ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল
সিঙ্গাপুর ০-৭ ব্রাজিল
রায়ান ৬৫ মিনিটে ব্রাজিলের ছয় নম্বর গোলটি করার পর ক্যামেরায় ধরা পড়লেন কার্লো আনচেলত্তি। ভিআইপি বক্সে বসে চোখে সেই ভ্রকুটি রেখে হাত নেড়ে কিছু একটা বলছিলেন। দেখে মনে হলো না খুব একটা সন্তুষ্ট। কী আজব চাকরি! দল ছয় গোল করলেও উচ্ছ্বাস প্রকাশ করাটা ঝুঁকিপূর্ণ। এমনিতেই ব্রাজিলে কেউ কেউ তাঁর মুণ্ডুপাত করছেন।
৭৪ মিনিটে আরও একটি গোল হলো। সেটি প্রীতি ম্যাচ বলে সিঙ্গাপুরের ‘বিশেষ’ অতিথিসেবা, অর্থাৎ আত্মঘাতী। নিজেদের জাতীয় স্টেডিয়ামে এশিয়ার দেশটি অনুচ্চারে যেন বুঝিয়ে দিল, শুধু ‘সেভেন আপ’ খেলে হবে না, খাওয়াতেও হবে।
আগের ম্যাচে দুটি লাল কার্ড দেখা ব্রাজিলও যেন ভদ্রতা দেখিয়ে না করতে পারল না। তাতে কিছুটা পুনরাবৃত্তি ঘটে ১২ বছর আগের বিশ্কাপ সেমিফাইনাল ম্যাচের শেষ দিকের দৃশ্য। সেই ম্যাচে ব্রাজিলের জালে ৭ গোলের পর জার্মানি আর গোলের চেষ্টা করেনি। সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিল একেবারেই যে গোলের চেষ্টা করেনি, তা নয়। চাইলে আরও গোল দিতে পারত। সেটা না হওয়ায় বাধ্য হয়েই ফুটবলের ভাষায় বলতে হয়, গোল মিস করেছেন।
সিঙ্গাপুর অবশ্য মিস করার সুযোগও বের করতে পারেনি। তাতে ‘মিনেরাইজ্জো ট্র্যাজেডি’র মতো হুবুহ কিছু একটা প্রতিপক্ষকে ফিরিয়ে দিতে না পারার দুঃখ পেতে পারে ব্রাজিল। এশিয়ার দেশটিকে ৭-০ গোলে হারিয়ে ব্রাজিলের বছর শেষ করার এ ম্যাচে প্রাপ্তি একটাই। জাতীয় দলের হয়ে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন ভিনিসিয়ুস। দুই ম্যাচে মোট ৫ গোল করা ভিনিকে ফিরে পাওয়া নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের একমাত্র প্রাপ্তিও।
ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৮তম (ম্যাচের আগে) সিঙ্গাপুরের বিপক্ষে এমন কিছু যে ঘটতে পারে সেটা অনুমান করা গিয়েছিল। গত শনিবার এ মাঠেই প্রথম প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলের হারে ব্রাজিলের তেতে থাকার কথা। সিঙ্গাপুরের দূভার্গ্য যে,ভিনিদের রাগ মেটানোর মাধ্যম হলো তাঁরা।
অবশ্য ব্রাজিলের সমর্থকদের কেউ কেউ সিঙ্গাপুরের পাশে দাঁড়াতে পারেন অন্য এক কারণে। ফিফা র্যাঙ্কিং বিচারে গত ২৮ বছরের মধ্যে কখনো এত দুর্বল দলের বিপক্ষে খেলেনি ব্রাজিল। ১৯৯৮ সালে খেলেছিল সে সময় র্যাঙ্কিংয়ে ১৮৫তম অ্যান্ডোরার বিপক্ষে। তাই প্রায় তিন দশকের মধ্যে মুখোমুখি হওয়া সবচেয়ে দুর্বল দলের বিপক্ষে ২১ মিনিটের ভিনির হ্যাটট্রিক ও প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পর কি আর গোল করার দরকার ছিল?
সেই প্রশ্ন কিন্তু উঠতে পারে। ওহ, ভালো কথা, প্রথমার্ধে এস্তোভাও ও রায়ানের গোল বাতিল হয়। অর্থাৎ, ওই অর্ধে ছয়বার বল জালে পাঠিয়েছে ব্রাজিল। তবু সাধ না মেটার কারণ সম্ভবত, সর্বশেষ ম্যাচে হার এবং বড় দলের বিপক্ষে ধারাবাহিক হতে না পারার জমে থাকা ক্ষোভ। কিন্তু শিষ্যরা সেটা সিঙ্গাপুরের মতো দলের বিপক্ষে মেটানোতেই কি আনচেলত্তির মুখে হাসি ফোটেনি?
মোটেই তা নয়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ব্রাজিলের মতো দেখানোর একটা তাড়না তো ছিলই। হোক না বেশ দুর্বল দলের বিপক্ষে, স্কোরলাইন অন্তত আনচেলত্তির দলের শক্তিটা বোঝায়। আর একাদশও নিয়মিত ছিল না, সাতটি পরিবর্তন নিয়ে নামা দল। প্রশ্ন হলো, তাতে ব্রাজিলে রোমারিওদের মুখ কিছুক্ষণের জন্য বন্ধ হলেও সেটা কতক্ষণ?
৯, ১৫ ও ২১ মিনিটে তিন গোলে ভিনিকে খুব বেশি কিছু করতে হয়নি। বাঁ প্রান্ত থেকে প্রতিবারই প্রায় বিনা বাধায় বক্সে ঢুকেছেন। গোলগুলো পেয়েছেন সিঙ্গাপুরের রক্ষণের সাধারণ সব ভুল ও দুর্বলতায়। বক্সে এনদ্রিক-ভিনির বোঝাপড়া নজর কাড়তে পারে কারও কারও। এস্তেভাও মেরেছেন পোস্টে। তবে ৩১ মিনিটে সিঙ্গাপুর গোলকিপারের ডাইভ দেওয়া হাত ও পোস্টের মাঝ দিয়ে নিখুঁত শটে এনদ্রিকের করা গোলটি অসাধারণ।
পরের অর্ধে এস্তেভাও ও রায়ানের গোল দুটিতেও সিঙ্গাপুর রক্ষণের দুর্বলতা চোখে পড়ার মতো। বক্সের ভেতর থেকে কোনো বাধা ছাড়াই শট নিয়েছেন রায়ান ও এস্তেভাও। বক্সের ভেতরে ও বাইরে একই দৃশ্য আরও অনেকবার অনূদিত হয়েছে, শুধু গোলটাই হয়নি। ৭৪ মিনিটে ভুল পোস্টে গোল করেন সিঙ্গাপুরের রাওউল সোহাইমি।
বোর্নমাউথ ফরোয়ার্ড রায়ানকে মিডফিল্ডে খেলিয়ে পরীক্ষা-নিরীক্ষার চমক দেখান আনচেলত্তি। ভিনিকে বল পেতে সাহায্য করতে খেলান বাঁ প্রান্তের মিডফিল্ডে। পোস্টে অভিষেক হয় লুকাস পেরির। গোটা ম্যাচে মাত্র একটি ছোটখাটো সেভ করায় বেশ আলসে এবং আরামদায়ক অভিষেকই হলো তোরিনো গোলকিপারের। তবে বছরের শেষ ম্যাচটি খেলার পর আনচেলত্তি সম্ভবত আর পরীক্ষা-নিরীক্ষা করবেন না। ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে এই ম্যাচ দিয়েই যে দল নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষা শেষ হবে, তা জানিয়েছেন আগেই।
অর্থাৎ, আনচেলত্তি যে দলটি বানাতে চান তাঁর মূল কাঠামো তৈরির সময় শেষ হলো। তা, আদর্শ কাঠামো কি পাওয়া গেল? ২০২৬ বিশ্বকাপ থেকে স্কোরলাইন কিন্তু বলছে, ব্রাজিল দলটি ধীরে ধীরে ‘শক্তের ভক্ত নরমের যম’ হয়ে উঠছে! একটু শক্তিশালি কিংবা কেউ শক্ত হয়ে ঘুরে দাঁড়ালেই পারছে না। দুর্বল হলে ঠিক উল্টোটা। সিঙ্গাপুরের সঙ্গে আজ প্রথম সাক্ষাৎকেই তাঁরা যেভাবে স্মরণীয় করে রাখল!
বিশ্বকাপে মরক্কোর সঙ্গে ড্র ম্যাচ থেকে চোখ রাখলে দেখা যায়, হাইতি ও স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে তিন গোল করেছে ব্রাজিল। কিন্তু জাপানের সঙ্গে জিততে হয়েছে কষ্ট করে, হারতে হয় নরওয়ের বিপক্ষে। তারপর প্রথম আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার সঙ্গে এক ম্যাচে ড্র এবং অন্য ম্যাচে চার গোল করলেও হজম করেছে দুটি। কিন্তু তখন ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮তম ভারতকে পেয়ে গোল করেছে চারটি।
এবার প্রথম প্রীতি ম্যাচে জাপান শেষ মুহূর্তেও হাল না ছাড়ায় হারতে হয় ব্রাজিলকে। এইসব অধারাবাহিকতার জাল ফুঁড়ে বেরিয়ে আসতে মরিয়া ব্রাজিলের সামনে আসলে সিঙ্গাপুরের দাঁড়ানোর কথা না। দলটির কোচ গ্যাভিন লি’কে সম্ভবত এ কারণেই ৭ গোল খেয়েও এতটুকু বিচলিত হতে দেখা গেল না। রাফিনিয়ার সঙ্গে আগের ম্যাচে লাল কার্ড দেখায় ব্রাজিলের ডাগআউটে দাঁড়াতে না পারা আনচেলত্তির মুখের রেখাচিত্রে তখন অন্য ছবি। সেটা কি ‘সেভেন আপ’ হাতে নিয়েও ভালোভাবে বছরটা শেষ করতে না পারার অতৃপ্তি?