এমবাপ্পের চোট ছিল বাঁ পায়ে, রিয়াল পরীক্ষা করেছে ডান পা

প্রীতি ম্যাচে খেলতে জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থান করছেন কিলিয়ান এমবাপ্পেএএফপি

কিলিয়ান এমবাপ্পের হাঁটুর চোট নিয়ে বড় ধরনের ভুল করেছে রিয়াল মাদ্রিদ মেডিক্যাল টিম। গত ডিসেম্বরে এমবাপ্পে পায়ে চোট পাওয়ার পর ভুলবশত তাঁর অন্য পায়ে এমআরআই করানো হয়।

এমবাপ্পের ডান হাঁটুতে স্ক্যান করে কোনো সমস্যা পায়নি রিয়ালের মেডিক্যাল টিম। ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড এরপর রিয়ালের হয়ে তিনটি ম্যাচ খেলেন। পরে নিজেদের ভুল বুঝতে পেরে তা সংশোধন করে রিয়াল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমবাপ্পের চোট ছিল বাঁ পায়ে, কিন্তু পরীক্ষা করা হয় সুস্থ ডান পা।

ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র ‘দ্য অ্যাথলেটিক’কে জানিয়েছে, ভুলভাবে এমআরআই করার পরও খেলা চালিয়ে যান এমবাপ্পে। অথচ সে সময় তাঁর চোট পাওয়া বাঁ হাঁটুতে স্পষ্ট প্রদাহ বা ফোলা ভাব ছিল। যেহেতু এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই, তাই সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।

পরে বাঁ পায়ে আবার পরীক্ষা করা হলে হাঁটুর পেছনে লিগামেন্ট আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। রিয়াল সেই রিপোর্টের ওপর ভিত্তি করে গত ৩১ ডিসেম্বর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে। তবে ক্লাব কর্তৃপক্ষ চোটের গভীরতা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে একে সাধারণ ‘মচকানো’ বলেছিল।

চোট নিয়েও রিয়ালের হয়ে একাধিক ম্যাচ খেলেন এমবাপ্পে
এএফপি

রিয়াল শুরুতে এই ভুল কীভাবে করল, তা এখনো পরিষ্কার নয়। এ ঘটনার বিষয়ে জানতে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ও এমবাপ্পের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পায়নি সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’।

গত ৭ ডিসেম্বর লা লিগায় সেল্‌তা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হারে রিয়াল। সে ম্যাচে প্রথম এমবাপ্পের হাঁটুতে সমস্যার লক্ষণ দেখা দেয়। ভুল এমআরআই রিপোর্টের পর বছরের শেষ তিনটি ম্যাচেই এমবাপ্পে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। এই ম্যাচগুলোতেই এক পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ডে ভাগ বসান এমবাপ্পে।

আরও পড়ুন

গত ৩০ ডিসেম্বর বড়দিনের ছুটি কাটিয়ে রিয়ালের অনুশীলনে ফেরার পর এমবাপ্পে তাঁর বাঁ হাঁটু নিয়ে মেডিক্যাল স্টাফদের সঙ্গে কথা বলেন। এর ঠিক এক দিন পরই রিয়াল জানায়, এমবাপ্পের হাঁটু মচকে গেছে। এরপর রিয়ালের পরবর্তী ১০ ম্যাচের মধ্যে ৮টিতেই মাঠে নামেন এমবাপ্পে। গত ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এ সময়ে তিনি ৯ গোল করেন।

এমবাপ্পের প্যারিস সফর থেকে ফেরার পর রিয়াল আরেকটি মেডিক্যাল আপডেট প্রকাশ করে। তাতে গত ৩১ ডিসেম্বর প্রকাশ করা প্রতিবেদনই বহাল রাখা হয়। ক্লাবটি জানায়, এমবাপ্পের সেরে ওঠার জন্য ‘কনজারভেটিভ’ বা রক্ষণশীল চিকিৎসাপদ্ধতিই অনুসরণ করা হবে।

হাঁটুর চোট পেছনে ফেলে ফ্রান্সের হয়ে প্রীতি ম্যাচে খেলবেন এমবাপ্পে
এমবাপ্পের ইনস্টাগ্রাম হ্যান্ডল

রিয়ালের অনুশীলনকেন্দ্রে কর্মরত একজন গত ফেব্রুয়ারিতে ‘দ্য অ্যাথলেটিক’কে জানিয়েছেন, এমবাপ্পে মাঝেমধ্যে সুস্থ বোধ করতেন, আবার কখনো তীব্র ব্যথায় ভুগতেন। মূলত এ কারণেই চোট পাওয়ার পর থেকে তাঁকে বেশ কিছু ম্যাচে মাঠে দেখা গেছে।

চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে মাঠে ফেরেন এমবাপ্পে। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে ২১ মিনিট খেলেন তিনি। বর্তমানে ফিফা আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন এমবাপ্পে। সেখানে বাংলাদেশ সময় আগামী ২৬ মার্চ রাতে প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এরপর ২৯ মার্চ রাতে কলম্বিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে দিদিয়ের দেশমের দল।

আরও পড়ুন

চলতি মৌসুমে রিয়ালের হয়ে ৩৪ ম্যাচে ৩৮ গোল করা এমবাপ্পে নিজের চোট প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, ‘সব এখন পেছনে ফেলে এসেছি। আমি নিজেকে এমন এক নিয়মের মধ্যে রেখেছিলাম, যাতে ধীরে ধীরে ফিরতে পারি, খেলার জন্য ক্ষুধার্ত ছিলাম। আশা করছি, আন্তর্জাতিক বিরতিতে দেশের হয়ে অবদান রাখতে পারব।’

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ নিয়েও রোমাঞ্চিত এমবাপ্পে। বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি রিয়ালে এমবাপ্পের প্রথম মৌসুমে তাঁর কোচ ছিলেন। এই ম্যাচ নিয়ে এমবাপ্পে বলেন, ‘পাঁচবারের বিশ্বজয়ীদের বিপক্ষে খেলাটা অবিশ্বাস্য। তারা বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে, তাই নিজেদের যাচাই করার এটা ভালো সুযোগ...বিশ্বকাপের প্রস্তুতির একটি ধাপ হিসেবেই এই সফরকে দেখছি।’

আরও পড়ুন