চোটের পর চোটে মেজাজ চড়ল জাভির

জাভি হতাশা গোপন রাখেননিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাভি হার্নান্দেজ খুশিই হয়েছেন। আন্তর্জাতিক ফুটবলের বিরতি যে শেষ, মাঠে ফিরছে ক্লাব ফুটবল। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে বার্সেলোনার চার ফুটবলার রোনালদ আরাউহো, জুলস কুন্দে, মেম্ফিস ডিপাই ও ফ্রেঙ্কি ডি ইয়ং চোটে পড়েছেন। ক্লাব ফুটবলের বিরতি আরও লম্বা হলে, খেলোয়াড়দের চোট নিয়ে বার্সার দুশ্চিন্তাও হয়তো আরও বাড়ত।

উরুগুয়ের জার্সিতে ইরানের বিপক্ষে প্রীতি ম্যাচে চোটে পড়েন সেন্টারব্যাক রোনালদ আরাউহো। তাঁকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার সপ্তাহ। চলতি মৌসুমেই বার্সায় যোগ দেওয়া জুলস কুন্দেও ছিটকে গেছেন তিন থেকে চার সপ্তাহের জন্য। অস্ট্রিয়ার বিপক্ষে চোটে পড়েন ফ্রান্সের এই ফুটবলার।

কয়েক মৌসুম ধরেই বার্সার চিন্তার জায়গা ছিল রক্ষণভাগ। এ মৌসুমে সেই রক্ষণভাগ সামলানোর দায়িত্ব ছিল আরাউহো ও কুন্দের ওপর, যা ঠিকঠাকভাবে করছিলেনও তাঁরা। তাই এত দিনের জন্য তাঁরা মাঠের বাইরে ছিটকে যাওয়ায় জাভির কপালে চিন্তার ভাঁজ। এ ছাড়া হ্যামস্ট্রিং চোটে পড়েছেন দুই ডাচ ফুটবলার মেম্ফিস ডিপাই ও ফ্রেঙ্কি ডি ইয়ং।

চোটের কারণে মাঠের বাইরে জুলস কুন্দে
ছবি: রয়টার্স
আরও পড়ুন

আন্তর্জাতিক বিরতি শেষে বার্সার প্রথম ম্যাচ রিয়াল মায়োর্কার বিপক্ষে। এই ম্যাচে কুন্দের জায়গায় জাভির পরিকল্পনায় ছিলেন হেক্টর বেয়েরিন। কিন্তু চোটে পড়েছেন এই ফুটবলারও। তাই জাভির কপালে চিন্তার ভাঁজ বেড়েছে আরও। সে জন্যই বোধ হয় লিগ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অনেকটা ক্ষোভ ঝাড়লেন বার্সা কোচ, ‘চোটগুলো আসলেই হতাশার। এমন বিরতিতে ম্যাচ খেলার জন্য সচেতনতা দরকার, ক্লাব ও জাতীয় দলের যোগাযোগটাও বাড়ানো দরকার। আসলে চোটগুলোর পেছনে একটা কারণ দায়ী নয়, এর পেছনে অনেক কারণই আছে।’

আরও পড়ুন

শতভাগ ফিট না হলেও রিয়াল মায়োর্কার সঙ্গে ম্যাচে দেখা যেতে পারে সের্হিও রবার্তোকে। যদিও শুধু মায়োর্কার সঙ্গে ম্যাচ নয়, জাভিকে ভাবতে হচ্ছে বিশ্বকাপের আগে বার্সার ঠাসা সূচি নিয়ে। নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার খেলতে হবে ১২টি ম্যাচ। সেখানে মৌসুমের শুরুর ছন্দ ধরে রাখতে পারলেই হয়।