লিভারপুলকে হতাশায় ডুবিয়ে শেষ চারে পিএসজি

দেম্বেলের জোড়া গোলে অ্যানফিল্ডে জিতেছে পিএসজিরয়টার্স

লিভারপুল ০:২ পিএসজি (দুই লেগ মিলিয়ে পিএসজি ৪:০ ব্যবধানে জয়ী)

লিভারপুলে ১৫ এপ্রিল আসে শোকের বার্তা নিয়ে। প্রায় চার দশক আগে শেফিল্ড ওয়েনসডের হিলসবোরো স্টেডিয়ামে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান লিভারপুলের ৯৭ সমর্থক। প্রতি বছর তাই দুঃসহ স্মৃতির দিনটি গভীর শোকে পালন করে অলরেডরা।

এবার লিভারপুলের জন্য ১৫ এপ্রিলের বিষাদে যোগ হল চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ও। হিলসবোরো ট্রাজেডির ৩৭তম বার্ষিকীর আগের দিন আজ পিএসজির কাছে ২-০ ব্যবধানে হেরে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল আর্নে স্লটের দল। পিএসজির দুটি গোলই করেছেন উসমান দেম্বেলে।

অ্যানফিল্ডের এই ম্যাচটি ছিল শেষ আটের দ্বিতীয় লেগ। এর আগে গত সপ্তাহে প্যারিসে প্রথম লেগেও একই ব্যবধানে জিতেছিল পিএসজি। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

হিলসবোরো ট্রাজেডি স্মরণে এক মিনিট নীরবতা আর কালো বাহুবন্ধনী পরে খেলা লিভারপুল আজ নেমেছিল ফ্লোরিয়ান ভির্টৎজ, আলেক্সান্ডার ইসাক ও উগো একিতিকেকে নিয়ে। গ্রীষ্মকালীন দলবদলে লিভারপুলে আসা এই তিন খেলোয়াড়কে গত অক্টোবরের পর এই প্রথম শুরুর একাদশে পেয়েছে দল।

তবে একিতিকেকে মাঠ ছাড়তে হয় আধা ঘণ্টা পরই। পায়ে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় সাবেক পিএসজি ফরোয়ার্ডকে। প্রাথমিকভাবে গুরুতরই মনে হয়েছে। একিতিকেকে বাধ্য হয়ে উঠিয়ে ফেলার পর বদলি হিসেবে মোহাম্মদ সালাহকে নামান লিভারপুল কোচ।

স্ট্রেচারে মাঠ ছাড়েন উগো একিতিকে
রয়টার্স

মাঠে নামার খানিক পরই লিভারপুলের আক্রমণে প্রাণ ফেরান সালাহ। তার ডি-বক্সে বাড়ানো ক্রসে পা ছোঁয়ান মিলোস কেরকেস, কিন্তু ঝাঁপিয়ে পড়ে কোনোমতে বল আটকে দেন পিএসজি গোলকিপার। রিবাউন্ডে আবার সুযোগ এলে শট নেন ভার্জিল ফন ডাইক। এবার গোলমুখে দুর্দান্ত এক স্লাইডে বল ঠেকিয়ে দলকে রক্ষা করেন মারকিনিওস।

আরও পড়ুন

বিরতির পর ইসাককে আর মাঠে নামাননি লিভারপুল কোচ। তার বদলি হিসেবে নামা কোডি গাকপো তিন মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পান। কিন্তু তার শটও দারুণ ঝাঁপে ঠেকিয়ে দেন পিএসজি গোলকিপার মাতবে সাপোনভ।

দ্বিতীয়ার্ধে লিভারপুলের আক্রমণের গতি বাড়ার মধ্যেই পেনাল্টি পেয়ে যান আলেক্সিস ম্যাক আলিস্টার। তবে রেফারি বাঁশি বাজালেও পরে ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত বাতিল হয়।

সালাহর দল ঘরের মাঠে কোনো গোল করতে পারেনি
রয়টার্স

ম্যাচ যেভাবে গোলশূন্য সমতায় এগোচ্ছিল, তাতে পিএসজিই সেমিফাইনালের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে ৭২ মিনিটে লিভারপুলের ন্যুনতম প্রতিরোধের আশাও নিভিয়ে ফেলেন দেম্বেলে। খিচা কাভারাস্কেয়াইয়ার পাস ডি-বক্সের বাইরে পেয়ে সামনে একটু জায়গা বের করে নিখুঁত শট নেন তিনি, বল গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।

পরে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আরও বাড়ান দেম্বেলে। সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী এই ফরোয়ার্ড বার্কোলার পাস থেকে পাওয়া বলে নিচু শটে গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

শেষ চারে ওঠা পিএসজির সেমির প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের মধ্যকার জয়ী দল।

আরও পড়ুন