে তিনি হাল ছাড়ার পাত্র নন। বুয়েনস এইরেসের ‘লা বোমবোনেরা’ স্টেডিয়ামে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে তড়িঘড়ি আয়োজিত প্রীতি ম্যাচের আগে তিনি শোনালেন আশার বাণী। স্কালোনি যেন এক নাছোড়বান্দা ভক্তের মতোই বললেন, ‘ওকে বিশ্বকাপে রাখতে আমি সম্ভাব্য সবকিছুই করব। ফুটবলের স্বার্থেই ওর থাকা উচিত। সব আর্জেন্টাইন তো বটেই, গোটা বিশ্বই ওকে দেখতে চায়।’

লিওনেল মেসি ও আর্জেন্টিনার কোচ স্কালোনি
এক্স


২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন মেসি। সেবার তাঁর মতোই বিশ্বকাপ অভিষেক হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগাল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর। এবারের আসরে নামলেই দুজন গড়বেন টানা ছয়টি বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ড। রোনালদো উত্তর আমেরিকায় যেতে কোমর বেঁধে নামলেও আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি এখনো দোদুল্যমান। শরীর সায় দিচ্ছে কি না, মন কী চাইছে—সবকিছু মিলিয়েই একটা অস্পষ্ট ধোঁয়াশা।

আরও পড়ুন

মেসি নিজে গত সেপ্টেম্বরেই জানিয়েছিলেন, তিনি এগোতে চান ‘দিন মেপে, ম্যাচ মেপে’। বয়সটা ৩৮ ছাড়িয়ে ৩৯-এর ঘরে পড়বে বিশ্বকাপের সময়। তবে এই বয়সেও মেসি মাঠে ফুল ফুটিয়ে চলেছেন। গত ২২ মার্চ নিউইয়র্ক সিটির বিপক্ষে গোল করে দলকে জিতিয়েছেন ৩-২ ব্যবধানে। মায়ামির হয়ে এ বছর প্রায় প্রতিটি মিনিটই মাঠে ছিলেন। তবে বয়সের ভারে কি কিছুটা ক্লান্ত আর্জেন্টাইন ফরোয়ার্ড? স্কালোনির মতে, ‘পুরোটাই নির্ভর করছে ওর মানসিক অবস্থা ও শারীরিক সক্ষমতার ওপর। ও সিদ্ধান্ত নেওয়ার অধিকার অর্জন করেছে। আমাদের কোনো তাড়া নেই।’

লিওনেল মেসি
এএফপি

মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে ‘ফিনালিসিমা’ (ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই) বাতিল হওয়ায় কিছুটা বিপাকেই পড়েছিল আর্জেন্টিনা। শেষ মুহূর্তে তড়িঘড়ি করে আয়োজন করা হয়েছে মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ। প্রতিপক্ষ দল দুটি র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকলেও (মৌরিতানিয়া ১১৫, জাম্বিয়া ৯১) স্কালোনির জন্য এটিই শেষ সুযোগ শিষ্যদের ঝালিয়ে নেওয়ার।

আরও পড়ুন

আগামীকাল বাংলাদেশ সময় ভোরে মৌরিতানিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ১ এপ্রিল ভোরে তাদের প্রতিপক্ষ জাম্বিয়া। স্কালোনি নিশ্চিত করেছেন, বুয়েনস এইরেসের দর্শকদের হতাশ করবেন না তিনি, দুই ম্যাচেই মেসিকে খেলাবেন। তবে শুরু থেকেই কি না, তা নিয়ে কিছুটা রহস্য জিইয়ে রেখেছেন আর্জেন্টিনার কোচ।