লিভারপুল ছেড়ে কোথায় যোগ দিতে পারেন সালাহ

লিভারপুল তারকা মোহাম্মদ সালাহএএফপি

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাহ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে?

জল্পনাকল্পনা এখনই শুরু হয়ে গেছে এ নিয়ে। কারণ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফ্রি এজেন্ট হিসেবে সালাহর অ্যানফিল্ড ছাড়ার ঘোষণায় একটি প্রসঙ্গ উঠতেই পারে—তবে কি পরবর্তী গন্তব্য আগেই ঠিক করে রেখেছেন মিসরের এই তারকা?

সালাহর দীর্ঘদিনের এজেন্ট রামি আব্বাস ইসা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি পরিষ্কার করেছেন। তাঁর পোস্ট, ‘মোহাম্মদ সালাহ আগামী মৌসুমে কোথায় খেলবেন, তা আমরা জানি না। এর অর্থ হলো কেউই এটা জানে না। দৃষ্টি আকর্ষণের জন্য যারা ভুয়া খবর ছড়াচ্ছে, তাদের থেকে সাবধান থাকুন।’

এখন পর্যন্ত বিষয়টি জানা না গেলেও আন্দাজ করতে তো দোষ নেই। সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ মনে করে, সৌদি আরবের ক্লাব থেকে ডাক পেতে পারেন সালাহ। কারণ হিসেবে সংবাদমাধ্যমটির যুক্তি, যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমারের মতো তারকারা ইউরোপে সেরা সময়টুকু নিংড়ে দিয়ে বয়স একটু বাড়ার পর সৌদির ক্লাব ফুটবলে যোগ দিয়েছেন, তাই সালাহও সে পথ অনুসরণ করতে পারেন। পারিশ্রমিকও সেখানে লোভনীয়। পাশাপাশি সালাহর সাবেক লিভারপুল সতীর্থ সাদিও মানে, জর্জিনিও ভাইনালডাম ও রবার্তো ফিরমিনোও খেলছেন সৌদির ক্লাব ফুটবলে।

সালাহ লিভারপুল ছেড়ে কোথায় যাবেন, তা এখনাে নিশ্চিত নয়
এএফপি

সালাহর প্রতি সৌদি ক্লাবের আগ্রহের অতীত উদাহরণও আছে। ২০২৩ সালে সালাহকে কিনতে লিভারপুলকে ১৫ কোটি পাউন্ডের প্রস্তাব দিয়েছিল সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ। কিন্তু তখন লিভারপুলের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়, সালাহ বিক্রির জন্য নয়।

এবার যেহেতু সালাহ ক্লাব ছাড়ছেন, তাই দুই পক্ষের মধ্যে যোগাযোগটা নতুন করে শুরু হতে পারে। ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্যের কারণে মিসরের এ তারকার জন্য আল ইত্তিহাদ হতে পারে চেনা জায়গা। তা ছাড়া বছরের পর বছর ধরে মিসরীয় খেলোয়াড়দের নিয়ে দারুণ সব সাফল্যের ইতিহাস রয়েছে ক্লাবটির।

আরও পড়ুন

সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালও হতে পারে সালাহর পরবর্তী গন্তব্য। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ২০২৪ সালে সালাহকে দলে টানার জোর চেষ্টা চালিয়েছিল আল হিলাল। যদিও শেষ পর্যন্ত সেই আলোচনা আর আলোর মুখ দেখেনি।

সালাহর আরেক সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। গত জানুয়ারিতে সালাহকে নিয়ে এমএলএসের কমিশনার ডন গারবার বলেছেন, ‘সালাহ যদি কখনো মেজর লিগ সকারে আসার সিদ্ধান্ত নেন, তবে আমরা তাঁকে দুহাত বাড়িয়ে স্বাগত জানাব। আমার মনে হয়, লিওনেল মেসি ও টমাস মুলারের সঙ্গে তাঁর কথা বলা উচিত। তাঁরা এখানে কতটা সুখে আছেন, কতটা সফল হয়েছেন এবং এই লিগকে তাঁরা কতটা আপন করে নিয়েছেন, তা সালাহ নিজেই তাঁদের কাছ থেকে জেনে নিতে পারেন।’

ইউরোপিয়ান ক্লাব ফুটবলেও থেকে যেতে পারেন সালাহ
এএফপি

এমএলএসের ক্লাব সান ডিয়েগো এফসি এ আলোচনায় উঠে আসতে পারে। ক্লাবটির মালিকানায় যে গ্রুপ, তাদের নেতৃত্বে রয়েছেন ব্রিটিশ-মিসরীয় বিলিয়নিয়ার মোহামদ মনসুর।

আরও পড়ুন

ইউরোপের অভিজাত ক্লাবগুলোও তাকাতে পারে সালাহর প্রতি। যদিও বয়স এবং চলতি মৌসুমে তাঁর পারফরম্যান্স এ বিষয়ে হালকা বাধা তৈরি করতে পারে। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে করেছেন মাত্র ১০ গোল। তবে ইতালিতে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানের মতো ক্লাবগুলো গত কয়েক বছরে প্রিমিয়ার লিগ থেকে খেলোয়াড় উড়িয়ে নেওয়ার যে সংস্কৃতি গড়ে তুলেছে, তাতে সালাহরও সেখানে যোগ দেওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে সালাহর বর্তমান বেতনের ধারেকাছে যাওয়া ইতালিয়ান ক্লাবগুলোর জন্য বেশ কঠিন। সর্বশেষ চুক্তি অনুযায়ী, লিভারপুলে সালাহর সাপ্তাহিক বেতন ৪ লাখ পাউন্ড। গত জানুয়ারিতে তুর্কি ক্লাব গালাতাসারাইও আগ্রহ দেখিয়েছিল সালাহর প্রতি।