এক সংবাদ সম্মেলনে ৪টি ভাষা, কতটি ভাষা জানেন আনচেলত্তি
প্রশ্নটা আপনার মনে উঠতেই পারে। আসলে উঠতে পারে কী, ওঠাই উচিত! ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি মোট কতটি ভাষা জানেন? যেভাবে মরক্কো ম্যাচের আগে সংবাদ সম্মেলনে একে একে চারটি ভাষায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, তাতে এমন প্রশ্ন মনে আসাই স্বাভাবিক।
ব্রাজিল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলবে রোববার ভোর চারটায়, মরক্কোর বিপক্ষে। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া শুরু করেছেন পর্তুগিজ ভাষায়। এরপর স্প্যানিশ, ইংরেজি ও ফরাসিতে জবাব দিয়ে আবার পর্তুগিজ ব্যবহার করেছেন।
আনচেলত্তি প্রয়োজনেই চারটি ভাষা ব্যবহার করেছেন। এই যেমন নেইমারকে নিয়ে করা বিদেশি এক সাংবাদিকের প্রশ্নে আনচেলত্তি পর্তুগিজে জবাব দেননি। এ ছাড়া ফরাসি ব্যবহার করেছেন মরক্কোর জন্য।
মূল প্রসঙ্গে ফেরা যাক। আনচেলত্তি কতটি ভাষা জানেন? নাহ, তিনি আর চমকে দিতে পারেননি। এই চারটি ভাষাই তিনি জানেন। এক সাক্ষাৎকারে আনচেলত্তিকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কতটি ভাষা জানেন?
সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমি মোটামুটি ভালো ইংরেজি বলতে পারি। ইতালিয়ান খুব ভালো বলি। স্প্যানিশ ও ফরাসিটাও ভালো বলি। তবে জার্মানটা অনেক কঠিন। ওদের ব্যাকরণ অনেক ভিন্ন। ফরাসি ও স্প্যানিশ সহজ। কারণ, এই দুই ভাষার ব্যাকরণ একই।’
জার্মানি শিখতে আনচেলত্তি লড়াইও করেছেন অনেক। প্রতিদিনই জার্মানি ভাষা নিয়ে পড়াশোনার সঙ্গে সপ্তাহে দুই দিন ক্লাস করেছেন। বায়ার্ন মিউনিখের কোচ থাকাকালীন একটা সময়ে ভাঙা ভাঙা জার্মানও বলেছেন।