চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন ভালভের্দে

চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক ফেদেরিকো ভালভের্দেরয়টার্স

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদের কাছে হারের হতাশা তো আছেই। সঙ্গে রেফারির বিতর্কিত সব সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের আগুনও বইছে রিয়াল মাদ্রিদের। এর সঙ্গে এবার যুক্ত হলো একটা দুঃসংবাদও। অ‍্যাঙ্কেলে গুরুতর চোট পেয়েছেন ফেদে ভালভের্দে, সপ্তাহ তিনেকের মতো বাইরে কাটাতে হবে রিয়াল মাদ্রিদ অধিনায়ককে।

ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে মাঝমাঠ দিয়ে বল নিয়ে উঠছিলেন ভালভের্দে। ঠিক তখনই বল কাড়তে গিয়ে উরুগুইয়ান এই মিডফিল্ডারকে ট্যাকল করেন আতলেতিকোর লি কাং-ইন। রিয়াল মাদ্রিদের দাবি ছিল, চ্যালেঞ্জটি ছিল সরাসরি লাল কার্ড পাওয়ার যোগ্য। কিন্তু রেফারি দেননি।

ম্যাচ শেষে জানা গেছে, কাং-ইনের সেই বিপজ্জনক ট্যাকলে ভালভের্দের অ্যাঙ্কেল মচকে গেছে। ছিটকে যেতে হতে পারেন বেশ কয়েক সপ্তাহের জন্য।

স্প্যানিশ সংবাদমাধ্যম কোপে জানিয়েছে, ভালভের্দের অ্যাঙ্কেলের ফোলা ভাব এখনো কমেনি। ফোলা কমলে আগামীকাল তাঁর আরও কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে। তখনই চোটের প্রকৃত গভীরতা সম্পর্কে নিশ্চিত ধারণা পাবে রিয়াল মাদ্রিদ। প্রাথমিক ধারণায় বলা হচ্ছে, মাঠের বাইরে থাকতে হতে পারে অন্তত দুই থেকে তিন সপ্তাহ।

ফেদে ভালভের্দে
ছবি: রয়টার্স

রিয়ালের জন্য এটি নিশ্চিতভাবেই বড় এক ধাক্কা। মাঝমাঠে এমনিতে তারা স্বস্তিতে নেই, ভঙ্গুর দশা সামলাতে হিমশিম খাচ্ছেন কোচ জোসে মরিনিও। তাঁর কৌশলে যেসব ফুটবলার নিজের সেরাটা দিতে পারছিলেন, তাঁদের অন্যতম উরুগুয়ের এই তারকা।

আরও পড়ুন

তবে রিয়ালের ভাগ্য কিছুটা ভালো বলা চলে। সামনেই আন্তর্জাতিক ম্যাচের দীর্ঘ বিরতি। এই বিরতি সময়টা ভালভের্দেকে কিছুটা বাড়তি সুবিধা দেবে, গুরুত্বপূর্ণ ক্লাব ম্যাচ মিস করা নিয়ে খুব একটা শঙ্কা নেই তাঁর। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে যখন ক্লাব ফুটবল আবার মাঠে গড়াবে, তত দিনে তাঁর সুস্থ হয়ে ওঠার যথেষ্ট সুযোগ থাকছে।

আরও পড়ুন