বিশ্বকাপের সবচেয়ে ছোট দেশের কোচ হলেন সবচেয়ে অভিজ্ঞ কোচ
সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে এরই মধ্যে রেকর্ড গড়ে ফেলেছে কুরাসাও। এবার এই দলের ডাগআউটে দাঁড়িয়ে বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন ডিক অ্যাডভোকাট। ৭৮ বছর বয়সী এই ডাচ কোচকে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের এক মাস আগে দায়িত্ব দিয়েছে কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে)।
অ্যাডভোকাটের কুরাসাও কোচ হওয়া অবশ্য নতুন নয়। গত বছর তাঁর অধীনে খেলেই বিশ্বকাপের টিকিট কেটেছিল ১ লাখ ৮৫ হাজার জনসংখ্যার কুরাসাও। এ বছরের শুরুতে মেয়ের অসুস্থতার কারণে তিনি দলটির দায়িত্ব ছেড়ে দেন।
ফেব্রুয়ারিতে কুরাসাওয়ের কোচ হয়েছিলেন ফ্রেড রুটেন। তবে ৬৩ বছর বয়সী এই ডাচ কোচের অধীনে দলে অস্থিরতা তৈরি হয়েছিল বলে গুঞ্জন। রোববার এফএফকে জানায়, ‘গঠনমূলক আলোচনার’ মাধ্যমে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রুটেন। পরে ফেডারেশনের প্রেসিডেন্ট গিলবার্ট মার্টিনা ইএসপিএনকে বলেন, ‘যে কোনো দলেই পরিবর্তন হলে একধরনের মতভিন্নতা তৈরি হয়। ডিকের কোচিং স্টাইল ছিল একরকম, রুটেনের সম্পূর্ণ ভিন্ন।’
রুটেনর অধীনে মার্চে দুটি ম্যাচ খেলে কুরাসাও, হারে দুটিতেই। অস্ট্রেলিয়ার কাছে ৫-১ গোলে, চীনের কাছে ২-০ ব্যবধানে। ধারণা করা হচ্ছে, অ্যাডভোকাটকে ফেরানোর জন্যই রুটেনকে সরিয়ে দেওয়া হয়েছে।
১৯৮০ সালে পেশাদার কোচিংয়ে পা রাখা অ্যাডভোকাট ২০২৪ সালে প্রথম কুরাসাওয়ের দায়িত্ব নেন। এটি ছিল তাঁর ২৮ নম্বর চাকরি। অ্যাডভোকাট এর আগে ১৯৯৪ বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং ২০০৬ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার কোচ ছিলেন।
জাতীয় দল পর্যায়ে কোচিং করিয়েছেন বেলজিয়াম, সার্বিয়া, রাশিয়া, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতকেও। আর ক্লাব পর্যায়ে কাজ করেছেন পিএসভি, ফেনেরবাচে, মনশেনগ্লাডবাখ, ফেইনুর্ডের মতো ক্লাবে।
নেদারল্যান্ডসের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অ্যাডভোকাটের মেয়ের শারীরিক অবস্থার উন্নতি ঘটায় তিনি আবার কোচিংয়ে ফিরেছেন। কুরাসাও ফুটবল ফেডারেশনের প্রধান জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে স্কটল্যান্ডে একটি প্রীতি ম্যাচ খেলতে যাবে কুরাসাও।
বিশ্বকাপে দলটি খেলবে ‘ই’ গ্রুপে জার্মানি, ইকুয়েডর ও আইভরিকোস্টের বিপক্ষে। আগামী ১৪ জুন প্রথম ম্যাচের প্রতিপক্ষ জার্মানি।