এ মৌসুমে আর্সেনালের ঘরে শিরোপা দেখছেন আর্সেন ওয়েঙ্গার
আর্সেনাল শেষবার শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গিয়েছে, আর্সেনাল ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে। এর আগের দুই মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে।
তবে এবার আর ওই রকম গল্প যে এমিরেটসের ক্লাবটি লিখতে চায় না, সেটা গ্রীষ্মকালীন দলবদলেই ইঙ্গিত দিয়েছে। গ্রীষ্মকালীন দলবদলে গ্যাব্রিয়েল জেসুস, ওলেক্সান্দার জিনচেঙ্কোসহ বেশ কয়েকটি ভালো চুক্তি করে প্রস্তুতিটা আগেই নিয়ে রেখেছিল আর্সেনাল। মৌসুম শুরুর দিকের পারফরম্যান্সও দিচ্ছে ভাগ্যবদলের ইঙ্গিত। তাই সাধারণ সমর্থকের মতো এবার শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন দেখছেন শেষবার আর্সেনালকে যিনি শিরোপা জিতিয়েছিলেন, ফরাসি সেই কোচ আর্সেন ওয়েঙ্গারও।
স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবের এই কিংবদন্তি কোচ জানিয়েছেন, এ মৌসুমেই শিরোপা ফিরতে পারে আর্সেনালের ঘরে, ‘আমার মনে হয়, এ মৌসুমে আর্সেনালের ভালো সম্ভাবনা আছে। কারণ, এখন পর্যন্ত ওইভাবে দাপুটে কোনো দল দেখছি না। আমার বিশ্বাস, এ মৌসুমে তাদের ভালো একটা সুযোগ আছে।’
এবারের মৌসুম শুরু হয়েছে বেশি দিন হয়নি। প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে আর্সেনাল। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মিকেল আরতেতার দল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট ম্যানচেস্টার সিটি ও টটেনহামের। দল দুটি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে।
বোঝাই যাচ্ছে, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে জেসুসদের। এ ছাড়া এ বছরেই আছে বিশ্বকাপ, যার জন্য অনেক হিসাব-নিকাশই পাল্টে যেতে পারে। কারণ, বিশ্বকাপের মতো বড় আসরে ফুটবলারদের চোটের শঙ্কা, ছন্দ ও গতি হারানোর শঙ্কা তো থেকেই যায়।
ওয়েঙ্গারও মনে করেন, এবারের শিরোপার দৌড়ে প্রভাব ফেলবে বিশ্বকাপ, ‘অবশ্যই এ মৌসুম আর পাঁচটা মৌসুমের মতো নয়। কারণ, মাঝপথে বিশ্বকাপ আছে। কেউ জানে না, বিশ্বকাপ ফুটবলারদের ব্যক্তিগত পারফরম্যান্সে ও ক্লাবে কতটা প্রভাব ফেলবে। তবে তারপরও আমি মনে করি, এবার তাদের (আর্সেনাল) লিগ জয়ের ভালো সুযোগ আছে।’