ইউরোপের শীর্ষ পাঁচ লিগ: শিরোপা সমীকরণে কোন দল কোথায়
ইউরোপীয় ফুটবলের ক্যালেন্ডার এখন শেষের পাতায়। আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরছে ক্লাব ফুটবল, মাঝে চ্যাম্পিয়নস লিগের বিরতি বাদে বিরতিহীনভাবে চলবে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। মৌসুমের ক্লান্তি পেছনে ফেলে এখন কেবল গন্তব্যে পৌঁছানোর পালা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ—ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, বুন্দেসলিগা, সিরি আ এবং লিগ আঁ—কোন লিগে শিরোপা দৌড়ে কোন দল কোথায় দাঁড়িয়ে, সেটি দেখে নেওয়া যাক এক ঝলকে।
প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হাতে শিরোপা দেখছেন অনেকেই। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে মিকেল আরতেতার দল। আর্সেনাল অবশ্য সিটির চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। সিটি কম খেলা ম্যাচটিতে ৩ পয়েন্ট জিতলেও ব্যবধান ৬ থাকবে।
এ জায়গা থেকে আর্সেনালের শিরোপা হাতছাড়া হতে পারে দুটি বিষয় ঘটলে। মৌসুমের শেষ ৭ ম্যাচে গানারদের পয়েন্ট হারাতে হবে, একই সময়ে ম্যানচেস্টার সিটিকে প্রায় সব ম্যাচ জিততে হবে। আন্তর্জাতিক বিরতির আগে অবশ্য কারাবাও কাপের ফাইনালে সিটির কাছে হেরেছিল আর্সেনাল। চলতি মাসে প্রিমিয়ার লিগেও দুই দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। ১৯ এপ্রিলের সেই ম্যাচটি হবে সিটিরই মাঠে। ইতিহাদের সেই বাধা কোনোভাবে কাটিয়ে উঠে অন্য কোনো ম্যাচে পা না হড়কালেই আর্সেনালের শিরোপা জয় নিশ্চিত।
এই মুহূর্তে অপ্টার সুপারকম্পিউটার আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জেতার সম্ভাবনা ৯৭% বলে ভবিষ্যদ্বাণী করেছে।
লা লিগা
২৯ রাউন্ড শেষে শীর্ষে বার্সেলোনা, দুইয়ে রিয়াল মাদ্রিদ। ব্যবধান ৪ পয়েন্টের। অর্থাৎ শেষ ৯ রাউন্ডে ওলটপালট হওয়ার সম্ভাবনা আছে যথেষ্টই।
অপ্টার সুপার কম্পিউটার এখন পর্যন্ত বার্সেলোনাকেই এগিয়ে রাখছে। হান্সি ফ্লিকের দলের জয়ের ট্রফি জেতার সম্ভাবনা দেখছে ৭৩.২০, বিপরীতে রিয়ালের সম্ভাবনা ২৬.৮০। তবে শেষ ৯ ম্যাচের সূচি বলছে, বার্সার জন্য শীর্ষ স্থান ধরে রাখার কাজটি সহজ হবে না।
আন্তর্জাতিক বিরতির পর বার্সেলোনার প্রথম ম্যাচ আতলেতিকো মাদ্রিদের মাঠে, বর্তমানে যারা পয়েন্ট তালিকার তিনে আছে। আতলেতিকোর মাঠে সর্বশেষ সফরে ৪-০ গোলে হেরেছিল বার্সা। বার্সেলোনার পরের ম্যাচটি ঘরের মাঠে এস্পানিওলের বিপক্ষে, যা ‘কাতালান ডার্বি’ হিসেবে আলাদা চাপ তৈরি করে। এপ্রিলের শেষে আর মে মাসের শুরুতে বার্সেলোনা যাবে হেতাফে ও ওসাসুনার মাঠে, যে মাঠে কয়েক সপ্তাহ আগেই হেরেছে রিয়াল মাদ্রিদ।
তবে শিরোপা লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে ১০ মের এল ক্লাসিকো। এই ম্যাচে স্বাগতিক বার্সা। মাদ্রিদের লেগে জয় থাকায় ফ্লিকের দল থাকবেও উজ্জীবিত। সবচেয়ে বড় কথা, ৩৮ রাউন্ড শেষে দুই দলের পয়েন্ট সমান হলে গেলে শিরোপা-চূড়ান্তে প্রথম মানদণ্ড হবে মুখোমুখি লড়াইয়ের ফল, যেখানে এরই মধ্যে এগিয়ে বার্সেলোনা।
বুন্দেসলিগা
৩৪ রাউন্ডের লিগে ২৭ রাউন্ড শেষ। ৯ পয়েন্টে এগিয়ে থাকা স্পষ্টতই শিরোপার কাছাকাছি বায়ার্ন মিউনিখ। ডর্টমুন্ড সামনের ম্যাচগুলোয় পয়েন্ট হারালে ৩০তম রাউন্ডেই শিরোপা নিশ্চিত হতে পারে ভিনসেন্ট কোম্পানির দলের। আর ডর্টমুন্ড টানা তিন পয়েন্ট করে জিতলে বায়ার্নকে অপেক্ষা করতে হবে ৩২তম রাউন্ড পর্যন্ত।
ডর্টমুন্ডের শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় নাই বললে চলে। বুন্দেসলিগায় মৌসুমের এই পর্যায়ে ৯ পয়েন্টে পিছিয়ে থাকার পর কোনো দল শিরোপা জেতার রেকর্ড নেই।
সিরি আ
কিছুদিন আগেও প্রতিবেশী মিলানের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিল ইন্টার, আর নাপোলি পিছিয়ে ছিল আরও ৪ পয়েন্ট। কিন্তু মৌসুম যত শেষের দিকে গড়িয়েছে, ততই হোঁচট খেয়েছে সিরি আর টেবিলের শীর্ষে থাকা দলটি। ডার্বিতে হারের পর ইন্টার আরও দুটি ম্যাচে ড্র করায় এখন শিরোপা জয়ের স্বপ্ন দেখছে পেছনে থাকা দুই দল এসি মিলান ও নাপোলি।
তবে ইন্টারের ভরসা লিগের নিয়ন্ত্রণ এখনো তাদেরই হাতে। ৮ ম্যাচ বাকি থাকতে এসি মিলানের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা, টানা চার ম্যাচে জেতা নাপোলি পিছিয়ে ৭ পয়েন্টে। দুই দলের বিপক্ষেই আর কোনো ম্যাচ না থাকায় ইন্টার এখন নিজের মতো করে এগোতে পারে। বড় বাধা বলতে ১২ এপ্রিল কোমো আর রোমার বিপক্ষে ম্যাচ। কোমো এবং রোমা দুই দলই এখন চ্যাম্পিয়নস লিগ টিকিটের জন্য লড়ছে।
অবশ্য ইন্টারের জন্য ভিন্ন এক চ্যালেঞ্জ হয়ে আসতে পারে ইতালি জাতীয় দলের বিশ্বকাপে উঠতে না পারার ব্যর্থতাও। বসনিয়ার কাছে প্লে-অফ ফাইনালে হারের ম্যাচে টাইব্রেকার মিস করেছিলেন ইন্টার ডিফেন্ডার পিও এস্পোসিতো, লাল কার্ড দেখেছিলেন আলেহান্দ্রো বাস্তোনি।
লিগ আঁ
পাঁচ লিগের মধ্যে ফরাসি লিগেই শীর্ষ দুই দলের ব্যবধান সবচেয়ে কম। অবশ্য দ্বিতীয় স্থানে থাকা লাঁস এক ম্যাচ বেশি খেলেছে। ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট অর্জন করা লাঁস যদি শেষ দিকেও লড়াই চালিয়ে যেতে পারে, শিরোপা মীমাংসা হতে পারে ১৪ মে। সেদিন পিএসজি খেলতে যাবে তাদেরই মাঠে।