রোনালদোকে ইউনাইটেড, ‘তুমি কোথাও যাচ্ছ না’
এরিক টেন হাগ—ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ সেই শুরু থেকেই বলে আসছেন, ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় খুব ভালোভাবেই আছেন। এরপরও পর্তুগিজ ফরোয়ার্ডের মন গলছে না। ওল্ড ট্রাফোর্ডে আর থাকতেই চান না রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডও তাদের জায়গা থেকে এক চুলও নড়তে রাজি নয়। কাল রোনালদোর সঙ্গে আলোচনা শেষে জানিয়ে দিয়েছে, ‘তুমি কোথাও যাচ্ছ না!’
ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটনেই রোনালদোকে নিয়ে কাল আলোচনায় বসেছিলেন ক্লাবটির কর্মকর্তারা। সেই আলোচনায় তাঁরা ডেকে এনেছিলেন ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনকে; রোনালদোর সাবেক গুরু যদি তাঁকে বুঝিয়ে ওল্ড ট্রাফোর্ডে রাখতে পারেন! আলোচনার টেবিলে ফার্গুসনের সঙ্গে ছিলেন ইউনাইটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড আরনল্ডও।
তবে রোনালদোর সঙ্গে মূল আলোচনাটা ফার্গুসন, নাকি আরনল্ড করেছেন, এটা জানায়নি ইউনাইটেড। তবে প্রথম দিনের আলোচনা শেষে তারা জানিয়ে দিয়েছে, রোনালদো বিক্রির জন্য নয়। রোনালদোকেও বুঝিয়ে দেওয়া হয়েছে, তাঁকে ছাড়া হচ্ছে না।
ক্যারিংটনে কাল হঠাৎই তোলপাড়। একই গাড়িতে রোনালদো আর তাঁর জর্জে মেন্দেসকে আসতে দেখে সাংবাদিকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সময় সকাল ১০টায় ক্যারিংটনে যান রোনালদো আর মেন্দেস। এর আধা ঘণ্টা পর সেখানে যান ফার্গুসন।
২০০৩ সালে স্পোর্তিং লিসবন থেকে রোনালদোকে ইউনাইটেডে এনেছিলেন ফার্গুসন। এরপর রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস অভিযান শেষে রোনালদোকে আবার ঘরে ফেরাতেও ভূমিকা রাখেন কোচিং থেকে অবসরে চলে যাওয়া স্কটিশ এই কোচ।
এবার কি শেষ পর্যন্ত রোনালদোকে ওল্ড ট্রাফোর্ডে ধরে রাখতে পারবেন ফার্গুসন? দলের প্রাক্-মৌসুম প্রস্তুতির কোনো ম্যাচ খেলেননি রোনালদো। এখন পর্যন্ত তিনি অনুশীলনেও যোগ দেননি।